News

নাইজেরিয়ায় সামরিক বিমান বিধ্বস্ত, নিহত ৩২

নাইজেরিয়ার দক্ষিণাঞ্চলে একটি সামরিক বিমান বিধ্বস্ত হয়ে ৩২ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ২৫ জন যাত্রী এবং সাতজন ক্রু সদস্য ছিলেন। সোমবার (৫ অক্টোবর) দেশটির কর্তৃপক্ষ দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছে।

নাইজেরিয়ার প্রেসিডেন্ট বোলা টিনুবু এক বিবৃতিতে জানান, বিমানটিতে থাকা কেউই দুর্ঘটনা থেকে বেঁচে ফেরেননি। নিহতদের পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন তিনি।

দেশটির বিমান চলাচলবিষয়ক মন্ত্রী ফেস্টাস কিয়ামো জানান, বিমানটি এডো রাজ্য থেকে লাগোসের উদ্দেশে যাত্রা করেছিল। পথে ওন্দো রাজ্যের ইগবোকোদা এলাকায় এটি বিধ্বস্ত হয়।

কিয়ামোর ভাষ্য অনুযায়ী, স্থানীয় সময় সকাল ৯টার দিকে বিমানটির সঙ্গে রাডার যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। পরে অনুসন্ধানে জানা যায়, এডো থেকে লাগোস যাওয়ার মাঝপথের কোনো এক স্থানে বিমানটি দুর্ঘটনার কবলে পড়ে। একটি নৌ-ঘাঁটির কাছাকাছি এলাকায় পরে বিমানটির ধ্বংসাবশেষের সন্ধান পাওয়া যায়।

নাইজেরিয়ার বিমানবাহিনী জানিয়েছে, দুর্ঘটনাকবলিত বিমানটি ছিল এটিআর-৪২ মডেলের। খবর পাওয়ার পরপরই সেখানে উদ্ধার ও অনুসন্ধান অভিযান শুরু করা হয়।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, উদ্ধারকারীরা নৌযানে করে নদী ও আশপাশের এলাকায় তল্লাশি চালাচ্ছেন। এ সময় নদীর তীরে স্থানীয় কয়েকজন বাসিন্দাকেও জড়ো হতে দেখা যায়।

এক স্থানীয় বাসিন্দা জানান, বিমানটি গাছপালার ওপর দিয়ে যাওয়ার পর দুর্ঘটনায় পড়ে। ঘটনাস্থলে মানুষের দেহাংশের পাশাপাশি কাপড় ও জুতা পড়ে থাকতে দেখা গেছে।

source: Asia Post

Back to top button