News

শয়তানের উপস্থিতি টের পেয়েছিলেন পোপ ফ্রান্সিস, ডায়েরিতে নরক দর্শনের বর্ণনা

২০২১ সালে শুরু হওয়া প্রায় দুই বছরের আধ্যাত্মিক সংকটের মধ্য দিয়ে গিয়েছিলেন ক্যাথলিক চার্চের প্রয়াত প্রধান পোপ ফ্রান্সিস। এ সময় শয়তানের প্রলোভনের বিরুদ্ধে লড়াইয়ের পাশাপাশি চার্চের মতো বিশাল প্রতিষ্ঠানের ক্ষমতা কীভাবে প্রয়োগ করবেন, তা নিয়েও দ্বিধায় ছিলেন তিনি। জীবনের এক পর্যায়ে শয়তান ও নরকের প্রবেশদ্বার দেখার অভিজ্ঞতা হয়েছিল বলেও বিশ্বাস করতেন ফ্রান্সিস।

মঙ্গলবার (২৪ নভেম্বর) প্রকাশিত তার ব্যক্তিগত ডায়েরির সংকলনে এসব তথ্য উঠে এসেছে। রয়টার্স ও দ্য গার্ডিয়ানের প্রতিবেদন অনুযায়ী, বইটিতে ফ্রান্সিসের আধ্যাত্মিক জীবন, ধর্মীয় বিশ্বাস, স্বপ্নে ঈশ্বরের সঙ্গে যোগাযোগের অনুভূতি এবং ব্যক্তিগত নানা দ্বন্দ্বের বিবরণ রয়েছে। ২০২৫ সালের এপ্রিলে ৮৮ বছর বয়সে মারা যাওয়া এই পোপের ব্যক্তিগত জীবনের এমন বিবরণ আগে এভাবে প্রকাশ্যে আসেনি।

ডায়েরির সঙ্গে যুক্ত ভাষ্যে ফ্রান্সিসের ঘনিষ্ঠ সহযোগী কার্ডিনাল ভিক্টর ফার্নান্দেজ লিখেছেন, শেষ পর্যন্ত ফ্রান্সিস উপলব্ধি করেছিলেন, এই আধ্যাত্মিক সংকটই ছিল তার জীবনের সবচেয়ে কঠিন পরীক্ষা। শয়তানের প্রলোভনের কাছে নতি স্বীকার না করার চেষ্টা করতে গিয়ে তাকে ক্রমাগত এক লড়াইয়ের মধ্য দিয়ে যেতে হয়েছে।

২০২২ সালের ডিসেম্বরের একটি ডায়েরি-লেখায় নিজের সংকটের বিবরণ দিতে গিয়ে ফ্রান্সিস লিখেছিলেন, ‘সবকিছুই মিশে গিয়েছিল চার্চ পরিচালনার নানা সমস্যা, সিদ্ধান্ত নেওয়ার চাপ এবং মানসিক শুষ্কতা ও নিঃসঙ্গতার অনুভূতির সঙ্গে।’

আরো পড়ুন

ফার্নান্দেজের ভাষ্য অনুযায়ী, ক্ষমতা প্রয়োগের ধরন নিয়েও অস্বস্তিতে ছিলেন ফ্রান্সিস। অন্য মানুষকে নিজের প্রয়োজনে ব্যবহার বা নিয়ন্ত্রণ করতে চাননি তিনি। ২০২৩ সালে এক বৈঠকে এক বিশপ তাকে প্রশ্ন করেছিলেন, প্রকাশ্যে তার সমালোচনা করা ভ্যাটিকানের এক কর্মকর্তাকে তিনি কেন ভর্ৎসনা করেননি।

জবাবে ফ্রান্সিস বলেছিলেন, তার হৃদয়ে প্রবলভাবে এমন একটি অনুভূতি কাজ করছিল যে, ঈশ্বর তাকে এমন একজন ‘পুতুলনাচের কারিগর’ হতে দিতে চান না, যিনি নিজের সুবিধামতো অন্যদের ব্যবহার ও নিয়ন্ত্রণ করেন। তবে ডায়েরি বা এর সঙ্গে প্রকাশিত ভাষ্যে ওই কর্মকর্তা কে ছিলেন, কিংবা বক্তব্যটির পেছনে নির্দিষ্ট কোনো ঘটনা ছিল কি না, তা উল্লেখ করা হয়নি।

তিনবার শয়তানকে দেখার দাবি

‘দ্য প্রাইভেট ডায়েরি অব পোপ ফ্রান্সিস’ শিরোনামের বইটিতে ১৯৯২ সালের ডিসেম্বর থেকে ২০২৪ সালের আগস্ট পর্যন্ত লেখা বিভিন্ন ডায়েরির অংশ সংকলন করা হয়েছে। ১৯৯২ সালে আর্জেন্টিনার বুয়েনস এইরেসের সহকারী বিশপ থাকার সময় একটি ছোট পরিকল্পনা-নোটবুকে এসব লেখা শুরু করেন ফ্রান্সিস। মৃত্যুর প্রায় আট মাস আগপর্যন্ত ডায়েরি লিখেছেন তিনি।

