ফায়ার সার্ভিসে ছুটি বাতিল, পুলিশের সঙ্গে মাঠে স্থানীয় নেতাকর্মীরা

রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে সন্ধ্যার পর থেকে গভীর রাত ও ভোরে যানবাহন ও স্থাপনায় অগ্নিসংযোগ এবং ককটেল বিস্ফোরণের ঘটনা বেড়ে যাওয়ায় জননিরাপত্তা নিশ্চিত করতে কঠোর সতর্কতা জারি করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও ফায়ার সার্ভিস। নাশকতা প্রতিরোধে জরুরি প্রয়োজন ছাড়া ফায়ার সার্ভিসের কর্মীদের সব ছুটি বাতিল করা হয়েছে এবং সাদাপোশাকের পুলিশের পাশাপাশি স্থানীয় বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মীদেরও মাঠে সম্পৃক্ত করা হয়েছে।
গত মঙ্গলবার থেকে শুক্রবার পর্যন্ত রাজধানীর বিভিন্ন এলাকায় এবং বিভিন্ন জেলার গ্রামীণ ব্যাংকের শাখা কার্যালয়ে এসব নাশকতার ঘটনা ঘটেছে। বিশেষ করে গভীর রাত থেকে ভোররাত পর্যন্ত ফাঁকা সড়ক ও জনসমাগম কম থাকার সুযোগ নিয়ে হামলা চালিয়ে দ্রুত পালিয়ে যাওয়ার প্রবণতা দেখা যাচ্ছে।
পরিস্থিতি মোকাবিলায় স্বাভাবিক সময়ে যারা বিশ্রাম বা ছুটিতে ব্যারাকে থাকতেন, তাদেরও দায়িত্বের আওতায় আনা হয়েছে। প্রতিটি ফায়ার সার্ভিস স্টেশনে একটি দল স্ট্যান্ডবাই রাখা হয়েছে, যাতে অগ্নিসংযোগের খবর পাওয়ামাত্র ঘটনাস্থলে ছুটে যেতে পারে।
ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক (মিডিয়া) শাজাহান শিকদার এশিয়া পোস্টকে বলেন, রাজধানীসহ সারা দেশে রাজনৈতিক সহিংসতা ও যানবাহনে অগ্নিসংযোগের ঘটনা মোকাবিলায় স্টেশনগুলোতে বিশেষ সতর্কতা জারি করা হয়েছে। জরুরি প্রয়োজন ছাড়া সব ছুটি বাতিল করা হয়েছে। ব্যারাকে অবস্থানরত কর্মীদের বিশ্রামও এখন ডিউটির আওতায় আনা হয়েছে। প্রতিটি স্টেশনে একটি দল প্রস্তুত রাখা হয়েছে, যাতে যানবাহনে অগ্নিসংযোগের খবর পেলেই দ্রুত ঘটনাস্থলে পৌঁছানো যায়।
স্থানীয় সূত্র ও পুলিশের তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার রাত ১০টার দিকে এক ঘণ্টার ব্যবধানে রাজধানীর বাড্ডা ও মিরপুরসহ বিভিন্ন এলাকায় তিনটি বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। রাত ২টার পর উত্তরায় একটি বাস ও একটি ট্রাকে আগুন দেওয়া হয়। রাত ৩টার দিকে বনশ্রী স্টাফ কোয়ার্টারে পার্কিং করে রাখা একটি বাসেও আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা।
একই সময়ে মিরপুরের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। মিরপুর-১১ বাসস্ট্যান্ড ছাড়াও এশিয়া ব্যাংকের সামনে, স্বপ্নের সামনে, মিরপুর-১২, পল্লবী পুলিশ বক্স, মিরপুর কমার্স কলেজ রোড, সরকারি আবাসনের গেট এবং মিরপুর প্রশিকা ভবনের সামনে একাধিক ককটেল বিস্ফোরণ ঘটানো হয়।
এর আগে, গত ২৪ নভেম্বর দিবাগত রাতে রাজধানীর খিলক্ষেত থানার সামনে ককটেল বিস্ফোরণ ঘটে। কাছাকাছি সময়ে উত্তরা দিয়াবাড়ি মোড়েও বিস্ফোরণের ঘটনা ঘটে। একই দিন উত্তরা ১৮ নম্বর সেক্টরে একটি বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
রাজধানীর গুরুত্বপূর্ণ স্থান ও স্থাপনাগুলোতে অগ্নিসংযোগ এবং ককটেল নিক্ষেপকারীদের হাতেনাতে আটক করতে সাদাপোশাকের পুলিশ সদস্যদের পাশাপাশি স্থানীয় রাজনৈতিক নেতাকর্মীদেরও মাঠে রাখা হচ্ছে বলে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) সূত্র জানিয়েছে।
ডিএমপির মিরপুর বিভাগের উপকমিশনার (ডিসি) হাসান মোহাম্মদ নাছের এশিয়া পোস্টকে বলেন, ককটেল বিস্ফোরণ ও যানবাহনে অগ্নিসংযোগের ঘটনা প্রতিরোধে পৃথক কৌশল নেওয়া হয়েছে। কিছু ক্ষেত্রে পুলিশের সঙ্গে স্থানীয় বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মীদের সম্পৃক্ত করে দুর্বৃত্তদের প্রতিরোধের চেষ্টা চলছে। নাশকতাকারীদের শনাক্ত ও আটক করতে বিভিন্ন পর্যায়ে তৎপরতা অব্যাহত রয়েছে।
সাম্প্রতিক ঘটনাগুলোর সময় ও ধরন বিশ্লেষণে দেখা যাচ্ছে, সন্ধ্যার পর থেকে নাশকতাকারীরা সক্রিয় হলেও গভীর রাত ও ভোররাতকে হামলার জন্য বেশি বেছে নিচ্ছে। এ সময় সড়কে যানবাহন ও মানুষের চলাচল কম থাকায় হামলা চালিয়ে দ্রুত সরে পড়ার সুযোগ তৈরি হয়। ফলে রাতের নিরাপত্তা নিশ্চিত করা এবং আগুন লাগার ঘটনায় দ্রুত উদ্ধার ও নির্বাপণ কার্যক্রম পরিচালনা করা আইনশৃঙ্খলা বাহিনী ও ফায়ার সার্ভিসের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে উঠেছে।
পরিস্থিতি মোকাবিলায় আইনশৃঙ্খলা বাহিনীর টহল, গোয়েন্দা নজরদারি এবং গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোর নিরাপত্তা বাড়ানো হচ্ছে। পাশাপাশি অগ্নিসংযোগ ও বিস্ফোরণের ঘটনায় জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনতে তৎপরতা অব্যাহত রয়েছে। রাতের নিরাপত্তা কৌশলে পরিবর্তন এনে নাশকতা প্রতিরোধে সমন্বিত ব্যবস্থা নেওয়ার ওপর জোর দিচ্ছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।
source: Asia Post








