News

আইফোনই কাল হলো হাফিজুরের

রাজধানীর ক্যান্টনমেন্ট এলাকায় চলন্ত ট্রেন থেকে ফেলে দেওয়া যুবকের পরিচয় শনাক্ত হয়েছে। নিহত যুবকের নাম হাফিজুর রহমান (৩৫)। বৃহস্পতিবার (১ অক্টোবর) বিকেল ৪টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে এসে পরিচয় শনাক্ত করেন তার ভাই হোসাইন শেখ।

হোসাইন শেখ জানান, হাফিজুর গাজীপুরের সালনা এলাকায় একটি রিসোর্ট কোম্পানিতে চাকরি করতেন। বুধবার (৩০ অক্টোবর) অফিস থেকে ২ দিনের ছুটি নিয়ে গ্রামের বাড়িতে যাওয়ার উদ্দেশে জয়দেবপুর থেকে কমলাপুরগামী ট্রেনে ওঠেন তিনি। ট্রেনে সিট না পেয়ে ছাদে ওঠেন।

পরে কয়েকজন ছিনতাইকারী তার কাছে গিয়ে টাকা-পয়সা ও একটি আইফোন ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। হাফিজুর তা দিতে অস্বীকৃতি জানালে তাদের সঙ্গে ধস্তাধস্তি হয়। একপর্যায়ে ছিনতাইকারীরা তাকে চলন্ত ট্রেন থেকে ফেলে দেয় বলে জানান তার ভাই।

গুরুতর আহত হাফিজুরকে পথচারীরা উদ্ধার করে প্রথমে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিয়ে যান। পরে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেলে আনা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

হোসাইন শেখ বলেন, হাফিজুরের ১০ মাসের একটি সন্তান রয়েছে। সন্তানকে দেখতেই তিনি ছুটিতে গ্রামের বাড়িতে যাচ্ছিলেন।

নিহতের গ্রামের বাড়ি বাগেরহাটের চিতলমারী থানার চিঙ্গরী গ্রামে। তিনি মৃত আব্দুর রহমানের ছেলে। বর্তমানে গাজীপুর এলাকায় থাকতেন হাফিজুর। চার ভাই-বোনের মধ্যে তিনি দ্বিতীয়।

source: Asia Post

Back to top button