News

সশস্ত্র বাহিনীর নতুন বেতন-ভাতা নির্ধারণ

সশস্ত্র বাহিনীর সদস্যদের মূল বেতন, বিভিন্ন ভাতা এবং অবসরজনিত সুবিধা নির্ধারণ করেছে সরকার। সরকারি চাকরিজীবীদের জন্য নবম বেতন কাঠামোর গেজেট প্রকাশের প্রায় দুই মাস পর তাদের এই নতুন বেতন নির্ধারণ করে গেজেট প্রকাশ করা হয়েছে।

রোববার (১৫ নভেম্বর) ‘জাতীয় বেতন স্কেল, ২০২৬’-এর আলোকে যৌথ বাহিনীর জন্য এ গেজেট প্রকাশ করে সরকার।

নতুন এই গেজেটে সশস্ত্র বাহিনীর কমিশন্ড অফিসার, এএফএনএস অফিসার, অফিসার ক্যাডেট, মিডশিপম্যান, ফ্লাইট ক্যাডেট, এএফএনএস ক্যাডেট, আইএসএসবি প্রতিযোগী, অনারারি কমিশন্ড অফিসার, জেসিও, জুনিয়র কমিশন্ড পদবির সদস্য, রিক্রুট, এনসি(ই), ধর্মীয় পরামর্শদানকারী কর্মকর্তা, এমওডিসি সদস্য ও সমতুল্য পদমর্যাদার সবার মূল বেতন, বেতন উপাদান, ভাতা এবং অবসরজনিত সুবিধাবলি অন্তর্ভুক্ত করা হয়েছে।

নতুন কাঠামো অনুযায়ী, বাহিনীপ্রধানের মূল বেতন নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৭২ হাজার টাকা এবং সৈনিকের মূল বেতন নির্ধারণ করা হয়েছে ২১ হাজার ৪০০ টাকা। নৌ ও বিমানবাহিনীর ক্ষেত্রেও একই অঙ্ক প্রযোজ্য হবে।

বেসামরিক সরকারি চাকরিজীবীদের মতো এখানেও মূল বেতন বৃদ্ধি ধাপে ধাপে কার্যকর হবে।

প্রজ্ঞাপন অনুযায়ী, বাহিনীপ্রধান থেকে ওয়ারেন্ট অফিসার ও সমতুল্য কর্মীদের ক্ষেত্রে ২০২৬ সালের ১ জুলাই থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত বর্ধিত বেতনের ৪০ শতাংশ এবং ২০২৭ সালের ১ জানুয়ারি থেকে ৩০ জুন পর্যন্ত ৭০ শতাংশ বাড়বে। অন্যদিকে, সার্জেন্ট ও সমতুল্য পদ থেকে রিক্রুট এবং অফিসার ক্যাডেটদের ক্ষেত্রে একই সময়ে যথাক্রমে ৫০ ও ৭৫ শতাংশ বাড়বে। ২০২৭ সালের ১ জুলাই থেকে সবাই পূর্ণ হারে নতুন মূল বেতন পাবেন।

প্রজ্ঞাপনে জানানো হয়, আগের জেএসআইয়ের আওতায় পাওয়া ‘বিশেষ সুবিধা’ ২০২৬ সালের ১ জুলাই থেকে বিলুপ্ত করা হয়েছে। এর আওতায় প্রাপ্ত অর্থ বকেয়ার সঙ্গে সমন্বয় করা হবে। এছাড়া ভাতা ও অন্যান্য সুবিধার নতুন হার কার্যকর হবে ২০২৮ সালের ১ জানুয়ারি থেকে। ওই সময় পর্যন্ত ২০২৬ সালের ৩০ জুনের নির্ধারিত হারেই ভাতা মিলবে।

নতুন ভাতার হার ও সংযোজন

নতুন কাঠামোয় বেশ কিছু ভাতার হার বাড়ানো হয়েছে। এর মধ্যে প্রতিরক্ষা সার্ভিস ভাতা জেনারেল পর্যায়ে ৬ হাজার থেকে বাড়িয়ে ৭ হাজার ২০০ টাকা এবং সেকেন্ড লেফটেন্যান্ট পর্যায়ে ৫ হাজার ৫৭৫ থেকে বাড়িয়ে ৬ হাজার ৬৯০ টাকা করা হয়েছে। এছাড়া কিট ভাতা ১ হাজার ২০০ থেকে ১ হাজার ৩২০ টাকা, ব্যাটম্যান ভাতা ৬০০ থেকে ১ হাজার ২০০ টাকা, ডিস্টারব্যান্স ভাতা ২ হাজার থেকে ২ হাজার ২০০ টাকা, ঝুঁকি ভাতা দৈনিক ১১০ থেকে ১২১ টাকা এবং পাহাড়ি ভাতা মূল বেতনের ২০ শতাংশ করা হয়েছে।

পাশাপাশি নতুন করে কয়েকটি ভাতা যুক্ত হয়েছে। এর মধ্যে মোবাইল ভাতা হিসেবে মেজর ও তদূর্ধ্ব কর্মকর্তারা মাসে ৫০০ টাকা এবং ক্যাপ্টেন ও নিচের পদের সদস্যরা মাসে ১৫০ টাকা পাবেন।

প্রতিবন্ধী সন্তান ভাতা প্রতি সন্তানের জন্য মাসে ৩ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে (সর্বোচ্চ দুই সন্তানের জন্য এ সুবিধা মিলবে)। এছাড়া হাওর, দ্বীপ বা চর ভাতা মূল বেতনের ২০ শতাংশ (সর্বোচ্চ ৫ হাজার টাকা) এবং তেজস্ক্রিয় ঝুঁকি ভাতা হিসেবে রাডার ও রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে কর্মরতদের জন্য মাসে ২ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে।

তবে যারা ২০২৬ সালের ৩০ জুনের আগে অবসর প্রস্তুতিমূলক ছুটি (এলপিআর) শেষ করে ১ জুলাই অবসরে গেছেন, তারা নতুন বেতন নির্ধারণের সুবিধা পাবেন না; কেবল নির্ধারিত শতাংশ হারে পেনশন বৃদ্ধি পাবেন।

source: Asia Post

Back to top button