News

ক্রেতা সেজে ২ ভরি স্বর্ণ নিয়ে পালাল যুবক

পাবনার ঈশ্বরদীতে ক্রেতা সেজে স্বর্ণ কেনার অজুহাতে জুয়েলার্সের দোকানে ঢুকে মুহূর্তে ২ ভরি ওজনের স্বর্ণালঙ্কার নিয়ে পালিয়েছে এক যুবক।

বুধবার (২৩ সেপ্টেম্বর) রাত সোয়া ৮টার দিকে ঈশ্বরদী শহরের চাঁদ আলী মোড় এলাকার মাসুদ জুয়েলার্সে এই ঘটনা ঘটে।

দোকানের মালিক ও সোনা ব্যবসায়ী মাহসি ইয়াতিকুর রহমান মাসুদ জানান, মুখে মাস্ক পরা আনুমানিক ২৫ বছর বয়সি এক যুবক ক্রেতা সেজে দোকানে প্রবেশ করে। সে সোনার মালা কেনার আগ্রহ দেখালে তার সামনে দুটি মালা তুলে ধরা হয়। কিছু বুঝে ওঠার আগেই চকিতে মালা দুটি ছিনিয়ে নিয়ে দোকান থেকে দৌড়ে বেরিয়ে যায় ওই যুবক। রাতের অন্ধকারের সুযোগ নিয়ে দ্রুত সটকে পড়ায় তাকে আর আটক করা সম্ভব হয়নি।

দোকান মালিকের দাবি, চুরি যাওয়া দুটি মালার মোট ওজন দুই ভরি; যার আনুমানিক বাজারমূল্য প্রায় সাড়ে ৪ লাখ টাকা। অভিযুক্ত যুবক মুখে মাস্ক পরে থাকায় দোকানের সিসিটিভি ক্যামেরার ফুটেজে তার মুখাবয়ব স্পষ্টভাবে শনাক্ত করা যায়নি।

ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশাদুর রহমান জানান, খবর পাওয়ার পর পরই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। দোকানের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে অভিযুক্তকে শনাক্তের জোর চেষ্টা চলছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

source: Asia Post

Back to top button