News

চিকিৎসক দরকার ৮৯ হাজার, আছে ৩০ হাজার: স্বাস্থ্যমন্ত্রী

দেশের সরকারি হাসপাতালগুলোতে প্রায় ৮৯ হাজার চিকিৎসকের প্রয়োজন হলেও বর্তমানে ৩০ হাজারের কিছু বেশি চিকিৎসক কর্মরত রয়েছেন বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। বর্তমানে প্রায় সাড়ে ১১ হাজার চিকিৎসকের পদ শূন্য বলেও জানান তিনি।

সোমবার (৭ সেপ্টেম্বর) জাতীয় সংসদে বিএনপির সংসদ সদস্য মো. মোশাররফ হোসেনের প্রশ্নের লিখিত জবাবে মন্ত্রী এ তথ্য জানান। স্বাস্থ্যমস্ত্রীর অনুপস্থিতিতে তার পক্ষ থেকে এসব প্রশ্নের জবাব দেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী এম এ মুহিত।

স্বাস্থ্যমন্ত্রী জানান, বিশ্ব স্বাস্থ্য সংস্থার মানদণ্ড অনুযায়ী দেশে প্রায় ৮৮ হাজার ৯০৯ জন চিকিৎসক দরকার। কিন্তু বর্তমানে হাসপাতালগুলোতে অনুমোদিত ৪১ হাজার ৮০৬টি পদ রয়েছে। বিপরীতে কর্মরত রয়েছেন ৩০ হাজার ৩১১ জন। চিকিৎসকের শূন্য পদের সংখ্যা ১১ হাজার ৪৯৫টি। সরকারের চলমান নিয়োগ কার্যক্রমের মাধ্যমে সরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের শূন্যপদগুলো পর্যায়ক্রমে পূরণ ও প্রয়োজন অনুযায়ী নতুন নতুন পদ সৃষ্টির মাধ্যমে জনগণের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সরকারের কার্যক্রম অব্যাহত রয়েছে।

বিএনপির আরেক সাংসদ শামসুর রহমান শিমুল বিশ্বাসের প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, বিগত তিন বছর ধরে চাহিদার তুলনায় জন্মনিয়ন্ত্রণ সামগ্রী ও প্রয়োজনীয় ওষুধের সরবরাহ কিছুটা কম থাকায় পরিবার পরিকল্পনা কার্যক্রম সাময়িকভাবে বিঘ্ন হয়েছে। বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের পর এ কার্যক্রমকে গতিশীল ও জনগণের জন্য প্রয়োজনীয় সেবা নিরবিচ্ছিন্ন করতে এসব সামগ্রী সরবরাহে কার্যকর উদ্যোগ নেওয়া হয়েছে। ২ থেকে ৩ মাসের মধ্যে পরিস্থিতি স্বাভাবিক পর্যায়ে ফিরে আসবে।

আরো পড়ুন

source: Asia Post

Back to top button