News

কুয়েতে অবৈধভাবে কসাইখানা পরিচালনা, ফের এক বাংলাদেশি গ্রেপ্তার

কুয়েতের কাবদ এলাকায় তাঁবুর ভেতরে অবৈধভাবে কসাইখানা পরিচালনার অভিযোগে আবারও এক বাংলাদেশিকে গ্রেপ্তার করেছে দেশটির নিরাপত্তা বাহিনী। তারা বলছে, স্বাস্থ্য ও নিরাপত্তাবিধি না মেনে সেখানে পশু জবাই করে মাংস বিক্রি করা হচ্ছিল।

মঙ্গলবার (২৪ নভেম্বর) অপরাধ তদন্ত বিভাগের জাহরা গভর্নরেটের অধীন কাবদ তদন্ত কার্যালয়ের কর্মকর্তারা অভিযান চালিয়ে ওই বাংলাদেশিকে গ্রেপ্তার করেন। তবে আটক ব্যক্তির নাম-পরিচয় প্রকাশ করা হয়নি।

আরব টাইমস কুয়েতের খবরে বলা হয়, ওই তাঁবুর কার্যক্রম নিয়ে আগে থেকেই নজরদারি ও তদন্ত চালাচ্ছিলেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। তদন্তে তারা দেখতে পান, তাঁবুর ভেতরে ক্রেতাদের কাছে পশু জবাই করে মাংস বিক্রি করছেন ওই ব্যক্তি। অথচ সেখানে প্রয়োজনীয় স্বাস্থ্য ও নিরাপত্তাব্যবস্থার কোনো ব্যবস্থা ছিল না।

অভিযানের সময় গ্রেপ্তার ব্যক্তির কাছ থেকে কিছু অর্থও উদ্ধার করা হয়েছে, যা মাংস বিক্রির টাকা বলে ধারণা করা হচ্ছে। এ ছাড়া তদন্তে তার বিরুদ্ধে কুয়েতের আবাসন আইন লঙ্ঘনের তথ্য পাওয়া গেছে।

আরো পড়ুন

কুয়েতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে। আইন লঙ্ঘনকারীদের আটক এবং অবৈধ কর্মকাণ্ড বন্ধে চলমান নিরাপত্তা অভিযানের অংশ হিসেবে এ অভিযান চালানো হয়েছে।

এর আগে গত ২৫ অক্টোবর জাহরার বার রাহিয়া এলাকায় দুটি অবৈধ কসাইখানা পরিচালনার অভিযোগে তিন বাংলাদেশিকে গ্রেপ্তার করেছিল কুয়েতের নিরাপত্তা বাহিনী। ওই দুটি স্থাপনায় প্রয়োজনীয় অনুমোদন ও স্বাস্থ্য পরীক্ষা ছাড়াই পশু জবাই করা হতো বলে অভিযোগ রয়েছে।

source: Rajneete

Back to top button