সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা-ভাঙচুর

জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর সালমান মোহাম্মদ মুক্তাদিরের স্টুডিওতে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে।
শনিবার (২৭ সেপ্টেম্বর) মধ্যরাতে রাজধানীর ইসিবি চত্বরের নিউগ্রিনি প্রপার্টিজে হামলা ও লুটপাটের ঘটনা ঘটেছে।
দেখা গেছে সিসি ক্যামেরাসহ স্টুডিওর সকল যন্ত্রাংশ এবং রুমের যাবতীয় জিনিসপত্র লুটপাট ও অন্যান্য জিনিসপত্র ভেঙ্গে তছনছ করে ফেলেছে দুর্বৃত্তরা।
এ বিষয়ে সালমান মুক্তাদির বলেন, চাঁদার ঘটনাকে কেন্দ্র করে এ ঘটনা ঘটেছে। শুধু হামলা ও ভাঙচুর না ছিনতাইও হয়েছে।
এ বিষয়ে ক্যান্টনমেন্ট থানার ডিউটি অফিসার আহসান হাবিব বলেন, হামলার ঘটনায় দুজনকে আটক করা হয়েছে। একজনের নাম মামুন, আরেকজন আসলাম।
ক্যান্টনমেন্ট থানার ওসি মুহাম্মদ গিয়াস উদ্দিন গণমাধ্যমকে বলেন, ইসিবি চত্বরে একটি অফিসে হামলা হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘটনাস্থল থেকে দুজনকে ছোরাসহ আটক করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
source: Asia Post







