News

ঢাকার কয়েক এলাকায় মিছিল-সমাবেশ নিষিদ্ধ

ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনকে কেন্দ্র করে রাজধানীর সংসদ ভবন ও আশপাশের এলাকায় সভা-সমাবেশ, মিছিল, শোভাযাত্রা ও বিক্ষোভ নিষিদ্ধ করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। একই সঙ্গে এসব এলাকায় অস্ত্রশস্ত্র, বিস্ফোরকসহ ক্ষতিকর ও দূষণীয় দ্রব্য বহনেও নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।

মঙ্গলবার (২৫ আগস্ট) ডিএমপি কমিশনার মোসলেহ উদ্দিন আহমেদ স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এ নিষেধাজ্ঞা জারি করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ২৭ আগস্ট ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন শুরু হবে। অধিবেশন নির্বিঘ্নে সম্পন্ন করা এবং জাতীয় সংসদ ভবন ও আশপাশের এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

নিষেধাজ্ঞা অনুযায়ী, বুধবার (২৬ আগস্ট) রাত ১২টা থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নির্ধারিত এলাকায় সব ধরনের অস্ত্রশস্ত্র, বিস্ফোরক দ্রব্য এবং অন্যান্য ক্ষতিকর ও দূষণীয় দ্রব্য বহন করা যাবে না। একই সঙ্গে কোনো ধরনের সভা, সমাবেশ, মিছিল, শোভাযাত্রা ও বিক্ষোভ প্রদর্শনও নিষিদ্ধ থাকবে।

নিষেধাজ্ঞার আওতায় যেসব এলাকা

ডিএমপির বিজ্ঞপ্তি অনুযায়ী, ময়মনসিংহ রোডের মহাখালী ক্রসিং থেকে পুরোনো বিমানবন্দর হয়ে বাংলামোটর ক্রসিং পর্যন্ত এলাকা নিষেধাজ্ঞার আওতায় থাকবে।

এ ছাড়া বাংলামোটর লিংক রোডের পশ্চিম প্রান্ত থেকে হোটেল সোনারগাঁও রোডের সার্ক ফোয়ারা পর্যন্ত এবং পান্থপথের পূর্ব প্রান্ত থেকে গ্রিন রোডের সংযোগস্থল হয়ে ফার্মগেট পর্যন্ত এলাকাও এর অন্তর্ভুক্ত।

মিরপুর রোডের শ্যামলী মোড় থেকে ধানমন্ডি-১৬ নম্বর (পুরোনো ২৭ নম্বর) সড়কের সংযোগস্থল পর্যন্ত এলাকাতেও এ নিষেধাজ্ঞা কার্যকর হবে।

এ ছাড়া রোকেয়া সরণির সংযোগস্থল থেকে পুরোনো নবম ডিভিশন (উড়োজাহাজ) ক্রসিং হয়ে বিজয় সরণি, পর্যটন ক্রসিং, ইন্দিরা রোডের পূর্ব প্রান্ত থেকে মানিক মিয়া অ্যাভিনিউয়ের পশ্চিম প্রান্ত পর্যন্ত এলাকা এর আওতায় থাকবে।

জাতীয় সংসদ ভবনের সংরক্ষিত এলাকা এবং উল্লেখিত সীমানার মধ্যে থাকা সব রাস্তা ও গলিপথেও নিষেধাজ্ঞা কার্যকর হবে।

ডিএমপি জানিয়েছে, ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন শেষ না হওয়া পর্যন্ত এ আদেশ বলবৎ থাকবে।

source: Asia Post

Back to top button