News

কণ্ঠশিল্পী আসিফের গাড়িতে গুলির ঘটনায় মামলা

কণ্ঠশিল্পী ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সাবেক পরিচালক আসিফ আকবরের ব্যক্তিগত গাড়ি পার্কিংয়ে রাখা অবস্থায় সেটি লক্ষ্য করে গুলির ঘটনায় গতকাল শনিবার (২৪ অক্টোবর) রাতে একটি মামলা হয়েছে।

শনিবার (২৪ অক্টোবর) রাতে আসিফ আকবর নিজে বাদী হয়ে রাজধানীর হাতিরঝিল থানায় মামলাটি করেন।

বিষয়টি নিশ্চিত করেন থানার ওসি মো. আসাদুজ্জামান জানান, আইনশৃঙ্খলা বাহিনী ঘটনাস্থল ও আশপাশের বিভিন্ন ভবনের সিসিটিভি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করে সেগুলো বিশ্লেষণ করছে।

মামলার এজাহারে বলা হয়েছে, শনিবার ভোর আনুমানিক ৪টা ৫০ মিনিটে অফিসকক্ষে থাকা অবস্থায় নিচ থেকে বিকট শব্দ শুনতে পান আসিফ আকবর। পরে পার্কিংয়ে গিয়ে নিজের গাড়ির পেছনের ডান পাশের দরজার কাঁচ ভাঙা দেখতে পান তিনি। এরপর অফিসে ফিরে সিসিটিভি ক্যামেরার ফুটেজ পর্যবেক্ষণ করেন।

এজাহারে ফুটেজ বিশ্লেষণের বরাতে বলা হয়েছে, মগবাজার থেকে ওয়্যারলেসগামী ফ্লাইওভারের নিচের সড়ক দিয়ে আসা একটি সিএনজিচালিত অটোরিকশা থেকে নেমে এক ব্যক্তি বিশাল সেন্টারের গাড়ি পার্কিংয়ের স্থানে যান। সেখানে তিনি আসিফ আকবরের গাড়ির পেছনের ডান পাশের দরজার কাঁচ লক্ষ্য করে গুলি করেন। পরে ওই ব্যক্তি অটোরিকশায় করে ঘটনাস্থল থেকে পালিয়ে যান।

এজাহারে আরও বলা হয়েছে, বিষয়টি পুলিশকে জানানোর পর হাতিরঝিল থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে গুলির একটি অংশবিশেষ উদ্ধার করে। গাড়ির কাঁচ ভেঙে আনুমানিক ২০ হাজার টাকার ক্ষতি হয়েছে বলেও মামলায় উল্লেখ করেছেন আসিফ আকবর।

গুলি করা ব্যক্তিকে শনাক্ত করা গেছে কি না, জানতে চাইলে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) তেজগাঁও বিভাগের উপকমিশনার ইবনে মিজান বলেন, ঘটনাস্থল ও আশপাশের বিভিন্ন ভবন ও জায়গা থেকে সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে। সেগুলো বিশ্লেষণ চলছে। এখনো বলার মতো কোনো অগ্রগতি হয়নি।

source: Asia Post

Back to top button