News

মিতুকে হত্যার হুমকি দেওয়া কে এই লরেঞ্জ বিষ্ণোই, হঠাৎ কেন আলোচনায়

এবার ভারতের কোনো রাজনীতিবিদ বা বলিউড তারকা নয়, বরং সীমানা পেরিয়ে বাংলাদেশের এক নারী সংসদ সদস্যকে ঘিরে আলোচনায় এসেছেন কুখ্যাত গ্যাংস্টার লরেঞ্জ বিষ্ণোই। জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) রাজনৈতিক পর্ষদের সদস্য ও সংরক্ষিত নারী আসনের এমপি ডা. মাহমুদা মিতুকে হত্যার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে তার নামে। গত ১৩ নভেম্বর নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে একটি পোস্ট দেন ডা. মাহমুদা মিতু।

ওই পোস্টে তিনি অভিযোগ করেন, গত এক সপ্তাহ ধরে সরাসরি ফোনকল ও হোয়াটসঅ্যাপে তাকে হত্যার হুমকি দেওয়া হচ্ছে। প্রমাণ হিসেবে তিনি হুমকির কয়েকটি স্ক্রিনশটও প্রকাশ করেছেন। যেখানে একটি ভারতীয় নম্বর থেকে লরেঞ্জ বিষ্ণোইয়ের নাম উল্লেখ করে পাঠানো বার্তা দেখা গেছে।

এর আগে সম্প্রতি বলিউড অভিনেতা টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলির ঘটনার পর এই শীর্ষ সন্ত্রাসীর নাম আবারও শিরোনামে আসে। মাত্র ৩৩ বছর বয়সে ভারতের সবচেয়ে কুখ্যাত গ্যাংস্টার বনে যাওয়া এই যুবক বর্তমানে গুজরাটের সবরমতী কারাগারে বন্দি। তাকে দেশটির অপরাধজগতের ‘এক নম্বর ডন’ হিসেবে বিবেচনা করা হয়। মূলত ক্যাম্পাসে ছাত্ররাজনীতিতে পা রেখেই চার-পাঁচজন শিক্ষার্থী নিয়ে প্রথম গড়ে তোলেন নিজস্ব গ্যাং।

পরবর্তীতে কারাগারের চার দেয়ালের ভেতরে বন্দি হয়েও থেমে নেই তার অপরাধ সাম্রাজ্য। জেলে বসেই ভয়েস ওভার আইপি কল ব্যবহার করে একের পর এক খুন, চাঁদাবাজি ও হুমকির কারবার চালিয়ে যাচ্ছেন লরেঞ্জ বিষ্ণোই। বলিউড সুপারস্টার সালমান খানকে প্রকাশ্যে হত্যার হুমকি দেওয়া ছাড়াও তার ঘনিষ্ঠ মহারাষ্ট্রের এনসিপি নেতা বাবা সিদ্দিকিকে হত্যার নেপথ্যেও বিষ্ণোই গ্যাংয়ের হাত রয়েছে বলে মনে করা হয়।

আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন পাঞ্জাবি র‍্যাপার সিধু মুসওয়ালাকে গুলি করে হত্যা করার আদেশ দিয়েছিলেন এই গ্যাংস্টার নিজেই। ২০২৩ সালে বিষ্ণোই ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সিকে (এনআইএ) জানান, বিষ্ণোই গ্যাংয়ের এক সদস্যের হত্যার প্রতিশোধ নিতেই মুসওয়ালাকে হত্যা করা হয়েছিল।

ভারতীয় সংবাদমাধ্যমে তথ্য অনুযায়ী, শুধুমাত্র সালমান খান কিংবা টাইগার শ্রফই তার রোষানলে পড়েনি। বরং গত কয়েক বছরে বলিউডের অন্তত ১০ জন অভিনেতা, চিত্রপরিচালক ও কণ্ঠশিল্পী বিষ্ণোই গ্যাংয়ের থেকে হুমকি পেয়েছেন। তাদের মধ্যে অন্যতম হলেন রণবীর সিং, আমির খান, সালমান খানের ভগ্নিপতি অভিনেতা আয়ুষ শর্মা, কৌতুকাভিনেতা কপিল শর্মা, পাঞ্জাবি গায়ক ও অভিনেতা গিপ্পি গ্রেবাল, পাঞ্জাবি-কানাডিয়ান গায়ক ও র‍্যাপার এপী ঢিল্লোঁ।

