News

সৌদির নিরাপত্তায় হুমকির জবাব দেওয়া হবে দৃঢ়ভাবে: যুবরাজ সালমান

সৌদি আরবের নিরাপত্তার বিরুদ্ধে যেকোনো হুমকি বা হামলার জবাব ‘দৃঢ়ভাবে’ দেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন দেশটির যুবরাজ মোহাম্মদ বিন সালমান (এমবিএস)। তবে একই সঙ্গে আঞ্চলিক উত্তেজনা হ্রাস এবং কূটনৈতিক সমাধানের প্রচেষ্টাকে রিয়াদ অব্যাহতভাবে সমর্থন জানিয়ে যাবে বলেও জোর দিয়েছেন তিনি।

বুধবার শুরা কাউন্সিলে বাদশাহ সালমানের পক্ষে বার্ষিক রাজকীয় ভাষণ প্রদানকালে যুবরাজ এসব কথা বলেন।

ভাষণে এমবিএস বলেন, “আমাদের দেশের নিরাপত্তাকে ক্ষতিগ্রস্ত করার লক্ষ্যে যেকোনো হুমকি বা আগ্রাসনের জবাব দিতে আমরা বিন্দুমাত্র দ্বিধা করব না।”

তিনি আরও বলেন, রিয়াদ সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছে যাতে উত্তেজনা প্রশমিত হয় এবং নিজস্ব নিরাপত্তার সঙ্গে আপস না করে কূটনৈতিক সমাধান খুঁজে পাওয়া যায়। একই সঙ্গে উদ্ভূত হুমকি মোকাবিলায় সৌদি সশস্ত্র বাহিনী ও নিরাপত্তাকর্মীদের সাহসী ভূমিকার প্রশংসা করেন তিনি।

উপসাগরীয় দেশগুলোর ওপর সাম্প্রতিক হামলার প্রসঙ্গ টেনে যুবরাজ বলেন, “এসব ঘটনা প্রমাণ করেছে যে উপসাগরীয় অঞ্চলের সার্বিক নিরাপত্তা ‘অবিভাজ্য’।” যেকোনো উৎস থেকেই হুমকি আসুক না কেন, তা সফলভাবে প্রতিহত করার মতো যথেষ্ট সামর্থ্যবান সামরিক শক্তি ও মানবসম্পদ সৌদি আরবের রয়েছে বলে তিনি উল্লেখ করেন।

এ ছাড়া ‘মক্কা ডিফেন্স অ্যালায়েন্স’ আঞ্চলিক নিরাপত্তা ও স্থিতিশীলতা জোরদারে গুরুত্বপূর্ণ অবদান রাখবে বলে আশা প্রকাশ করেন এমবিএস। একই সঙ্গে উপসাগরীয় রাষ্ট্রগুলোর মধ্যে কৌশলগত সহযোগিতা বৃদ্ধি এবং অর্থনৈতিক একীভূতকরণের বিষয়ে রিয়াদের প্রচেষ্টা অব্যাহত রাখার ওপর জোর দেন তিনি।

উল্লেখ্য, আঞ্চলিক উত্তেজনার পারদ যখন ক্রমেই ওপরের দিকে, ঠিক তখনই সৌদি যুবরাজের এই বক্তব্য সামনে এলো। সম্প্রতি ইরান-সমর্থিত হুথি মিলিশিয়ারা সৌদি ভূখণ্ডে নতুন করে হামলা চালানোর চেষ্টা করছে এবং বিশ্বের অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু সামুদ্রিক নৌপথে জাহাজ চলাচলের ওপর হুমকি সৃষ্টি করেছে।

source: Rajneete

Back to top button