অদলীয়অর্থনীতিজাতীয়বিশ্লেষণযুক্তি-তর্করাজনীতি

অসন্তোষের স্থায়ী সমাধানে প্রয়োজন অংশগ্রহণমূলক রাষ্ট্রীয় কাঠামো

দেশের শিল্পাঞ্চলে পোশাক শ্রমিকদের চলমান আন্দোলনকে নিছক আইনশৃঙ্খলার সমস্যা হিসেবে বিবেচনা না করে দীর্ঘদিনের অর্থনৈতিক বঞ্চনা, অপর্যাপ্ত মজুরি, জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি এবং শ্রমিকদের অধিকার ও মর্যাদার আকাঙ্ক্ষার বহি:প্রকাশ হিসেবে দেখছেন দেশের বিভিন্ন রাজনৈতিক মহল।
তারা মনে করছেন, শ্রমিকদের ন্যায্য দাবি পূরণ এবং রাষ্ট্র পরিচালনায় উৎপাদনমুখি জনগোষ্ঠীর সিদ্ধান্ত গ্রহণে আইনগত অংশীদারিত্ব নিশ্চিত করা ছাড়া গণঅভ্যুত্থান-পরবর্তী গণতান্ত্রিক রূপান্তর পূর্ণতা পাবে না।
ওই সব রাজনৈতিক মহল মনে করছেন, পোশাক শ্রমিকদের চলমান অসন্তোষ আন্দোলনের মধ্যে সীমাবদ্ধ নয়। এর মধ্য দিয়ে গণঅভ্যুত্থান-পরবর্তী বাংলাদেশের রাষ্ট্রীয় কাঠামো, গণতন্ত্রের প্রকৃতি এবং রাষ্ট্র পরিচালনায় জনগণের অংশগ্রহণের প্রশ্নটি সামনে এসেছে। ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানে পোশাক শ্রমিকসহ শ্রমজীবী মানুষ, কৃষক, পেশাজীবী ও ছাত্রসমাজ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করলেও পরবর্তী রাষ্ট্র সংস্কার ও সিদ্ধান্ত গ্রহণে উৎপাদনমুখি জনগোষ্ঠীর কোনো ধরণের অংশগ্রহণ নিশ্চিত হয়নি। যেমনটি করা হয়নি একাত্তরের সশস্ত্র সংগ্রামের মধ্য দিয়ে সদ্য স্বাধীন বাংলাদেশেও। তৎকালীন বাংলাদেশে যেমন ব্রিটিশ-পাকিস্তানী ঔপনিবেশিক রাষ্ট্রীয় কাঠামো ও শাসনব্যবস্থা পুর্নবহাল করে জনগণকে এক ধরণের পরাধীনতায় আবদ্ধ করা হয়েছিলো সেই একই ঘটনার পুনরাবৃত্তি ঘটেছে ২০২৪ সালের ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের পর।
রাজনৈতিক বিশ্লেষকদের ভাষ্যমতে, পোশাক শ্রমিকসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষের ন্যায্যা আন্দোলনের মুখে অতীতের সরকারগুলো যে ধরণের পদক্ষেপ গ্রহণ করতো বর্তমান সরকারও একই ধরণের পদক্ষেপ গ্রহণ করছে। এতে করে ন্যায্য দাবি আদায়ের স্থায়ী কোনো সমাধান হচ্ছে না। ফলে শ্রমজীবী জনতার দাবি আদায়ে রাজপথে আন্দোলন করা ছাড়া আর কোনো বিকল্প থাকছে না। এই আন্দোলনগুলো দেশের অর্থনীতির চাকাকে বার বার মন্থর করছে।
শ্রমিকদের নির্বাচিত ও জবাবদিহিমূলক প্রতিনিধিত্ব নিশ্চিত করার পাশাপাশি ভবিষ্যৎ দুইকক্ষবিশিষ্ট জাতীয় সংসদের উচ্চকক্ষে পোশাক শ্রমিকসহ অন্যান্য সকল ক্ষেত্রের শ্রমিক, কৃষক, উৎপাদক ও বিভিন্ন পেশাজীবী জনগোষ্ঠীর প্রতিনিধিত্বের সাংবিধানিক ব্যবস্থা প্রতিষ্ঠার প্রস্তাব দিয়েছে জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডি।
দলটির সভাপতি আ স ম আবদুর রব ও সাধারণ সম্পাদক শহীদ উদ্দিন মাহমুদ স্বপন এক যৌথ বিবৃতিতে বলেছেন, রাষ্ট্রের গণতান্ত্রিক রূপান্তর কেবল শাসক পরিবর্তনের বিষয় নয়; রাষ্ট্র পরিচালনায় জনগণের কার্যকর অংশীদারিত্ব প্রতিষ্ঠাই এর অপরিহার্য শর্ত।
তারা আরও বলেছেন, দেশের অর্থনীতি ও বৈদেশিক মুদ্রা অর্জনে পোশাকশিল্পের অসামান্য অবদান থাকলেও এই শিল্পের মূল চালিকাশক্তি শ্রমিকেরা খাদ্য, বাসস্থান, চিকিৎসা ও শিক্ষার মতো মৌলিক চাহিদা পূরণে প্রতিনিয়ত হিমশিম খাচ্ছেন এবং অমানবিক জীবন-যাপন করছেন।
