News

ফ্যাসিবাদবিরোধী শক্তিকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান ছাত্রদল নেতা আবিদুল ইসলাম খানের

রাজনৈতিক দলগুলোর মধ্যে পারস্পরিক কাদা ছোড়াছুড়ি বন্ধ করে ফ্যাসিবাদবিরোধী শক্তিকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের নেতা এবং জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানের সক্রিয় অংশগ্রহণকারী আবিদুল ইসলাম খান।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এ আহ্বান জানান।

পোস্টে আবিদুল ইসলাম খান বলেন, জুলাইয়ের সামগ্রিক শান্তি ও আরোগ্যের সময় এখনও আসেনি। পারস্পরিক কাদা ছোড়াছুড়ি বন্ধ করে নিজেদের রাজনৈতিক শক্তিকে ঐক্যবদ্ধ রাখতে হবে। বিভেদ সৃষ্টিকারী শক্তিকে কোনোভাবেই ফ্যাসিবাদী শক্তির পুনর্বাসনের সুযোগ করে দেওয়া যাবে না।

তিনি আরও বলেন, জুলাই গণঅভ্যুত্থানে হাজারো মানুষের আত্মত্যাগের বিনিময়ে অর্জিত বাংলাদেশে ফ্যাসিবাদী শক্তির পুনর্বাসন হতে দেওয়া হবে না। শহীদদের রক্তের সঙ্গে কোনো ধরনের আপস করা সম্ভব নয়।

আবিদুল ইসলাম খান তার পোস্টে উল্লেখ করেন, জুলাইয়ের শহীদ ও আহতদের আত্মত্যাগের প্রতি সম্মান জানানো সবার দায়িত্ব। দেশের মানুষের আকাঙ্ক্ষা বাস্তবায়নে ফ্যাসিবাদবিরোধী শক্তিগুলোকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

তিনি বলেন, খুনি হাসিনা ও তার ফ্যাসিবাদী সংগঠনের বিরুদ্ধে ঐক্যবদ্ধ অবস্থান বজায় রাখতে হবে। ফ্যাসিবাদবিরোধী শক্তির পারস্পরিক বিভেদ ও সংঘাতের সুযোগ নিয়ে যেন কোনোভাবেই ফ্যাসিবাদী শক্তি পুনরায় মাথাচাড়া দিয়ে উঠতে না পারে, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে।

উল্লেখ্য, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেত্রী নুসরাত তাবাসসুম জ্যোতির গ্রামের বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপের ঘটনা ঘটেছে। এ ঘটনায় তার বাবা-মাসহ পরিবারের কয়েকজন সদস্য আহত হয়েছেন বলে জানিয়েছেন তিনি।

বুধবার (১১ নভেম্বর) রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে নুসরাত তাবাসসুম নিজেই এ তথ্য জানান। পোস্টে তিনি লেখেন, ‘বাড়িতে পেট্রোল বোমা মেরেছে। কারা মেরেছে জানি না।’

হামলার ঘটনায় ক্ষোভ প্রকাশ করে তিনি আরও লেখেন, ‘এভাবে যদি কণ্ঠরোধ করা যাবে ভেবে থাকিস, তাহলে ভুল। আগুনের পথ পাড়ি দিয়ে নিজের কাজ করে যাব। ইনকিলাব জিন্দাবাদ।’

এশিয়া পোস্টকে নুসরাত তাবাসসুম জানান, বুধবার রাত পৌনে ১২টার দিকে কুষ্টিয়ার দৌলতপুরে তার গ্রামের বাড়িতে দুর্বৃত্তরা পেট্রোল বোমা নিক্ষেপ করে। এতে তাঁর বাবা-মাসহ পরিবারের সদস্যরা আহত হন।

বৃহস্পতিবার রাত দেড়টার দিকে দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদুর রহমান এশিয়া পোস্টকে ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

source: Asia Post

Back to top button