চুরির অভিযোগে কিশোরকে হাত-পা বেঁধে মারধর, আটক ২

‘চোর’ সন্দেহে ১৭ বছরের এক কিশোরকে হাত-পা বেঁধে লাঠি দিয়ে মারধরের অভিযোগ উঠেছে লক্ষ্মীপুরের রায়পুরে নির্যাতনের সেই ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে। এ ঘটনায় এলাকায় ক্ষোভ ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে দুই তরুণকে আটক করেছে পুলিশ।
শনিবার (৩ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার উত্তর চর আবাবিল ইউনিয়নের দিঘলদি গ্রাম থেকে রাকিব হোসেন ও কাইয়ুম নামে ওই দুই তরুণকে আটক করা হয়।
মারধরের শিকার কিশোর শান্ত মজুমদার একই গ্রামের বাসিন্দা। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, কেওড়াডুগি এলাকায় সম্প্রতি কয়েকটি বাড়ি ও দোকানে চুরির ঘটনা ঘটে। এসব ঘটনার পর শান্তকে চুরির সঙ্গে জড়িত সন্দেহে স্থানীয় কয়েকজন যুবক ও তার ভাই অন্তর মজুমদার আটক করেন। পরে তাকে হাত-পা বেঁধে লাঠিসোঁটা দিয়ে মারধর করা হয় বলে অভিযোগ।
ফেসবুকে ছড়িয়ে পড়া ১ মিনিট ৩২ সেকেন্ডের ভিডিওতে দেখা যায়, হাত বাঁধা অবস্থায় এক কিশোরকে কয়েকজন ব্যক্তি ঘিরে ধরে লাঠি দিয়ে মারধর করছেন। কিশোরটি নিজেকে নির্দোষ দাবি করলেও তাকে মারধর করা হচ্ছে, এমন দৃশ্য দেখা যায় ভিডিওতে।
ঘটনার পর স্থানীয় বাসিন্দাদের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে। তাদের ভাষ্য, কারও বিরুদ্ধে চুরির অভিযোগ থাকলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে সোপর্দ করা উচিত। নিজেরা শাস্তি দেওয়ার সুযোগ নেই।
স্থানীয় বাসিন্দা জাকির হোসেন বলেন, একজন কিশোরকে এভাবে হাত-পা বেঁধে মারধর করা অত্যন্ত দুঃখজনক। অপরাধের অভিযোগ থাকলে পুলিশকে জানানো উচিত ছিল। আইন নিজের হাতে তুলে নেওয়া কোনোভাবেই সমর্থনযোগ্য নয়।
মারধরের শিকার শান্ত মজুমদার মুঠোফোনে বলেন, চুরির সঙ্গে আমার কোনো সম্পৃক্ততা নেই। শুধু সন্দেহের কারণে আমাকে ধরে হাত-পা বেঁধে মারধর করা হয়েছে। পরে সেই ভিডিও ফেসবুকে ছড়িয়ে দেওয়া হয়েছে। এতে আমি সামাজিকভাবে হেয় হয়েছি।
তবে পুলিশ জানিয়েছে, কেওড়াডুগি এলাকায় চুরির ঘটনার বিষয়ে তারা তথ্য পেয়েছে। কিন্তু শান্ত মজুমদারের কাছ থেকে কোনো চোরাই মালামাল উদ্ধারের তথ্য পাওয়া যায়নি।
পুলিশের ভাষ্য, চুরির অভিযোগের পাশাপাশি কিশোরকে মারধরের ঘটনাটিও তদন্ত করা হচ্ছে। অভিযোগ প্রমাণিত হওয়ার আগেই কাউকে শারীরিকভাবে নির্যাতন বা অপমান করার সুযোগ নেই।
রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিজাম উদ্দীন ভূঁইয়া এশিয়া পোস্টকে বলেন, কিশোরকে বেঁধে মারধরের ভিডিওটি আমরা দেখেছি। চুরির অভিযোগ তুলে তার ভাইসহ স্থানীয় কয়েকজন যুবক তাকে মারধর করেছে। এ ঘটনায় জড়িত সন্দেহে দুজনকে আটক করে থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ঘটনার সত্যতা যাচাই করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
source: Asia Post