তাঁদের মতে, ন্যায্য দাবি পূরণ না করে আন্দোলন দমনের চেষ্টা কোনো স্থায়ী সমাধান আনতে পারে না। দ্রুত ন্যায্য মজুরি নির্ধারণ ও বাস্তবায়ন, বকেয়া পাওনা পরিশোধ, নিরাপদ কর্মপরিবেশ, চাকরির নিশ্চয়তা এবং সামাজিক সুরক্ষা দিতে সিদ্ধান্ত গ্রহণে শ্রমজীবীদের অংশগ্রহণ নিশ্চিত করতে হবে। এই বিষয়ে সরকার, শিল্পমালিক ও আন্তর্জাতিক ক্রেতাদের দায়িত্বশীল ভূমিকা নিতে হবে।
২০২৪ সালের ৮ আগস্ট ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব গ্রহণ করার পর থেকে বাংলাদেশে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ শতাধিক ছোট-বড় আন্দোলন ও বিক্ষোভ করেছিলো। বিভিন্ন গবেষণা ও তথ্য বিশ্লেষণ অনুযায়ী, ওই সময়ে প্রায় ১২০ থেকে ১৩০টিরও বেশি ছোট-বড় আন্দোলন, সড়ক অবরোধ, মানববন্ধন ও বিক্ষোভের ঘটনা রেকর্ড করা হয়।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দেওয়া তথ্য অনুযায়ী, অন্তর্বর্তী সরকারের সময় ঢাকা ও তার আশপাশের এলাকাতেই ১২৩টি সংগঠন তাদের বিভিন্ন দাবি নিয়ে ১ হাজার ৬০৪ বার সড়ক অবরোধ ও বিক্ষোভ কর্মসূচি পালন করে।
অন্তর্বর্তীকালীন সরকারের প্রথম ৬ মাসে আনুষ্ঠানিকভাবে ১৩৬টি আন্দোলন বা বিক্ষোভের তালিকা প্রকাশ হয় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও গণমাধ্যমের প্রতিবেদনে।
ওই সময়ের আনসার সদস্যদের চাকরি স্থায়ীকরণের দাবি, সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫ বছরে উন্নীত করার আন্দোলন, পোশাক শ্রমিকদের মজুরি ও কর্মপরিবেশ সংক্রান্ত দাবি, শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার আন্দোলন, পল্লী বিদ্যুৎ কর্মচারীদের সংগঠনগত ও চাকরি সংক্রান্ত দাবি এবং সরকারি কর্মকর্তা-কর্মচারীদের পদোন্নতি ও সুযোগ-সুবিধার আন্দোলনসহ বিভিন্ন কর্মসূচি রাজপথে উঠে আসে। সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা ও অধিকার প্রতিষ্ঠার দাবিও ওই সময়ের আন্দোলনের অন্যতম আলোচিত বিষয় হয়ে ওঠে।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এই বিস্তৃত আন্দোলন প্রবাহের মধ্য দিয়ে স্পষ্ট হয়েছে, রাষ্ট্রীয় ও প্রশাসনিক পরিবর্তনের পাশাপাশি মানুষের জীবিকা, কর্মসংস্থান, নিরাপত্তা, মর্যাদা এবং অধিকার প্রতিষ্ঠার প্রত্যাশাও ছিল প্রবল।
রাজনৈতিক মহলগুলো বলছে, ড. মুহম্মদ ইউনুস সরকার এই বাস্তবতা উপলব্ধি করতে পারেনি, বর্তমান সরকার যদি এই ক্ষেত্রে ব্যর্থ হয় তাহলে গণঅভ্যুত্থানের রাজনৈতিক তাৎপর্য সীমিত হয়ে পড়বে। শ্রমিক প্রতিনিধিদের অন্তর্ভুক্ত করে নতুন মজুরি বোর্ড গঠনের উদ্যোগ ইতিবাচক। শ্রমিকদের প্রকৃত বঞ্চনা ও ন্যায্য দাবিকে রাজনৈতিক উসকানির অভিযোগ দিয়ে আড়াল করা যাবে না বলেও মত বিশ্লেষকদের।
তারা বলছেন, কোনো অভিযোগ থাকলে তা প্রমাণ সাপেক্ষে তদন্ত করে যথাযথ ব্যবস্থা নেওয়া যেতে পারে। একই সঙ্গে মজুরি বোর্ডের প্রতিনিধিত্বকে শিল্পনীতি, শ্রমকল্যাণ, সামাজিক সুরক্ষা এবং সিদ্ধান্ত বাস্তবায়ন ও তদারকির ক্ষেত্রেও বিস্তৃত করতে হবে।
রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, সরকারের এসব উদ্যোগ শ্রম-কর্ম-পেশার জনগণের কর্মসংস্থান সংক্রান্ত আকাঙ্ক্ষা কিছুটা বাস্তবায়ন করলেও সামাজিক ও রাজনৈতিক আকাঙ্ক্ষা পূরণ করতে পারবে না। তাই রাষ্ট্র পরিচালনায় শ্রম-কর্ম-পেশার জনগণের প্রতিনিধিত্বের মাধ্যমে সামাজিক ও রাজনৈতিক আকাঙ্ক্ষা পূরণের ব্যবস্থা করতে হবে। অন্যথায় এ ধরণের অস্থিরতা জাতীয় অর্থনীতিকে যেমনি ক্ষতিগ্রস্ত করবে তেমনি রাজনৈতিক সঙ্কটকে আরও ঘণিভূত করবে।

Back to top button