দিল্লির সাবেক মুখ্যমন্ত্রী ও আম আদমি পার্টির প্রধান অরবিন্দ কেজরীওয়াল ও তার মেয়ে হর্ষিতা কেজরীওয়ালকে সম্প্রতি হত্যার হুমকির অভিযোগ উঠেছে বিষ্ণোই গ্যাংয়ের বিরুদ্ধে।

সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদন অনুসারে, দেশটির প্রভাবশালী এই রাজনীতিবিদকে হোয়াটসঅ্যাপে হত্যার হুমকি দেওয়া হয়। করা হয় ফোনও। অচেনা নম্বর থেকে পাঠানো ওই বার্তায় প্রেরক নিজেকে বিষ্ণোই গ্যাংয়ের সদস্য বলে পরিচয় দেন। অরবিন্দের কাছে দাবি করা হয় ৭ কোটি টাকা। নয়তো কন্যাসহ তাকে হত্যা করা হবে বলে হুমকি দেওয়া হয়। ওই ঘটনায় পাঞ্জাবের মোহালির থানায় করা অভিযোগের তদন্তে নেমেছে পুলিশ।

কে এই লরেঞ্জ বিষ্ণোই?

১৯৯৩ সালের ১২ ফেব্রুয়ারি পাঞ্জাবের ফিরোজপুরের একটি গ্রামে জন্মগ্রহণ করেন লরেঞ্জ বিষ্ণোই। তার বাবা হরিয়ানা পুলিশের একজন কনস্টেবল ছিলেন। চণ্ডীগড়ে স্কুল ও কলেজের পড়াশোনা শেষ করে ২০১১ সালে পাঞ্জাব ইউনিভার্সিটিতে এলএলবিতে ভর্তি হন এবং ক্যাম্পাস স্টুডেন্টস কাউন্সিলে যোগ দেন।

গ্রামবাসীর মতে, লরেঞ্জ মেধাবী ছাত্র এবং ভদ্র স্বভাবের ছিলেন। ক্রিকেট, ভলিবল ও ঘোড়সওয়ারিতে তার প্রচণ্ড ঝোঁক ছিল এবং কখনো কারও সঙ্গে মারামারিতে জড়াতেন না। তবে পাঞ্জাব বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগে পড়ার সময় ছাত্ররাজনীতিতে আরেক গ্যাংস্টার গোল্ডি ব্রারের সঙ্গে পরিচয়ের পর থেকেই তার জীবন বদলে যায়। হারিয়ে যান অপরাধ জগতের অন্ধকার গলিতে।

১৯৭০-এর দশকে বিষ্ণোই ছোট শহর থেকে উচ্চশিক্ষার জন্য যখন চণ্ডীগড়ে আসেন, তখন পাঞ্জাব বিশ্ববিদ্যালয়ের সমাবিজ্ঞান বিভাগের অধ্যাপক ছিলেন মনজিৎ সিং। লরেঞ্জ বিষ্ণোইয়ের অপরাধজগতের যাত্রার গোড়ার কথা তুলে ধরে এই শিক্ষক বলেন, পাঞ্জাব বিশ্ববিদ্যালয়ে ছাত্ররাজনীতির অর্থ হতে পারে ‘উদীয়মান মাফিয়াতন্ত্রের জগতে জড়িয়ে পড়া’।

অপরাধজগতে উত্থান ও বিস্তার

ছাত্ররাজনীতিতে জড়িত থাকার সময় ২০১০ থেকে ২০১২ সালের মধ্যে চণ্ডীগড়ে লরেঞ্জের বিরুদ্ধে খুনের চেষ্টা, অনুপ্রবেশ, হামলা ও ডাকাতির একাধিক মামলা (এফআইআর) নথিভুক্ত হয়। ২০১৩ সালে স্নাতক শেষ করার পর মুক্তসারে সরকারি কলেজের ছাত্র নির্বাচনে বিজয়ী প্রার্থী এবং লুধিয়ানা মিউনিসিপ্যাল করপোরেশন নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীকে গুলি করে হত্যার মধ্য দিয়ে তিনি বেপরোয়া হয়ে ওঠেন।

মনজিৎ সিং জানান, বিষ্ণোইয়ের জীবনে পরিবর্তন আসে আরেক প্রবীণ ছাত্রনেতা ভিকি মিদ্দুখেরার ছত্রছায়া পাওয়ার পরই। পাঞ্জাবের ছাত্ররাজনীতির কুখ্যাত গুন্ডা মিদ্দুখেরা ২০২১ সালে প্রতিদ্বন্দ্বীদের গুলিতে নিহত হন। ২০১০ সালে বিষ্ণোই ছাত্র পরিষদের সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করে হেরে যান, কিন্তু পরের বছরই তিনি জয়ী হন।

