গোপালগঞ্জে খাবারের বিল বাকি না দেওয়ায় হোটেল ভাঙচুর

গোপালগঞ্জের মুকসুদপুরে খাবারের বিল বাকি রাখতে না দেওয়ায় একটি হোটেলে ভাঙচুরের অভিযোগ উঠেছে চেয়ারম্যান প্রার্থী পলাশ শেখ ও তার দলীয় লোকজনের বিরুদ্ধে। এ ঘটনায় হোটেলের তিন কর্মচারীকে হেফাজতে নিয়েছে মুকসুদপুর থানা-পুলিশ।
শুক্রবার (১১ সেপ্টেম্বর) ঘটনাটি ঘটেছে রাঘদি ইউনিয়নের ঢাকা-বরিশাল সড়কের বরিশাল গেট চাইনিজ অ্যান্ড বাংলা রেস্টুরেন্টে।
স্থানীয় সূত্রে জানা গেছে, আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে মুকসুদপুর উপজেলার রাঘদি ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী পলাশ শেখ শুক্রবার রাত ৮টার দিকে ইউনিয়নের বিভিন্ন স্থানে জনসংযোগ শেষে দলীয় প্রায় ১৫ থেকে ২০ জন কর্মী নিয়ে ওই রেস্টুরেন্টে খাবার খেতে আসেন।
খাবার খাওয়ার পর বিলের পুরো টাকা বাকি রাখতে চাইলে হোটেলের ম্যানেজার তাতে অপারগতা প্রকাশ করেন। এ নিয়ে নেতাকর্মীদের সামনে চেয়ারম্যান প্রার্থী পলাশ শেখের আত্মসম্মানে আঘাত লাগলে উভয় পক্ষের মধ্যে ঝগড়া-বিবাদ শুরু হয়।
একপর্যায়ে চেয়ারম্যান প্রার্থী পলাশ শেখের দলীয় লোকজন দেশীয় অস্ত্র ও লাঠি দিয়ে হোটেলে থাকা বিভিন্ন মালামাল ভাঙচুর করেন। পরে উল্লাস করতে করতে তারা সেখান থেকে চলে যান। এ দৃশ্য হোটেলের সিসিটিভি ফুটেজে দেখা গেছে।
পরে খবর পেয়ে মুকসুদপুর থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে হোটেলের তিন কর্মচারীকে হেফাজতে নেয়।
এ বিষয়ে মুকসুদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল্লাহ আল মামুন জানান, পুলিশ ঘটনাস্থলে গিয়ে হোটেলের তিন কর্মচারীকে হেফাজতে নিয়েছে। তবে কোনো পক্ষই এ ঘটনায় অভিযোগ করেনি।
source: Asia Post







