News

অফিস টাইমেও পর্যাপ্ত যাত্রী পাচ্ছে না পিংক বাস

রাজধানীর গণপরিবহনে নারীদের যাতায়াতের স্বস্তি দিতে চালু হয় পিংক বাস। তবে চালুর ৩ মাসের মাথায় এসে যাত্রী সংকটে এ সেবা। অফিস চলাকালীন সময় কিছুটা যাত্রী পেলেও দিনের বাকিটা সময় অলস বসে থাকতে হয় এ সেবায় নিয়োজিত কর্মীদের।

গত ১৮ আগস্ট ঢাকায় ১০টিসহ তিন শহরে ১৪টি বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনের (বিআরটিসি) মহিলা বাস সার্ভিস চালু করা হয়।

Advertisement

তিন মাস পর এসে দেখা গেছে, কর্মদিবসে ছুটির সময়ে মতিঝিল-আব্দুল্লাহপুর রুটে যাত্রা শুরুর প্রথম আধঘণ্টায় যাত্রী সর্বসাকুল্যে চার-পাঁচ জন। সকালে নির্দিষ্ট সময় নির্ধারিত কিছু স্টপেজ থেকে যাত্রী নিয়ে বিকেলে ফিরে আসে বাসগুলো। বাকিটা সময় বাসের ঠিকানা ডিপোতে, আর কর্মীরাও কাটান অলস সময়।

যাত্রী সংকটের কারণে অনেকটা লোকসানের মুখে এ সেবা। বিআরটিসির হিসাব অনুযায়ী, টিকিট বিক্রি করে পাওয়া আয় থেকে জ্বালানি, টোল, বেতন ও আনুষঙ্গিক খরচ বাদ দিয়ে গেল আড়াই মাসে ১৪টি বাসে সরকারের লোকসান ২৭ লাখ ৮৭ হাজার টাকারও বেশি। অর্থাৎ মাসে গড়ে লোকসান গুনতে হচ্ছে প্রায় ১১ লাখ ৩০ হাজার টাকা।

আরো পড়ুন

বিআরটিসির চেয়ারম্যান মীর আহমেদ তারিকুল ওমর গণমাধ্যমকে বলেন, অফিসের টাইমে নারী যাত্রী পাওয়া গেলেও দিনের অন্যান্য সময়ে যাত্রী পাওয়া অনেকটা মুশকিল। আয় হয়তো ৫০ থেকে ৫১ হাজার টাকা, কিন্তু ব্যয় হচ্ছে এক লাখ টাকার ওপরে। বেশির ভাগ বাসেই প্রায় সমান পরিমাণ ভর্তুকি দিয়ে আমাদেরকে চালাতে হচ্ছে।

আগামী মার্চে নারীবাস বহরে ৫০টি অত্যাধুনিক ইলেকট্রিক বাস যুক্ত হবে জানিয়ে তিনি বলেন, আমরা আশা করছি যে ২৫ ফেব্রুয়ারির মধ্যে বাসগুলো চলে আসবে। আমরা চার-পাঁচ দিন ট্রায়াল দেব, এক তারিখ থেকে এটা শুরু হবে।

সাধারণ যাত্রীদের জন্য যে ৫০টি বাস, সেটিও একই সময় আসবে বলেও জানান তিনি।

যোগাযোগ বিশেষজ্ঞদের মতে, নারীদের জন্য বিশেষ বাসের চেয়ে সামগ্রিক গণপরিবহনে নারীর নিরাপত্তা ও স্বস্তি বাড়ানোতে সরকারের গুরুত্ব দেওয়া উচিত।

যোগযোগ বিশেষজ্ঞ কাজী সাইমুন নেওয়াজ বলেন, সবার আগে বাসগুলোকে সবার জন্য নিরাপদ এবং ব্যবহার উপযোগী করতে হবে। এতে সব যাত্রী যেমন পর্যাপ্ত পরিমাণে বাস পাবে তেমনি যারা বাসটি চালাচ্ছেন তাদেরও লাভ হবে।

তিনি আরও বলেন, শুধু নারীদের জন্য সার্ভিসটি চালু করি, দেখা যাবে শুধু দিনের নির্দিষ্ট সময় যাত্রী পাওয়া যাচ্ছে অন্য সময়গুলো ফাঁকা থাকবে।

source: Asia Post

Back to top button