News

ভারত-সমর্থিত ৭ সন্ত্রাসীকে হত্যার দাবি পাকিস্তান সেনাবাহিনীর

পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়া ও বেলুচিস্তান প্রদেশে পৃথক দুটি অভিযান চালিয়ে ভারত-সমর্থিত সাত সন্ত্রাসীকে হত্যা করার দাবি করেছে দেশটির সেনাবাহিনী।

গত মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে দেশটির নিরাপত্তা বাহিনী।

নিরাপত্তা বাহিনীর তথ্যমতে, নিহতদের মধ্যে দুজনকে বেলুচিস্তানের চাগাই জেলার নোকচা এলাকায় পরিচালিত অভিযানে হত্যা করা হয়। সশস্ত্র সন্ত্রাসীরা সেখানকার দুটি খালি পানির ট্যাংকে আগুন ধরিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে সেনাবাহিনী তাদের বিরুদ্ধে তাৎক্ষণিক অভিযান চালাতে বাধ্য হয়। এছাড়া তারা জাতীয় মহাসড়ক (এন-৪০)-এর বিভিন্ন জায়গায় অগ্নিসংযোগ করেছিল বলেও দাবি করা হয়।

উল্লেখ্য, প্রায় একই ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডে যুক্ত থাকার অভিযোগে গত ৩১ আগস্ট আরও ১১ সন্ত্রাসীকে হত্যা করা হয়েছিল। বেলুচিস্তান থেকে সন্ত্রাসী তৎপরতা পুরোপুরি নির্মূল না হওয়া পর্যন্ত এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে নিরাপত্তা সূত্র।

অন্যদিকে, খাইবার পাখতুনখাওয়ায় পরিচালিত পৃথক এক অভিযানে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ‘ফিতনা আল-খারেজি’-র পাঁচ সদস্য নিহত হয়েছে।

জানা গেছে, খাইবার পাখতুনখাওয়ার বারা শহরে সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এই অভিযান চালানো হয়। অভিযানকালে পাঁচ সন্ত্রাসীকে হত্যার পাশাপাশি তাদের কাছ থেকে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয় এবং তাদের একটি গোপন আস্তানা সম্পূর্ণরূপে ধ্বংস করে দেওয়া হয়।

পাকিস্তানের সংবাদমাধ্যম জিও টিভির এক প্রতিবেদনে বলা হয়েছে, ২০২১ সালে আফগানিস্তানে তালেবান সরকার ক্ষমতায় আসার পর থেকে পাকিস্তানে সন্ত্রাসী কার্যক্রম উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে। পাকিস্তান এজন্য তালেবান প্রশাসনকে দায়ী করে দাবি করে আসছে যে, তালেবানের পৃষ্ঠপোষকতায় আফগানিস্তানের ভূখণ্ড ব্যবহার করে সন্ত্রাসীরা পাকিস্তানে হামলা চালাচ্ছে। তবে তালেবান সরকার সবসময়ই এই অভিযোগ অস্বীকার করে আসছে।

source: Rajneete

Back to top button