বায়োজিনের কারখানায় মেয়াদোত্তীর্ণ কেমিক্যাল ধরে ‘বিপাকে’ ভোক্তার কর্মকর্তা

মেয়াদোত্তীর্ণ কাঁচামাল ও রাসায়নিক ব্যবহার করে প্রসাধনী তৈরির অভিযোগে গ্রিন বায়োটেকনোলজি নামের একটি প্রতিষ্ঠান অভিযান পরিচালনা করেন জামালপুর ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক শরীফুল ইসলাম। জামালপুরের মেলান্দহ উপজেলার এই কারখানায় বেশকিছু মেয়াদোত্তীর্ণ কাঁচামাল ও রাসায়নিকের সন্ধান পান। এ সময় ওই প্রতিষ্ঠানকে ২ লাখ টাকা জরিমানার পাশাপাশি সেখানে থাকা বিপুল মেয়াদোত্তীর্ণ কাঁচামাল ও রাসায়নিক জব্দ করেন তিনি।
এদিকে অভিযানের পর মেয়াদোত্তীর্ণ কেমিক্যাল ও জরিমানা প্রসঙ্গ এড়িয়ে ২১ নভেম্বর বিবৃতি দেয় বায়োজিন। এর এক দিন পর রোববার (২২ নভেম্বর) দুপুরে কোটি টাকার ক্ষতির দাবি করে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক বরাবর লিখিত অভিযোগ দিয়েছে গ্রিন বায়োটেকনোলজি তত্ত্বাবধায়ক নজরুল ইসলাম।
গ্রিন বায়োটেকনোলজির তত্ত্বাবধায়ক নজরুল ইসলাম সাংবাদিকদের অভিযোগ করে বলেন, আমরা তাকে কাঁচামালগুলো সরকারি বা অন্য যে কোনো পরীক্ষাগারে পরীক্ষা করে আইনগত ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানিয়েছিলাম; কিন্তু তিনি সেই সুযোগ দেননি। আইনগত প্রক্রিয়া অনুসরণ না করে তাৎক্ষণিকভাবে ২ লাখ টাকা পরিশোধে বাধ্য করেন। এমনকি জরিমানার সুনির্দিষ্ট আইনগত ভিত্তি ও পূর্ণাঙ্গ লিখিত আদেশও আমাদের দেওয়া হয়নি। কারখানায় থাকা প্রায় ১ কোটি টাকার কাঁচামালও ধ্বংস করা হয়। ওই রায়ের বিরুদ্ধে আদালতে যাওয়া প্রক্রিয়াধীন রয়েছে।
এ বিষয়ে জামালপুর ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক শরীফুল ইসলাম বলেছেন, ‘অভিযানে আনসার ব্যাটালিয়নের ৩ সদস্যের একটি টিম উপস্থিত ছিল। প্রতিষ্ঠানটি বায়োজিন ব্র্যান্ডের বিভিন্ন প্রসাধনী পণ্য তৈরি করে। উৎপাদন কার্যক্রম দেখতে আকস্মিক পরিদর্শনে গিয়ে বেশ কিছু মেয়াদোত্তীর্ণ কাঁচামাল ও রাসায়নিকের সন্ধান পেয়েছি। এসব উপকরণের মেয়াদ ছয় মাস থেকে এক বছর আগেই শেষ হয়েছে। অভিযানে বিপুল মেয়াদোত্তীর্ণ কাঁচামাল ও রাসায়নিক জব্দ করা হয়।’
কোটি টাকা ক্ষতি এবং গ্রিন বায়োটেকনোলজির অভিযোগের বিষয়ে তিনি বলেন, ‘অভিযানের সময় ভিডিও করা হয়েছে এবং মেয়াদোত্তীর্ণ প্রসাধনীর স্যাম্পল সংগ্রহ করা আছে। আমার দায়িত্ব সঠিকভাবে পালন করেছি।’
ছয় মাস আগে মেয়াদ শেষ হয়ে যাওয়া বিভিন্ন উপাদান ও কেমিক্যাল নিয়ে কসমেটিকস পণ্য উৎপাদন করে বায়োজিন। মেয়াদোত্তীর্ণ উপাদান ও কেমিক্যালে তৈরি এসব পণ্য ঢাকাসহ বায়োজিনের ২৪টি শাখায় বিক্রি করা হয়। এ ছাড়া ওয়েবসাইট ও ফেসবুকের মাধ্যমে অনলাইনেও এসব পণ্য বিক্রি করে আসছে প্রতিষ্ঠানটি। এমন অভিযোগের পরিপ্রেক্ষিতে বায়োজিনের পণ্য উৎপাদনকারী কারখানা ‘গ্রিন বায়োটেকনোলজি’-তে অভিযান চালায় ভোক্তা অধিদপ্তর। আভিযানে মেয়াদোত্তীর্ণ প্রসাধনী পাওয়া যায়। সেখানে বিষয়টি হাতেনাতে ধরা পড়ায় প্রতিষ্ঠানটিকে ২ লাখ টাকা জরিমানার পাশাপাশি মেয়াদোত্তীর্ণ বিপুল কাঁচামাল ও রাসায়নিক জব্দ করা হয়। এ অভিযানের পর গণমাধ্যমে সংবাদও প্রকাশ হয়েছে।
source: Asia Post








