News

কিয়েভে রুশ হামলা, ওলেশকিতে যুদ্ধবিরতির মধ্যেই বিস্ফোরণ

ইউক্রেনের রাজধানী কিয়েভে রাতে রুশ ক্ষেপণাস্ত্র হামলার পর সকালে আবারও বিস্ফোরণের শব্দ শোনা গেছে। একই সময়ে রুশ-অধিকৃত ওলেশকি শহরকে ঘিরে মানবিক সহায়তা ও বেসামরিক নাগরিকদের সরিয়ে নেওয়ার জন্য স্থানীয় যুদ্ধবিরতি শুরু হয়েছে। ফলে ইউক্রেনের এক এলাকায় সাময়িক যুদ্ধবিরতি কার্যকর হলেও অন্যত্র রুশ হামলা অব্যাহত থাকার চিত্র দেখা গেছে।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, মঙ্গলবার (২৭ অক্টোবর) কিয়েভে একাধিক বিস্ফোরণের শব্দ শোনা গেছে। এর আগে সোমবার রাতে রুশ ক্ষেপণাস্ত্র হামলায় শহরটিতে অন্তত একজন নিহত ও ১০ জন আহত হন। হামলায় একটি মেট্রো স্টেশন ও চিকিৎসাকেন্দ্র ক্ষতিগ্রস্ত হয়।

কিয়েভের মেয়র ভিতালি ক্লিৎসকো জানিয়েছেন, একটি ভূগর্ভস্থ স্টেশনের কাছে হামলা হয়েছে এবং জরুরি উদ্ধারকর্মীরাও হামলার শিকার হয়েছেন। ডিনিপ্রো নদীর পূর্ব তীরের কয়েকটি এলাকায় বিদ্যুৎ সরবরাহও বন্ধ হয়ে যায়।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, রাশিয়া রাতভর ১৬টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ২৮০টির বেশি ড্রোন ছুড়েছে। হামলায় কিয়েভের পাশাপাশি খারকিভ ও পাভলোহরাদেও হতাহত হয়েছে। কিয়েভে দক্ষিণাঞ্চলীয় সেতু ও সংশ্লিষ্ট মেট্রো অবকাঠামো ক্ষতিগ্রস্ত হওয়ার খবরও পাওয়া গেছে।

এর মধ্যেই মঙ্গলবার ভোরে রুশ-অধিকৃত খেরসন অঞ্চলের ওলেশকি শহরকে ঘিরে স্থানীয় যুদ্ধবিরতি কার্যকর হয়। যুক্তরাষ্ট্রের ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পের মধ্যস্থতায় হওয়া এই সাময়িক বিরতির লক্ষ্য শহরটিতে খাবার, পানি, ওষুধ ও চিকিৎসাসামগ্রী পৌঁছানো এবং বেসামরিক নাগরিকদের সরিয়ে নেওয়ার সুযোগ তৈরি করা। শহরটিতে প্রায় দুই হাজার মানুষ তীব্র খাদ্য ও ওষুধসংকটে আটকা পড়ে আছেন।

রাশিয়া ও ইউক্রেন উভয় পক্ষই ওলেশকির যুদ্ধবিরতি শুরুর বিষয়টি নিশ্চিত করেছে। তবে একই সময়ে কিয়েভে নতুন বিস্ফোরণ নিয়ে ক্রেমলিনের পক্ষ থেকে কোনো বক্তব্য আসেনি।

source: Rajneete

Back to top button