বিতর্কের মুখে ফিফা সভাপতির পাশে দাঁড়াল আর্জেন্টিনা

ইউরোপের দেশগুলোর বিশ্বকাপ বয়কটের হুমকি ও নেতৃত্ব নিয়ে তীব্র সমালোচনার মধ্যেই জিয়ান্নি ইনফান্তিনোর পাশে দাঁড়াল আর্জেন্টিনা। ফিফা সভাপতির গত ১০ বছরের কর্মকাণ্ডের প্রতি আনুষ্ঠানিকভাবে সমর্থন জানিয়েছে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ)।
বৃহস্পতিবার এএফএ সভাপতি ক্লদিও তাপিয়ার স্বাক্ষরিত এক বিবৃতিতে এই সমর্থন জানানো হয়। এতে বিশ্বজুড়ে ফুটবলের উন্নয়ন এবং একটি স্থিতিশীল প্রশাসনিক কাঠামো তৈরির জন্য ইনফান্তিনোর নেতৃত্বের প্রশংসা করা হয়েছে।
সামনে ফিফার পরবর্তী কংগ্রেস। এমন সময়ে তাপিয়ার নেতৃত্বাধীন এএফএ জানিয়েছে, ইনফান্তিনোর অধীনেই কাজ চালিয়ে যাওয়াকে সঠিক পথ মনে করে তারা। আরও উন্নত ও অন্তর্ভুক্তিমূলক ফুটবল গড়ে তুলতে তার নেতৃত্ব প্রয়োজন বলেও উল্লেখ করা হয়েছে।
তবে ইনফান্তিনোর বিতর্কিত ফিফা ফরোয়ার্ড এন্টারপ্রাইজ পরিকল্পনাকে সমর্থন করেনি এএফএ। বিশ্বকাপসহ ফিফার প্রতিযোগিতাগুলোর বাণিজ্যিক স্বত্বের একটি অংশ বেসরকারি বিনিয়োগকারীদের কাছে দেওয়ার লক্ষ্যে পরিকল্পনাটি করা হয়েছিল।
এএফএর মতে, শুরু থেকেই পরিকল্পনাটি ফুটবল–বিশ্বে নিশ্চয়তার চেয়ে বেশি অনিশ্চয়তা তৈরি করেছিল। সেটি প্রত্যাহার, সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়ায় ভুল স্বীকার এবং ফিফার ২১১ সদস্য দেশের কাছে ক্ষমা চাওয়াকে ইতিবাচক হিসেবে দেখছে আর্জেন্টাইন ফুটবলের নিয়ন্ত্রক সংস্থাটি।
পরিকল্পনাটি প্রণয়নের সময় সদস্য দেশ ও আঞ্চলিক কনফেডারেশনগুলোর সঙ্গে আলোচনা না করার অভিযোগে প্রবল চাপের মুখে পড়েন ইনফান্তিনো। উয়েফা তার প্রতি আস্থা হারানোর কথা জানিয়ে ফিফার প্রতিযোগিতা বয়কটের হুমকিও বহাল রেখেছে।
এমনকি আর্জেন্টিনা যে কনমেবলের সদস্য, সেই দক্ষিণ আমেরিকান ফুটবল সংস্থাও ফিফার বারবার একতরফা সিদ্ধান্ত নেওয়ায় উদ্বেগ জানিয়েছে। তবে পরিকল্পনার সমালোচনা করলেও ইনফান্তিনোর নেতৃত্বের প্রতি সমর্থন জানিয়ে কনমেবলের সামগ্রিক অবস্থান থেকে কিছুটা আলাদা পথ নিল এএফএ।
এর আগে আফ্রিকান ফুটবল কনফেডারেশনও সর্বসম্মতভাবে ইনফান্তিনোর পাশে দাঁড়ায়। এবার বিশ্ব ফুটবলের অন্যতম প্রভাবশালী দেশ আর্জেন্টিনার সমর্থন সংকটে থাকা ফিফা সভাপতিকে আরও কিছুটা স্বস্তি দিল।
source: Asia Post







