News

অটোরিকশার দৌরাত্ম্যে বিরক্ত হয়ে ‘বাপের রাস্তা’ গেম

ঢাকার সড়কে ব্যাটারিচালিত অটোরিকশার বেপরোয়া চলাচল ও বিশৃঙ্খলা নিয়ে ব্যঙ্গাত্মক ওয়েব গেম তৈরি করেছেন সফটওয়্যার প্রকৌশলী ওমর ফারুক রিয়াদ। ‘বাপের রাস্তা’ নামের গেমটিতে অটোরিকশাচালকের ভূমিকায় খেলোয়াড়কে রাস্তায় বেপরোয়াভাবে গাড়ি চালাতে, পথচারী ও অন্য যানবাহনে ধাক্কা দিতে দেখা যায়। এতে বাড়তে থাকে ‘জাতীয় ক্ষতি’র পয়েন্ট। একপর্যায়ে ক্ষুব্ধ জনতার তাড়া ও মারধরের মুখেও পড়তে হয় চালককে।

রিয়াদ জানান, প্রতিদিন বাসা থেকে মহাখালী হয়ে মিরপুরের কর্মস্থলে যাতায়াতের সময় অটোরিকশার নানা অনিয়ম ও বিশৃঙ্খলা চোখে পড়ে তার। এসব অভিজ্ঞতা থেকেই গেমটি তৈরির চিন্তা আসে। প্রায় দুই সপ্তাহে জাভাস্ক্রিপ্ট, এইচটিএমএল, সিএসএস ও থ্রিডি প্রযুক্তি ব্যবহার করে গেমটি তৈরি করেন তিনি। এটি খেলতে আলাদা কোনো অ্যাপ ইনস্টল করতে হয় না; ওয়েব ব্রাউজার থেকেই খেলা যায়।

গুগল অ্যানালিটিকসের তথ্য অনুযায়ী, শুক্রবার ও শনিবার মিলিয়ে গেমটি এক লাখের বেশি বার খেলা হয়েছে। এতে ঢাকার পরিচিত বিভিন্ন স্থাপনা, সড়কের যানজট, অবৈধ ব্যাটারি চার্জিং এবং পুলিশের ‘চা-পানি’ নেওয়ার মতো বিষয় তুলে ধরা হয়েছে। গেমে হর্ন বাজানোর পাশাপাশি কয়েকটি ব্যঙ্গাত্মক সংলাপ ব্যবহারের সুযোগও রয়েছে। খেলা শেষে দেখা যায় ‘দৈনিক যানজট’ নামে একটি কাল্পনিক সংবাদপত্র।

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগ থেকে পড়াশোনা করা রিয়াদ ভবিষ্যতে গেমটিতে একাধিক খেলোয়াড় একসঙ্গে খেলার সুবিধা যুক্ত করতে চান।

তবে গেমে ক্ষুব্ধ জনতার হাতে অটোরিকশাচালককে মারধরের দৃশ্য নিয়ে উদ্বেগ জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শান্তি ও সংঘর্ষ অধ্যয়ন বিভাগের শিক্ষক সাজ্জাদ সিদ্দিকী। তার মতে, এ ধরনের দৃশ্য সহিংসতা ও আইন নিজের হাতে তুলে নেওয়ার প্রবণতাকে স্বাভাবিক করে তুলতে পারে। একই সঙ্গে অটোরিকশার বিশৃঙ্খল চলাচল নিয়ে মানুষের ক্ষোভের বিষয়টিও এতে উঠে এসেছে।

source: Asia Post

Back to top button