২০১৭ সাল নাগাদ সাত বছরে ১৬টি গুলি চালানোর ঘটনা এবং পাঞ্জাব, চণ্ডীগড়, রাজস্থান ও হরিয়ানা রাজ্যে মোট ৩৩টি গুরুতর মামলায় জড়ায় লরেঞ্জ বিষ্ণোইয়ের নাম। ২০১৪ সালে রাজস্থান পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধের পর গ্রেপ্তার হয়ে জেলে গেলেও কারাগার থেকেই সিন্ডিকেট পরিচালনা করতে থাকেন তিনি।

৭০০ শুটার ও আন্তর্জাতিক নেটওয়ার্ক

বিষ্ণোই গ্যাংয়ের কার্যক্রম কেবল ভারতেই সীমাবদ্ধ নয়, বরং কানাডাসহ বিশ্বের বিভিন্ন দেশে ছড়িয়ে রয়েছে। কানাডায় অবস্থানরত তার ঘনিষ্ঠ সহযোগী গোল্ডি ব্রার বিদেশ থেকে এই সিন্ডিকেট পরিচালনা করেন। পাঞ্জাব, হরিয়ানা, রাজস্থান, দিল্লি ও হিমাচল প্রদেশসহ ভারতের পাঁচটি রাজ্যে এই গ্যাংয়ের প্রায় ৭০০ প্রশিক্ষিত শুটার ও সদস্য রয়েছে বলে জানা যায়। উচ্চবিত্ত, ধনবান ব্যবসায়ী ও তারকারাই এই চক্রের প্রধান লক্ষ্যবস্তু।

এনআইএ-র মতে, বিষ্ণোই গ্যাংয়ের প্রায় ৭০০ সদস্য রয়েছে। এই সদস্যরা শুধু উত্তর-পশ্চিম ভারত নয়, মধ্যপ্রাচ্য ও উত্তর আমেরিকাজুড়ে ছড়িয়ে রয়েছে। এ ছাড়া ভারতের জাতীয় তদন্ত সংস্থার প্রতিবেদনে লরেঞ্জ বিষ্ণোই ও গোল্ডি ব্রারের সঙ্গে খালিস্তানপন্থী বিচ্ছিন্নতাবাদী সংগঠনের যোগসূত্র থাকার তথ্যও উঠে এসেছে।

ধর্মীয় পরিচয়ে গণমাধ্যমের ‘হিরো’

সম্প্রতি ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয়, ভারতের মূলধারার গণমাধ্যমে লরেঞ্জ বিষ্ণোইকে ‘হিন্দু ডন’ হিসেবে উপস্থাপন করা হয়েছে। বিষ্ণোইয়ের আলোচিত লক্ষ্যবস্তু ও শিকারদের বেশির ভাগই মুসলিম ও শিখ। হিন্দু জাতীয়তাবাদীদের চোখে এই দুই সম্প্রদায়কেই সন্দেহের দৃষ্টিতে দেখা হয়। এ কারণে বিষ্ণোইকে ‘হিন্দু ডন’ হিসেবে তুলে ধরা হয়।

মূলধারার গণমাধ্যমগুলোর মতে, শিখ বিচ্ছিন্নতাবাদী থেকে শুরু করে মুসলিম পঞ্চম কলামিস্ট পর্যন্ত ভারতের শত্রুদের মনে আতঙ্ক ছড়ান বিষ্ণোই। টেলিভিশনের প্রাইমটাইমের সংবাদ অনুষ্ঠানগুলোতে তার হিন্দু পরিচয়কে বিশেষভাবে তুলে ধরা হয়। এর মধ্যে রয়েছে তার নিরামিষভোজী জীবনযাপন, ব্রহ্মচর্য পালন এবং বাহুর পেশিতে ক্রুদ্ধ হিন্দু দেবতার ট্যাটু।

সম্প্রতি জি৫ নামের একটি স্ট্রিমিং প্ল্যাটফর্ম বিষ্ণোইয়ের জীবন নিয়ে ‘লরেঞ্জ অব পাঞ্জাব’ শিরোনামে একটি ‘ডকুসিরিজ’ তৈরির ঘোষণা দিয়েছে। এই সিরিজ তার এমন ভাবমূর্তিকে আরও উজ্জ্বল করে তুলবে।