২০২১ সালের জানুয়ারির একটি লেখায় জীবনের তিনটি সময়ের কথা উল্লেখ করেছেন ফ্রান্সিস, যখন তার মনে হয়েছিল তিনি শয়তানকে দেখেছেন। এর মধ্যে একবার পোপ হিসেবে দায়িত্ব পালনের সময় ভ্যাটিকানের কর্মকর্তাদের সঙ্গে বৈঠকেও এমন অভিজ্ঞতা হয়েছিল বলে লিখেছেন তিনি।

সেই অভিজ্ঞতার কথা স্মরণ করে ফ্রান্সিস লিখেছিলেন, ‘আমি তার কণ্ঠের সেই তীব্র কর্কশতা ভুলতে পারি না। প্রভু আমাকে ওই বৈঠক থেকে বেরিয়ে যাওয়ার সুযোগ দিয়েছিলেন এবং এভাবেই তিনি আমাকে মুক্ত করেছিলেন।’

এ ছাড়া ২০১৮ সালের জুনের একটি ডায়েরিতে নরকের প্রবেশদ্বার দেখার অভিজ্ঞতার কথা লিখেছেন তিনি। ফ্রান্সিস লিখেছিলেন, ‘গত রাতে আমি নরকের প্রবেশদ্বার দেখেছি। একটু দেখার জন্য উঁকি দিয়েছিলাম, আর তাতে আমি আতঙ্কিত হয়ে পড়ি।’

এরপর আত্মরক্ষার উপায় হিসেবে জপমালার কথা উল্লেখ করে তিনি লেখেন, ‘আমি অস্ত্র হিসেবে জপমালাটি হাতে তুলে নিয়েছিলাম। এই সাহায্যের জন্য আমি প্রভুর কাছে কৃতজ্ঞ।’

ক্যাথলিক ধর্মাবলম্বীদের কাছে জপমালা প্রার্থনার গুরুত্বপূর্ণ উপকরণ। ডায়েরির বিবরণে দেখা যায়, ফ্রান্সিস এসব অভিজ্ঞতাকে নিজের ধর্মীয় বিশ্বাসের অংশ হিসেবেই দেখতেন।

রক্ষণশীলদের বিরোধিতা ও ক্ষমতার সংকট

২০১৩ সালে পোপ নির্বাচিত হওয়ার পর ক্যাথলিক চার্চকে আরও উদার, অন্তর্ভুক্তিমূলক ও আধুনিক বিশ্বের সঙ্গে সংগতিপূর্ণ করার উদ্যোগ নিয়েছিলেন ফ্রান্সিস। চার্চের দীর্ঘদিনের রক্ষণশীল অবস্থান থেকে কিছুটা সরে এসে বিভিন্ন সামাজিক ও মানবিক বিষয়ে উন্মুক্ত দৃষ্টিভঙ্গির পক্ষে ছিলেন তিনি। এ কারণে চার্চের রক্ষণশীল কার্ডিনালদের একাংশের বিরোধিতার মুখেও পড়তে হয় তাকে। তাদের আশঙ্কা ছিল, ফ্রান্সিসের সংস্কার উদ্যোগে ক্যাথলিক চার্চের প্রচলিত ধর্মীয় শিক্ষা ও কঠোর অবস্থান দুর্বল হয়ে পড়তে পারে।

তবে ডায়েরিতে ভ্যাটিকানের কর্মকর্তাদের নিয়ে সরাসরি আলোচনা খুব কম। ১৬০ পৃষ্ঠার বইটির মূল বিষয় ফ্রান্সিসের ব্যক্তিগত বিশ্বাস, আধ্যাত্মিক অভিজ্ঞতা ও মানসিক টানাপোড়েন।

বইটি সংকলন করেছেন কার্ডিনাল ভিক্টর ফার্নান্দেজ। ২০২৩ সালে ফ্রান্সিস তাকে ভ্যাটিকানের প্রভাবশালী মতবাদবিষয়ক দপ্তরের প্রধান হিসেবে নিয়োগ দিয়েছিলেন। তিনি ছিলেন ফ্রান্সিসের ঘনিষ্ঠ সহযোগী। তবে বইটিতে সম্পূর্ণ ডায়েরি প্রকাশ করা হয়নি; বিষয়ভিত্তিকভাবে বাছাই করা অংশের সঙ্গে ফার্নান্দেজের নিজস্ব ব্যাখ্যাও যুক্ত করা হয়েছে।

১৯৬০-এর দশকের পর কোনো পোপের ব্যক্তিগত ডায়েরি মৃত্যুর পর এভাবে প্রকাশের ঘটনা এটিই প্রথম। সাধারণত পোপেরা মৃত্যুর পর তাদের ব্যক্তিগত কাগজপত্র পুড়িয়ে ফেলার নির্দেশ দিয়ে থাকেন। যদিও ১৯৭৮ থেকে ২০০৫ সাল পর্যন্ত দায়িত্ব পালন করা পোপ জন পল দ্বিতীয়ের কিছু ব্যক্তিগত নথি পরে প্রকাশ করা হয়েছিল। মৃত্যুর পর ডায়েরি প্রকাশিত হওয়া সর্বশেষ পোপ ছিলেন জন তেইশতম। তিনি ১৯৬৩ সালে মারা যান।

