ঢাকায় বিশ্বসেরা ক্বারিদের মিলনমেলা ৪ ডিসেম্বর

প্রতি বছরের ন্যায় আবারও ঢাকায় শুরু হচ্ছে আন্তর্জাতিক কিরাত সম্মেলন। আগামী ৪ ডিসেম্বর জাতীয় মসজিদ বায়তুল মোকাররম চত্বরে অনুষ্ঠিত হতে যাচ্ছে এবারের ‘২৫তম ইকরা আন্তর্জাতিক কিরাত সম্মেলন বাংলাদেশ-২০২৬’।
আন্তর্জাতিক কুরআন তিলাওয়াত সংস্থার (ইকরা) উদ্যোগে, পিএইচপি ফ্যামিলির পৃষ্ঠপোষকতায় এবং ইসলামিক ফাউন্ডেশনের সহযোগিতায় এ সম্মেলনের আয়োজন করা হয়েছে। এ বছর ইকরা সংস্থার প্রতিষ্ঠার ৬০ বছর পূর্তি উপলক্ষে সম্মেলনটি বিশেষ গুরুত্ব বহন করছে।
সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ। উদ্বোধক হিসেবে উপস্থিত থাকবেন জাতীয় সংসদের হুইপ মিয়া নুরউদ্দিন আহমেদ অপু।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন, সড়ক পরিবহন ও রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশীদ হাবিব, ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক মুফতি মুহাম্মদ মহিবুল্লাহ হিল বাকী এবং বাংলাদেশ পুলিশের ডেপুটি ইন্সপেক্টর জেনারেল এজাজ আহমেদ।
সম্মেলনের প্রধান পৃষ্ঠপোষক হিসেবে থাকছেন পিএইচপি ফ্যামিলির চেয়ারম্যান ও একুশে পদকপ্রাপ্ত সুফী মোহাম্মদ মিজানুর রহমান। এ ছাড়া সম্মানিত অতিথি হিসেবে বাংলাদেশে নিযুক্ত বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও কূটনীতিকরা উপস্থিত থাকবেন।
এবারের সম্মেলনে আন্তর্জাতিক পর্যায়ের বিশিষ্ট ক্বারিরা অংশগ্রহণ করবেন। তাদের মধ্যে রয়েছেন, মিসরের ক্বারি ড. মুফতি মাহমুদ কামাল নাজ্জার, ইরানের উস্তায ক্বারি মাহদি আদেলী, আফগানিস্তানের উস্তায ক্বারি আলী রেজা রেয়াঈ, তুরস্কের শাইখ ক্বারি হুসাইন তুরকান এবং ইরাকের ড. খাইরুদ্দিন আল-হাদী।
সম্মেলনে সভাপতিত্ব করবেন ইকরার সভাপতি, বিশ্বখ্যাত কারি শাইখ আহমাদ বিন ইউসুফ আল-আযহারী।
উল্লেখ্য, ১৯৬৬ সালে বাংলাদেশে বিশুদ্ধ কুরআন তিলাওয়াত ও ইলমে কিরাতের প্রচার-প্রসারে ইমামুল কুররা হযরত মাওলানা ক্বারি মুহাম্মদ ইউসুফ (রহ.)-এর উদ্যোগে আন্তর্জাতিক কুরআন তিলাওয়াত সংস্থা (ইকরা) প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠার পর থেকে সংস্থাটি গত ৫৯ বছরে ২৪টি আন্তর্জাতিক কিরাত সম্মেলনের আয়োজন করেছে।
source: Asia Post








