News

কুষ্টিয়ায় ক্যাম্পে খাবার খেয়ে ১০ পুলিশ সদস্য অচেতন

কুষ্টিয়ার পাটিকাবাড়ী পুলিশ ক্যাম্পে খাবার খাওয়ার পর ১০ পুলিশ সদস্য অচেতন হয়ে পড়েছেন। তাদেরকে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

রোববার (২০ সেপ্টেম্বর) দুপুর একটায় কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও তদন্ত) ফয়সাল মাহমুদ বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ বলছে, অচেতন হয়ে পড়া সদস্যদের হাসপাতালে চিকিৎসা চলছে। ক্যাম্পে খাওয়া খাবার পরীক্ষা-নিরীক্ষা করা হবে। অসুস্থতার প্রকৃত কারণ কী, তা জানতে তদন্তের পর নিশ্চিত হওয়া যাবে।

ক্যাম্প এলাকা কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) থানার আওতাধীন। ইবি ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস, এম, মামুনুর রশীদ এশিয়া পোস্টকে বলেন, আমি খবর পেয়ে ক্যাম্পে এসেছি। বিষয়টি তদন্ত করে দেখছি।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, শনিবার রাতে সদর পাটিকাবাড়ী পুলিশ ক্যাম্পে রাতের খাবার খাওয়ার পর একে একে পুলিশ সদস্যরা অসুস্থ হয়ে পড়েন। অচেতন অবস্থায় তাদেরকে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতাল সূত্র জানায়, পুলিশ সদস্যদেরকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে। তাদেরকে প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হয়েছে।

ঘটনার পর পাটিকাবাড়ী পুলিশ ক্যাম্প পরিদর্শন করেছেন কুষ্টিয়ার পুলিশ সুপার (এসপি) আমিনুল ইসলাম।

এ বিষয়ে কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও তদন্ত) ফয়সাল মাহমুদ এশিয়া পোস্টকে বলেন, পাটিকাবাড়ী পুলিশ ক্যাম্পে রাতের খাবার খেয়ে দশজন অসুস্থ হয়ে পড়েন। তারা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছেন। অসুস্থ হওয়া এবং খাবার পরীক্ষা-নিরীক্ষা করে তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটন করা হবে।

source: Asia Post

আরো দেখুন
Close
Back to top button