দোকান বন্ধ করে ফেরার পথে যুবদল নেতাকে কুপিয়ে হত্যা

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে দোকান বন্ধ করে বাড়ি ফেরার পথে প্রতিপক্ষের হামলায় ইউনিয়ন যুবদলের এক সভাপতি নিহত হয়েছেন।
বুধবার (২১ অক্টোবর) রাত ১০টার দিকে উপজেলার চরকিশোরগঞ্জ এলাকায় এ হামলার ঘটনা ঘটে।
নিহত জহির ফকির আড়াইহাজার উপজেলার কালাপাহাড়িয়া ইউনিয়ন যুবদলের সভাপতি ছিলেন। তিনি কালাপাহাড়িয়া এলাকার মোহাম্মদ আবদুর রহমানের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার রাতে চরকিশোরগঞ্জ এলাকায় নিজের ফার্মেসির দোকান বন্ধ করে বাড়ি ফিরছিলেন জহির ফকির। পথে ১৫ থেকে ২০ জনের একটি সংঘবদ্ধ দল তার গতিরোধ করে। এ সময় হামলাকারীরা দেশীয় অস্ত্র দিয়ে তাকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহতের ভাগনে ইসমাইল হোসেন অভিযোগ করেন, কালাপাহাড়িয়া এলাকার এক রাজনৈতিক নেতার সঙ্গে জহির ফকিরের বিরোধ ছিল। আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হিসেবে তার নাম আলোচনায় থাকায় পরিকল্পিতভাবে এ হত্যাকাণ্ড ঘটানো হয়েছে বলে দাবি করেন তিনি।
এ বিষয়ে সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবদুল বারিক জানান, চরকিশোরগঞ্জে জহির ফকিরের একটি ফার্মেসির দোকান রয়েছে। তিনি দোকান বন্ধ করে বাড়ি ফেরার পথে প্রতিপক্ষের লোকজন তাকে কুপিয়ে গুরুতর আহত করে ফেলে যায়। পরে স্থানীয়রা তাকে মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে গেলে সেখানকার চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় পুলিশ কাজ করছে। তদন্তের পর বিস্তারিত জানা যাবে।
source: Asia Post







