ব্রাহ্মণবাড়িয়ায় স্পিডবোট-বাল্কহেড সংঘর্ষে প্রাণ গেল দুজনের

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলায় স্পিডবোট ও বাল্কহেডের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় স্পিডবোটের চালক গুরুতর আহত হয়েছেন।
সোমবার (১৪ সেপ্টেম্বর) রাত সাড়ে আটটার দিকে উপজেলার ভলাকুট ইউনিয়নের খাগালিয়া গ্রামের কান্দি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন—চাতলপাড় ইউনিয়নের বাঘাইয়া গ্রামের রায়হান ভূঁইয়ার ছেলে দয়াল ভূঁইয়া এবং কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলার হানিফ মিয়ার ছেলে সজিব মিয়া।
স্থানীয় সূত্রে জানা যায়, নাসিরনগর উপজেলা সদর থেকে একটি স্পিডবোট চাতলপাড়ের দিকে যাচ্ছিল। পথে খাগালিয়া গ্রামের কান্দি এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি বাল্কহেডের সঙ্গে স্পিডবোটটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে স্পিডবোটে থাকা দুই যাত্রী ও চালক গুরুতর আহত হন।
পরে স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে নাসিরনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে দুই যাত্রীর মৃত্যু হয়।
চাতলপাড় পুলিশ তদন্ত কেন্দ্রের পরিদর্শক রেজা মোস্তফা জানান, সন্ধ্যার পর খাগালিয়া এলাকায় স্পিডবোটের সঙ্গে বাল্কহেডের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুল ইসলাম বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে।
source: Asia Post






