News

গ্রামীণ ব্যাংকে লাগাতার অগ্নিসংযোগের ঘটনায় ড. ইউনূসের বিবৃতি

গ্রামীণ ব্যাংকে লাগাতার অগ্নিসংযোগ ও সন্ত্রাসী হামলা বন্ধ এবং এসব ঘটনায় জড়িত অপরাধীদের দ্রুত বিচারের আওতায় আনার আহ্বান জানিয়েছেন নোবেল শান্তি পুরস্কার বিজয়ী প্রফেসর মুহাম্মদ ইউনূস।

সোমবার (২৩ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের ভেরিফায়েড পেজে দেওয়া এক বিবৃতিতে তিনি এ আহ্বান জানান।

Advertisement

বিবৃতিতে ড. ইউনূস বলেন, ‘সাম্প্রতিক দিনগুলোতে বাংলাদেশে পরিকল্পিতভাবে অগ্নিসংযোগ ও সন্ত্রাসের ঘটনা ঘটে চলেছে। স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, এসব ঘটনার সঙ্গে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সন্দেহভাজন কর্মীরা জড়িত। চট্টগ্রামে আমার নিজের বাড়িও হামলার লক্ষ্যবস্তু হয়েছে। যে বাড়ি থেকে আমার কাজের সূচনা হয়েছিল এবং যা পরবর্তী সময়ে গ্রামীণ ব্যাংকে রূপ নেয় সেখানে আমার দুই ছোট ভাই তাদের পরিবার নিয়ে বসবাস করেন।’

গ্রামীণ ব্যাংকের ওপর ধারাবাহিক হামলাকে অত্যন্ত উদ্বেগজনক ও মর্মান্তিক উল্লেখ করে তিনি বলেন, দরিদ্র মানুষের বিশেষত দরিদ্র নারীদের মালিকানাধীন বিশ্বব্যাপী স্বীকৃত এই প্রতিষ্ঠানকে ২০ বছর আগে নোবেল শান্তি পুরস্কারে ভূষিত করা হয়েছিল। এ বছর দেশজুড়ে গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠার ৫০ বছর এবং নোবেল অর্জনের ২০ বছর উদযাপিত হচ্ছে। ব্যাংকটির ১ কোটি ১০ লাখ ঋণগ্রহীতার ৯৭ শতাংশই নারী এবং ঋণ আদায়ের হার ৯৫ শতাংশের বেশি। এই দরিদ্র নারীরাই ব্যাংকটির প্রকৃত মালিক। তাই ব্যাংকের ওপর হামলা মানে তাদের নিরাপত্তা, স্বাধীনতা ও সন্তানদের ভবিষ্যতের ওপর সরাসরি আঘাত।

আরো পড়ুন

হামলার ভয়াবহ চিত্র তুলে ধরে বিবৃতিতে বলা হয়, চলতি নভেম্বর মাসের শুরু থেকে প্রায় প্রতিদিনই পেট্রোল বোমা নিক্ষেপ করে গ্রামীণ ব্যাংকের শাখাগুলোতে হামলা চালানো হচ্ছে এবং এ সময় ‘জয় বাংলা’ স্লোগান দেওয়া হচ্ছে। শুধু নভেম্বর মাসেই দেশের প্রায় ১০০টি শাখায় একই কায়দায় হামলা হয়েছে।

ড. ইউনূস মনে করেন, হামলার ধরন দেখে স্পষ্ট বোঝা যায়, ওপরের মহলের নির্দেশেই অপরাধীরা প্রতিদিন এ ধরনের নাশকতা চালাচ্ছে। বেশ কয়েকটি ঘটনায় ব্যাংকের কর্মকর্তা ও ঋণগ্রহীতারা অল্পের জন্য প্রাণঘাতী হামলা থেকে রক্ষা পেয়েছেন। এছাড়া একই হামলার ধারাবাহিকতায় জুলাই গণ-অভ্যুত্থানের সম্মুখসারির নেত্রী ও সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুন দেওয়া হয়েছে। পাশাপাশি বিএনপির তিনজন সংসদ সদস্যের বাড়ি এবং তিনটি থানাতেও অগ্নিসংযোগ করা হয়েছে।

হামলাকারীদের অপপ্রচারের জবাব দিয়ে প্রফেসর ইউনূস স্পষ্ট করেন, ‘হামলাকারীরা মিথ্যা প্রচারণা চালিয়ে দাবি করছে, গ্রামীণ ব্যাংকের মালিক আমি এবং ব্যাংকটি আমিই পরিচালনা করি। অথচ ব্যাংকটির ৯০ শতাংশ শেয়ারের মালিক ঋণগ্রহীতারা এবং বাকি ১০ শতাংশের মালিক সরকার। ২০১১ সালে আওয়ামী লীগ সরকার আমাকে ব্যবস্থাপনা পরিচালকের পদ থেকে অপসারণ করার পর থেকে ব্যাংকটির ব্যবস্থাপনা বা পরিচালনায় আমার কোনো সম্পৃক্ততা নেই। গ্রামীণ ব্যাংকের কোনো শেয়ারের মালিক আমি নই, কখনো ছিলামও না।’

বিবৃতিতে জানানো হয়, ১ কোটি ১০ লাখ মালিক, কর্মকর্তা-কর্মচারী এবং গুরুত্বপূর্ণ নথিপত্রের সুরক্ষায় গ্রামীণ ব্যাংক ইতোমধ্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে আনুষ্ঠানিকভাবে জোরদার নিরাপত্তা চেয়েছে।

হামলার পর দ্রুত পদক্ষেপ নেওয়ায় কর্তৃপক্ষকে ধন্যবাদ জানিয়ে ড. ইউনূস প্রতিটি অপরাধীকে দ্রুততম সময়ের মধ্যে বিচারের আওতায় আনার দাবি জানান।

সবশেষে বিশ্বজুড়ে থাকা গ্রামীণ ব্যাংকের বন্ধু ও শুভানুধ্যায়ীদের প্রতি অপরাধীদের বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, গ্রামীণ ব্যাংকের শাখায় হামলা কেবল একটি অগ্রণী বৈশ্বিক প্রতিষ্ঠানের ওপর আঘাত নয়; এটি দারিদ্র্যমুক্ত বিশ্ব গড়ে তোলার সম্মিলিত প্রচেষ্টার ওপর সরাসরি আঘাত। দরিদ্র নারীদের এই ব্যাংককে যেকোনো মূল্যে রক্ষা করতে হবে।

source: Asia Post

Back to top button