প্রধানমন্ত্রিত্ব ধরে রাখতে চান নেতানিয়াহু, জোট সরকার গঠনে আলোচনা ‘নিস্ফল’

ইসরায়েলে নতুন সরকার গঠন নিয়ে সাবেক সেনাপ্রধান গাদি আইজেনকটের দল ইয়াশার ও বর্তমান তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর দল লিকুদের মধ্যে আলোচনা কোনো সমঝোতা ছাড়াই শেষ হয়েছে। চার ঘণ্টার বৈঠকে দুপক্ষ নিজেদের অবস্থান তুলে ধরলেও সরকার গঠনের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলোতে অগ্রগতি হয়নি। বিশেষ করে প্রধানমন্ত্রী কে হবেন এবং উগ্র ডানপন্থি নেতা ইতামার বেন-গভিরকে নতুন সরকারে রাখা হবে কি না— এসব বিষয়ে দুই দলের মধ্যে মতপার্থক্য রয়ে গেছে।
টাইমস অব ইসরায়েল ও আনাদোলু এজেন্সির খবরে বলা হয়েছে, রোববার (২২ নভেম্বর) তেল আবিবের কাছে হার্জলিয়ায় একটি হোটেলে বৈঠকে বসেন দুই দলের প্রতিনিধিরা। বৈঠক শেষে যৌথ বিবৃতিতে দুই দল জানায়, বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে নিজেদের অবস্থান তুলে ধরে বিস্তারিত আলোচনা হয়েছে। আলোচনা অব্যাহত রাখার বিষয়ে একমত হয়েছে দুই পক্ষ। তবে পরবর্তী বৈঠকের দিনক্ষণ জানানো হয়নি।
বৈঠকে লিকুদের পক্ষে ছিলেন দলটির পার্লামেন্টারি দলের নেতা ওফির কাটজ ও নেতানিয়াহুর দীর্ঘদিনের আইনজীবী মাইকেল রাবেলো। ইয়াশারের পক্ষে ছিলেন দলটির নেতা আইজেনকটের ঘনিষ্ঠ সহযোগী চিলি ট্রপার, গাই গুটম্যান ও ইয়োয়াভ হোরোভিটজ।
বৈঠকে প্রধানমন্ত্রী পদ নিয়ে সরাসরি আলোচনা হয়নি বলে জানিয়েছে ইসরায়েলি সংবাদমাধ্যম জেরুজালেম পোস্ট। তবে সরকার গঠনের আলোচনায় দুই দলের মধ্যে সবচেয়ে বড় বিরোধের জায়গা এটিই। ১২০ আসনের নেসেটে ইয়াশারের আসন ২১টি, আর লিকুদের ২৭টি। লিকুদ চায় নেতানিয়াহু নতুন সরকারের প্রধানমন্ত্রী থাকুন। অন্যদিকে ইয়াশার চায়, আইজেনকট পুরো মেয়াদে প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করুন।
বেন-গভিরকে নিয়েও বিরোধ
প্রধানমন্ত্রিত্বের পাশাপাশি নতুন সরকারে উগ্র ডানপন্থি জাতীয় নিরাপত্তামন্ত্রী ইতামার বেন-গভিরের দল ওতজমা ইহুদিতকে রাখা হবে কি না, তা নিয়েও দুপক্ষের মধ্যে মতবিরোধ রয়েছে। বেন-গভিরের দলটির আসন সাতটি। ইয়াশার তাকে সরকারে রাখতে রাজি নয়। অন্যদিকে লিকুদ এ দলকে বাদ দেওয়ার বিষয়ে সম্মতি দেয়নি। নেতানিয়াহুর বর্তমান জোটের আরেক শরিক অর্থমন্ত্রী বেজালেল স্মোত্রিচের দল রিলিজিয়াস জায়নিজমের আসন ছয়টি।
বৈঠকে আরও আলোচনা হয়েছে বিচার বিভাগ সংস্কার, অতি-গোঁড়া ইহুদিদের সামরিক বাহিনীতে বাধ্যতামূলক নিয়োগ এবং ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের হামলার সময় সরকারের ভূমিকা তদন্তে রাষ্ট্রীয় কমিশন গঠনের মতো বিষয় নিয়ে। এসব প্রশ্নেও কোনো সমঝোতা হয়নি বলে জানিয়েছে টাইমস অব ইসরায়েল।
