ঢাকার দুই সংযোগ সড়কে শ্রমিকদের অবরোধ, ভোগান্তিতে যাত্রীরা

নারায়ণগঞ্জে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোড এবং সাভারের হেমায়েতপুরে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করেছেন পোশাকশ্রমিকেরা। মঙ্গলবার বিকেলে দুই সড়কে শ্রমিকদের অবরোধের কারণে যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে সড়ক দুটির উভয় পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার (৩ নভেম্বর) বিকেল ৩টার দিকে নারায়ণগঞ্জের ফতুল্লার কাঠেরপুল এলাকার বিভিন্ন কারখানা থেকে বেরিয়ে শ্রমিকেরা শিবু মার্কেট এলাকায় সড়ক অবরোধ করেন। এতে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডে যান চলাচল বন্ধ হয়ে যায়।
অন্যদিকে বিকেল সাড়ে ৩টার দিকে সাভারের হেমায়েতপুর বাসস্ট্যান্ড এলাকায় বিভিন্ন পোশাক কারখানার কয়েক হাজার শ্রমিক জড়ো হন। পরে তারা তিন দফা দাবিতে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন। এতে মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।
এর আগে, সকালে আশুলিয়ার বিভিন্ন কারখানার শ্রমিকদের সঙ্গে পুলিশের দফায় দফায় ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলেও শ্রমিকদের সরিয়ে দিতে বলপ্রয়োগ করেনি। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ঘটনাস্থলে বিপুলসংখ্যক পুলিশ ও বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্য মোতায়েন করা হয়েছে বলে জানা গেছে।
সাভার-আশুলিয়া শিল্প পুলিশ-১-এর পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ মোমিনুল ইসলাম ভূঁইয়া সাংবাদিকদের জানান, তার আওতাধীন আট শতাধিক কারখানার মধ্যে শতাধিক বন্ধ রয়েছে। নরসিংহপুর, নিশ্চিন্তপুর ও জিরাবো এলাকার কিছু কারখানা ছাড়া সাভারের অন্যান্য এলাকার অধিকাংশ কারখানায় কাজ চলছে। কিছু কারখানায় সাময়িকভাবে উৎপাদন বন্ধ রয়েছে।
সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত হেমায়েতপুরে ঢাকা-আরিচা মহাসড়কে শ্রমিকদের অবরোধ চলছিল। এর আগে সোমবারও পোশাকশ্রমিকেরা ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোড অবরোধ করেছিলেন।
source: Asia Post







