কানাডায় বিশ্ব বিমান পরিবহন সম্মেলন শুরু, বাংলাদেশের নেতৃত্বে বিমানমন্ত্রী মিল্লাত

কানাডার মন্ট্রিলে আন্তর্জাতিক বেসামরিক বিমান চলাচল সংস্থার (আইকাও) সপ্তম বিশ্ব বিমান পরিবহন সম্মেলন শুরু হয়েছে। পাঁচ দিনব্যাপী এ সম্মেলনে বাংলাদেশের প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত।
এক দশকেরও বেশি সময় পর আয়োজিত এ সম্মেলনে আন্তর্জাতিক বিমান পরিবহন খাতের ভবিষ্যৎ, বৈশ্বিক যোগাযোগ সম্প্রসারণ এবং অর্থনৈতিক উন্নয়নে আকাশপথের ভূমিকা নিয়ে আলোচনা হচ্ছে।
সোমবার (১৬ নভেম্বর) স্থানীয় সময় সকালে মন্ট্রিলে আইকাওর সদর দপ্তরে সম্মেলনের উদ্বোধন হয়। উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন আইকাও কাউন্সিলের প্রেসিডেন্ট তোশিউকি ওনুমা, জাতিসংঘের পর্যটন সংস্থা ইউএন ট্যুরিজমের মহাসচিব শাইখা আল নুয়াইস এবং কানাডার পরিবহনমন্ত্রী স্টিভেন ম্যাককিনন।
‘এয়ার ট্রান্সপোর্ট: পাওয়ারিং গ্লোবাল কানেকটিভিটি, ইকোনমিক ডেভেলপমেন্ট অ্যান্ড রেজিলিয়েন্স ইন আ ডাইনামিক ওয়ার্ল্ড’ প্রতিপাদ্যে আয়োজিত সম্মেলনে বিশ্বের ১৯৩টি সদস্য রাষ্ট্রের নীতিনির্ধারক, আন্তর্জাতিক বিমান পরিবহন সংস্থার প্রতিনিধি ও বিশেষজ্ঞরা অংশ নিচ্ছেন।
২০১৩ সালে ষষ্ঠ বিশ্ব বিমান পরিবহন সম্মেলনের পর ১৩ বছর বিরতি দিয়ে সপ্তমবারের মতো এ সম্মেলনের আয়োজন করছে আইকাও। এবারের সম্মেলনে পরিবর্তনশীল বৈশ্বিক পরিস্থিতিতে বিমান পরিবহন খাতের সক্ষমতা, নিরাপত্তা, টেকসই প্রবৃদ্ধি এবং আন্তর্জাতিক যোগাযোগব্যবস্থা আরও শক্তিশালী করার কৌশল নিয়ে আলোচনা গুরুত্ব পাচ্ছে।
সম্মেলনের প্রথম দিনের অন্যতম আকর্ষণ ছিল ২০৫০ সাল পর্যন্ত বৈশ্বিক বিমান পরিবহন শিল্পের সম্ভাব্য পরিবর্তন, ভবিষ্যৎ চ্যালেঞ্জ এবং সেগুলো মোকাবিলার প্রস্তুতি নিয়ে উচ্চপর্যায়ের প্যানেল আলোচনা। এতে যাত্রীসেবা, বিমান পরিবহন শিল্পের সক্ষমতা, ভবিষ্যৎ প্রবৃদ্ধি এবং আন্তর্জাতিক বিমানবন্দর, এয়ারলাইনস ও এয়ার নেভিগেশন খাতের উন্নয়ন নিয়ে সংশ্লিষ্ট পক্ষগুলোর অবস্থান তুলে ধরা হয়।
এ সম্মেলনে বাংলাদেশের অংশগ্রহণকে গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে। ভৌগোলিক অবস্থান, ক্রমবর্ধমান অর্থনীতি, আন্তর্জাতিক বাণিজ্য ও পর্যটনের সম্ভাবনার কারণে আঞ্চলিক ও আন্তর্জাতিক বিমান যোগাযোগে বাংলাদেশের গুরুত্ব বাড়ছে। বিমানবন্দরের সক্ষমতা বৃদ্ধি, আধুনিক প্রযুক্তির ব্যবহার, নতুন উড়োজাহাজ সংগ্রহ এবং আন্তর্জাতিক রুট সম্প্রসারণের মাধ্যমে এ খাতের উন্নয়নে নতুন সম্ভাবনা তৈরি হয়েছে।
বিশেষ করে বাংলাদেশের বিমানবন্দরগুলোর নিরাপত্তা ব্যবস্থায় সাম্প্রতিক অগ্রগতি আন্তর্জাতিক অঙ্গনে ইতিবাচক মূল্যায়ন পেয়েছে। আইকাওর এভিয়েশন সিকিউরিটি অডিটেও দেশের বিমানবন্দরগুলোর নিরাপত্তাব্যবস্থার উল্লেখযোগ্য উন্নতির বিষয়টি উঠে এসেছে। এই অগ্রগতিকে কাজে লাগিয়ে আন্তর্জাতিক বিমান চলাচলে বাংলাদেশের সক্ষমতা ও গ্রহণযোগ্যতা আরও বাড়ানোর লক্ষ্য রয়েছে সরকারের।
এদিকে বিশ্ব বিমান পরিবহন সম্মেলনের পাশাপাশি আগামী ১৯ ও ২০ নভেম্বর আইকাও সদর দপ্তরে সংস্থাটির অ্যাসেম্বলির ৪৩তম বিশেষ অধিবেশন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। সেখানে আইকাও কাউন্সিলের সদস্যসংখ্যা ৩৬ থেকে বাড়িয়ে ৪০ করার প্রস্তাবের পরিপ্রেক্ষিতে নতুন চারটি সদস্য রাষ্ট্র নির্বাচনের বিষয়টি গুরুত্ব পাবে।
সম্মেলনের সমাপনী পর্যায়ে সদস্য রাষ্ট্রগুলোর অংশগ্রহণে একটি মন্ত্রী পর্যায়ের ঘোষণাপত্র গ্রহণেরও কথা রয়েছে।
source: Asia Post