চিলি সফর নিয়ে অনুশোচনা, ভবিষ্যৎ পোপের প্রশংসা

ফ্রান্সিসের ডায়েরিতে তার পোপ-জীবনের কয়েকটি গুরুত্বপূর্ণ ঘটনার কথাও উঠে এসেছে। এর মধ্যে রয়েছে ২০১৮ সালে চিলি সফর নিয়ে বিতর্ক। ওই সফরের সময় দেশটির একজন বিশপের বিরুদ্ধে যৌন নির্যাতন ও ঘটনা ধামাচাপা দেওয়ার অভিযোগ উঠলেও শুরুতে তা খারিজ করে দিয়েছিলেন ফ্রান্সিস। এ কারণে ব্যাপক সমালোচনার মুখে পড়েন তিনি। পরে নিজের অবস্থানের জন্য ক্ষমা চান এবং চিলির সব বিশপকে ভ্যাটিকানে ডেকে পাঠান। সেখানে নজিরবিহীনভাবে দেশটির সব বিশপ পদত্যাগের প্রস্তাব দেন।

২০২১ সালের একটি ডায়েরি-লেখায় চিলির ঘটনা স্মরণ করে ফ্রান্সিস লিখেছেন, ‘চিলির পরিস্থিতি নিয়ে আমি বিধ্বস্ত ছিলাম। সেখানে যা ঘটেছিল, তা মেনে নেওয়া আমার জন্য কঠিন ছিল; আমি ভাবিনি বিষয়টি এতটা গুরুতর।’

ডায়েরির সংকলক ফার্নান্দেজ ফ্রান্সিসের সঙ্গে বিভিন্ন জ্যেষ্ঠ ধর্মীয় কর্মকর্তার সম্পর্কের কথাও তুলে ধরেছেন। তাদের মধ্যে রয়েছেন যুক্তরাষ্ট্রের কার্ডিনাল রবার্ট প্রেভোস্ট। ২০২৫ সালের মে মাসে ফ্রান্সিসের উত্তরসূরি নির্বাচিত হয়ে তিনি পোপ লিও চতুর্দশ হন।

প্রেভোস্ট সম্পর্কে ফ্রান্সিসের মূল্যায়ন ছিল ইতিবাচক। ফার্নান্দেজের ভাষ্য অনুযায়ী, ফ্রান্সিস তাকে বলেছিলেন, ‘তিনি একজন মহান ধর্মযাজক, উদার মনের মিশনারি এবং নিষ্কলুষ চরিত্রের মানুষ।’

অন্যদিকে সমালোচকদের মধ্যেও কয়েকজনের প্রতি ইতিবাচক মনোভাব ছিল ফ্রান্সিসের। গিনির কার্ডিনাল রবার্ট সারাহ সম্পর্কে তিনি বলেছিলেন, তার মধ্যে ‘পরিশীলিত আধ্যাত্মিক সংবেদনশীলতা’ রয়েছে। জার্মানির কার্ডিনাল গেরহার্ড মুলার সম্পর্কে তার মন্তব্য ছিল, ‘তাকে আক্রমণাত্মক মনে হয়, কিন্তু তিনি একজন ভালো মানুষ।’

নিজের পোপ নির্বাচিত হওয়ার বিষয়টি নিয়ে অবশ্য ডায়েরিতে খুব বেশি কিছু লেখেননি ফ্রান্সিস। ২০১৩ সালের জুলাইয়ে, পোপ নির্বাচিত হওয়ার চার মাসেরও বেশি সময় পর তিনি শুধু লিখেছিলেন, ‘১৩ মার্চ তারা আমাকে পোপ নির্বাচিত করেছে।’

আর্জেন্টিনার জর্জ মারিও বেরগোলিও থেকে বিশ্বের ১৩০ কোটির বেশি ক্যাথলিকের ধর্মীয় নেতা হয়ে ওঠা ফ্রান্সিসের এই ডায়েরি তার প্রকাশ্য জীবন ও ব্যক্তিগত বিশ্বাসের মধ্যকার পার্থক্য তুলে ধরেছে। চার্চ সংস্কারের জন্য পরিচিত এই পোপের জীবনে আধ্যাত্মিক দ্বন্দ্ব, ক্ষমতা প্রয়োগ নিয়ে সংশয় এবং নিজের বিশ্বাসের সঙ্গে নিরন্তর লড়াইয়ের যে অভিজ্ঞতা ছিল, ডায়েরির সংকলনটি তারই বিরল দলিল।

তথ্যসূত্র: রয়টার্স ও দ্য গার্ডিয়ান।

source: Rajneete

Back to top button