এনআইএ নাম প্রকাশে অনিচ্ছুক সূত্র সংবাদমাধ্যমকে জানিয়েছে, বিষ্ণোই নিজেকে ‘হিন্দু পক্ষের’ একজন যোদ্ধা মনে করেন। তার বিশ্বাস, এই পরিচয় বর্তমান সরকারের কাছ থেকে তাকে একধরনের সুরক্ষা দেবে। তবে ভারত সরকারের সঙ্গে বিষ্ণোইয়ের সম্পর্ক কেবল অভিন্ন ধর্মীয় পরিচয় বা সখ্যতার মধ্যেই সীমাবদ্ধ নয়।

যেভাবে ‘লরেঞ্জ’ নাম পেলেন বিষ্ণোই

লরেঞ্জ বিষ্ণোইয়ের নামের পেছনে রয়েছে এক ব্যতিক্রমী গল্প। ছেলেবেলায় তার ফর্সা গায়ের রং দেখে বাবা-মা তার নাম রেখেছিলেন স্যার হেনরি লরেঞ্জের নামে। উনিশ শতকে পাঞ্জাবে ইস্ট ইন্ডিয়া কোম্পানির কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করা হেনরি লরেঞ্জ সানাওয়ারে লরেন্স স্কুল প্রতিষ্ঠা করেছিলেন। এটি ভারতের অন্যতম প্রাচীন ও মর্যাদাপূর্ণ আবাসিক শিক্ষাপ্রতিষ্ঠান।

তবে নামের সঙ্গে মিল থাকলেও লরেঞ্জ বিষ্ণোই ২০০ মাইল দূরের সেই স্কুলে পড়েননি। তিনি ভর্তি হয়েছিলেন নিজ গ্রামের স্থানীয় স্কুলে। গ্রামটির নাম দুতারাওয়ালি। সেখানে তার পরিবারের ৪০ হেক্টরের বেশি জমি ছিল। গ্রামটিতে তার দাদার স্মরণে একটি মন্দিরও রয়েছে।

‘বিষ্ণোই’ শব্দটি হিন্দি ‘বীশ’ বা বিশ (২০) ও ‘নও’ বা নয় (৯) শব্দের সমন্বয়ে গঠিত। বিষ্ণোইরা উত্তর-পশ্চিম ভারতের একটি হিন্দু সম্প্রদায়। তারা ২৯টি নীতি মেনে জীবনযাপন করেন। এসব নীতির মধ্যে রয়েছে প্রার্থনা ও উপবাসের আচার, পবিত্রতা বজায় রাখা, নিরামিষভোজন এবং পরিবেশ সংরক্ষণের প্রতি একনিষ্ঠ অঙ্গীকার।

এই সম্প্রদায়ের মানুষ অমৃতা দেবীর মতো শহীদদের স্মরণ করেন। অষ্টাদশ শতকে মারওয়ারের রাজার জন্য জ্বালানি সংগ্রহ করতে খেজরি গাছ কাটার চেষ্টা করা হলে অমৃতা দেবী তা রক্ষায় এগিয়ে যান। গাছগুলো বাঁচানোর চেষ্টা করতে গিয়ে তাকে শিরশ্ছেদ করা হয়েছিল। বেড়ে ওঠার সময় লরেন্সও বিষ্ণোই সম্প্রদায়ের এই ঐতিহ্যের প্রতি গভীর অনুরাগ অনুভব করতেন।

সরকারি মাধ্যমিক বিদ্যালয়টি গমখেত দিয়ে ঘেরা একটি ছোট উঠানে অবস্থিত। পাশে রয়েছে বিবর্ণ সবুজ রঙের একটি ছোট পুকুর, যেখানে মহিষেরা স্নান করে। বিদ্যালয়ের পেছনে একটি শ্মশান। যেদিন আমি সেখানে গিয়েছিলাম, সেদিন স্কুলটি বন্ধ ছিল। তবে হ্যাপি বিষ্ণোইয়ের মনে পড়ে, তিনি ও লরেন্স একই স্কুলে পড়েছেন।

ভারতের বেশির ভাগ শিশুর শিক্ষাজীবনের একটি অবিচ্ছেদ্য অংশ হলো শারীরিক শাস্তি। রাজস্থানে বেড়ে ওঠার সময় বাড়ির কাজ না করার জন্য আমাকেও নিয়মিত লাঠিপেটা করা হতো। দুতারাওয়ালির স্কুলেও একই চিত্র ছিল বলে জানালেন হ্যাপি। তার ভাষায়, শিক্ষকরা ‘বাড়িতে স্ত্রীদের সঙ্গে ঝগড়া করতেন, তারপর সেই রাগ আমাদের ওপর ঝাড়তে স্কুলে আসতেন।’

source: Asia Post

Back to top button