আলোচনার আগে রোববার নেতানিয়াহু আলাদাভাবে বেন-গভির ও স্মোত্রিচের সঙ্গে বৈঠক করেন। লিকুদ জানিয়েছিল, ডানপন্থি শিবিরের পরবর্তী পদক্ষেপ সমন্বয় করতেই ওই বৈঠক। ফলে আইজেনকটের দলের সঙ্গে সমঝোতার চেষ্টা চললেও নেতানিয়াহু নিজের বর্তমান রাজনৈতিক মিত্রদের সঙ্গে সম্পর্ক অটুট রাখার দিকেও নজর দিচ্ছেন বলে মনে করছেন পর্যবেক্ষকেরা।
সংখ্যার সমীকরণে জটিলতা
গত অক্টোবরে অনুষ্ঠিত নির্বাচনে কোনো পক্ষই সরকার গঠনের জন্য প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতা পায়নি। ১২০ আসনের নেসেটে সরকার গঠনের জন্য অন্তত ৬১ জন সদস্যের সমর্থন প্রয়োজন। আইজেনকটের নেতৃত্বাধীন বিরোধী জোটের আসন ৪৮টি। অন্যদিকে নেতানিয়াহুর বিদায়ী জোটের আসন ৫৩টি। ফলে দুই পক্ষেরই সরকার গঠনের জন্য অতিরিক্ত সমর্থন প্রয়োজন।
আল-জাজিরার খবরে বলা হয়েছে, এ পরিস্থিতিতে আইজেনকটের সামনে একাধিক পথ খোলা রয়েছে। এর একটি হলো লিকুদকে নিয়ে ঐক্য সরকার গঠন। সাবেক প্রধানমন্ত্রী নাফতালি বেনেট এ ধরনের সরকার গঠনের পক্ষে। তার প্রস্তাব অনুযায়ী, আইজেনকট প্রথমে প্রধানমন্ত্রী হবেন এবং পরে নেতানিয়াহুর দায়িত্ব নেওয়ার সুযোগ থাকতে পারে।
তবে আইজেনকট এই মেয়াদ ভাগাভাগির ব্যবস্থায় রাজি নন। অন্যদিকে বিরোধী জোটের আরেক নেতা আভিগদর লিবারম্যান নেতানিয়াহুকে প্রধানমন্ত্রী রেখে কোনো সরকারে যোগ দেওয়ার বিরোধিতা করেছেন।
দ্বিতীয় পথ হলো অতি-গোঁড়া ইহুদি দলগুলোর সমর্থন নিয়ে আইজেনকটের নেতৃত্বে সরকার গঠন। এ বিষয়ে ইউনাইটেড তোরাহ জুডাইজমের সঙ্গে আলোচনায় কিছু অগ্রগতির খবর পাওয়া গেছে। তবে সমঝোতা এখনো চূড়ান্ত হয়নি।
আরেকটি বিকল্প হলো আরব দলগুলোর সমর্থন নিয়ে সংখ্যালঘু সরকার গঠন। ইয়াশার জোটের ৪৮ আসনের সঙ্গে আরব দলগুলোর ১৯ আসনের সমর্থন যুক্ত হলে আস্থা ভোটে সরকার গঠনের সুযোগ তৈরি হতে পারে। তবে আরব দলগুলোকে সরকারে যুক্ত করা নিয়ে আইজেনকটের জোটের ভেতরেও মতভেদ রয়েছে।
গত ৮ নভেম্বর ইসরায়েলের প্রেসিডেন্ট আইজ্যাক হারজগ আইজেনকটকে সরকার গঠনের দায়িত্ব দেন। আগামী ৬ ডিসেম্বরের মধ্যে তাকে সরকার গঠন করতে হবে। সরকার গঠনের পথে অগ্রগতি দেখাতে পারলে প্রয়োজনে তিনি আরও ১৪ দিন সময় বাড়ানোর আবেদন করতে পারবেন। নির্ধারিত সময়ের মধ্যে সরকার গঠন করতে না পারলে দেশটিতে নতুন রাজনৈতিক অনিশ্চয়তা তৈরি হতে পারে।
নেতানিয়াহু ২০২২ সালের শেষ দিক থেকে ইসরায়েলের ডানপন্থি সরকার পরিচালনা করে আসছেন। অক্টোবরের নির্বাচনে তার জোট সংখ্যাগরিষ্ঠতা হারানোর পরও তিনি ক্ষমতায় ফেরার চেষ্টা চালিয়ে যাচ্ছেন।
অন্যদিকে আইজেনকটের জন্য চ্যালেঞ্জ নেতানিয়াহুকে ক্ষমতার বাইরে রেখে নিজের জোটের অভ্যন্তরীণ মতপার্থক্য সামলে সংখ্যাগরিষ্ঠ সমর্থন নিশ্চিত করা। লিকুদের সঙ্গে দ্বিতীয় দফার আলোচনাতেও কোনো সমাধান না আসায় সেই চ্যালেঞ্জ আরও স্পষ্ট হয়ে উঠেছে।
source: Rajneete







