আদালতজাতীয়
ট্রেন্ডিং

যে কারণে নাইকো মামলায় খালেদা জিয়া খালাস

বহুল আলোচিত নাইকো দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াসহ আট জনকে বেকসুর খালাস দেওয়া হয়েছে। বুধবার (১৯ ফেব্রুয়ারি) ঢাকার বিশেষ জজ আদালত-৪ এর বিচারক রবিউল আলম এ রায় দেন।

খালেদা জিয়ার আইনজীবী জিয়া উদ্দিন জিয়া জানিয়েছেন, বেগম খালেদা জিয়াসহ আসামিদের  বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ অভিযোগ প্রমাণে ব্যর্থ হওয়ায় আসামিদের মামলায় খালাস দেন আদালত।

খালাস পাওয়া অন্যরা হলেন— তৎকালীন প্রধানমন্ত্রীর মুখ্যসচিব কামাল উদ্দিন সিদ্দিকী, জ্বালানি ও খনিজ সম্পদ সচিব খন্দকার শহীদুল ইসলাম, সিনিয়র সহকারী সচিব সি এম ইউছুফ হোসাইন, বাপেক্সের সাবেক মহাব্যবস্থাপক মীর ময়নুল হক, ব্যবসায়ী গিয়াস উদ্দিন আল মামুন, ইন্টারন্যাশনাল ট্রাভেল করপোরেশনের চেয়ারম্যান সেলিম ভূঁইয়া ও নাইকোর দক্ষিণ এশিয়া বিষয়ক ভাইস প্রেসিডেন্ট কাশেম শরীফ।

২০০৭ সালের ৯ ডিসেম্বর তেজগাঁও থানায় খালেদা জিয়াসহ পাঁচজনের নামে মামলা করে দুর্নীতি দমন কমিশন (দুদক)। কানাডিয়ান প্রতিষ্ঠান নাইকোর সঙ্গে অস্বচ্ছ চুক্তির মাধ্যমে রাষ্ট্রের আর্থিক ক্ষতিসাধনের অভিযোগে করা এ মামলায় ২০১৮ সালের ৫ মে খালেদা জিয়াসহ ১১ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়।

আরো পড়ুন

রাষ্ট্রের প্রায় ১৩ হাজার ৭৭৭ কোটি টাকা আর্থিক ক্ষতিসাধনের অভিযোগ আনা মামলায় ২০২৩ সালে অভিযোগ গঠন করা হয়।বিএনপি নেতা ব্যারিস্টার মওদুদ আহমদ, সাবেক জ্বালানি প্রতিমন্ত্রী এ কে এম মোশাররফ হোসেন ও বাপেক্সের সাবেক সচিব শফিউর রহমান মারা যাওয়ায় মামলা থেকে অব্যাহতি দেওয়া হয়।

Back to top button