বিশ্লেষণ

উপ-আঞ্চলিক অর্থনৈতিক জোট ও নতুন কর্মসংস্থানের সন্ধান

শিক্ষিত তরুণের বেকারত্ব

বাংলাদেশে শিক্ষিত তরুণদের বেকারত্ব এখন শ্রমবাজারের অন্যতম গভীর কাঠামোগত সঙ্কট। বিশ্ববিদ্যালয় ও কলেজ থেকে প্রতিবছর বিপুলসংখ্যক তরুণ ডিগ্রি নিয়ে বের হচ্ছেন, কিন্তু তাঁদের যোগ্যতা ও প্রত্যাশার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ উৎপাদনশীল কর্মসংস্থান তৈরি হচ্ছে না। ফলে উচ্চশিক্ষা অর্জন করেও একটি বড় জনগোষ্ঠী অর্থনৈতিক অনিশ্চয়তা, হতাশা ও সামাজিক স্থবিরতার মুখোমুখি হচ্ছে। এই সঙ্কটকে কেবল শিক্ষাব্যবস্থার দুর্বলতা কিংবা চাকরির বাজারে প্রতিযোগিতার সমস্যা হিসেবে দেখলে এর প্রকৃত কারণ অনুধাবন করা সম্ভব নয়। এর সঙ্গে দেশের শিল্প কাঠামো, বিনিয়োগ, উৎপাদনব্যবস্থা এবং রাষ্ট্রীয় কাঠামোর গভীর সম্পর্ক রয়েছে।

বাড়ছে ডিগ্রি, তৈরি হচ্ছে না কর্মসংস্থান
আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) সেপ্টেম্বর ২০২৬-এর ফাইন্যান্স অ্যান্ড ডেভোলাপমেন্ট ম্যাগাজিনে প্রকাশিত বিশ্লেষণে বাংলাদেশের সবচেয়ে শিক্ষিত তরুণদের মধ্যে বেকারত্বের হার প্রায় ৩৬ শতাংশ। সংস্থাটি ২০২৬ সালের বাংলাদেশ বিষয়ক প্রতিবেদনে ২০২৪ সালে দেশের সামগ্রিক বেকারত্বের হার ৩ দশমিক ৬৯ শতাংশ হলেও উচ্চশিক্ষিত তরুণদের ক্ষেত্রে তা ২৫ শতাংশে পৌঁছানোর তথ্য রয়েছে। উচ্চশিক্ষিত নারীদের বেকারত্বের হার ১৬ দশমিক ৬৬ শতাংশ, যেখানে উচ্চশিক্ষিত পুরুষদের ক্ষেত্রে তা ৬ দশমিক ৩৭ শতাংশ।
এই পরিসংখ্যান বাংলাদেশের শ্রমবাজারের একটি গুরুত্বপূর্ণ বৈপরীত্য তুলে ধরে। শিক্ষার বিস্তার ঘটেছে, কিন্তু সেই বিস্তারের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ উচ্চ উৎপাদনশীল শিল্প ও সেবা খাত গড়ে ওঠেনি। আইএমএফের হিসাবে, ২০১৫ থেকে ২০২৪ সালের মধ্যে কৃষিতে কর্মসংস্থানের অংশ বেড়েছে ৪ দশমিক ৮ শতাংশ পয়েন্ট। বিপরীতে উৎপাদনশিল্পে কমেছে ২ দশমিক ২ শতাংশ পয়েন্ট এবং সেবা খাতে কমেছে ২ দশমিক ৬ শতাংশ পয়েন্ট। অর্থাৎ অর্থনৈতিক আধুনিকায়নের প্রত্যাশা থাকলেও কর্মসংস্থানের কাঠামো সেই পরিবর্তনের সঙ্গে তাল মেলাতে পারেনি।
শিক্ষাপ্রতিষ্ঠানের পাঠক্রম ও চাকরির বাজারের দক্ষতার চাহিদার মধ্যেও তৈরি হয়েছে অসামঞ্জস্য। এ অবস্থায় শুধু বিশ্ববিদ্যালয়ের সংখ্যা কিংবা ডিগ্রিধারীর সংখ্যা বাড়িয়ে বেকারত্বের সমাধান সম্ভব নয়। প্রয়োজন কর্মসংস্থানমুখী শিল্পায়ন, বিনিয়োগ এবং উৎপাদনব্যবস্থার সম্প্রসারণ। এই বৃহৎ অর্থনৈতিক কর্মকাণ্ডের পরিকল্পনা ও বাস্তবায়ন উপযোগী রাজনৈতিক কাঠামো প্রয়োজন।

প্রবাসীদের অর্থায়ন
বাংলাদেশের জনগণ পৃথিবীর বিভিন্ন দেশে অমানবিক পরিশ্রম করে উপার্জিত অর্থ দেশে পাঠান। সেই অর্থের অধিকাংশই ব্যয় হয় পরিবারের মৌলিক চাহিদা পূরণে। অথচ কর্ম ক্ষমতা হারানোর পর এই মানুষগুলো শূণ্য হাতে দেশের মাটিতে ফিরে আসেন। সারাজীবনের কষ্টে উপার্জিত অর্থ বিনিয়োগের সুযোগ না থাকায় বৃদ্ধ বয়সে অন্যের উপর ভর করে অবেহলায় কাটাতে হয় জীবনের শেষ সময়গুলো।
প্রবাসীদের বিনিয়োগের পরিবেশ সৃষ্টি করে তাদের অর্থায়নে উপজেলা শিল্প এলাকা এবং পৌর শিল্প এলাকা গঠন করতে হবে। এতে শিক্ষিত তরুণদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে।
বিভিন্ন বিশ্লেষকদের মতে, প্রায় তিন লাখ প্রবাসীর বিনিয়োগ সক্ষমতা বিবেচনায় ৪ লাখ ৫০ হাজার কোটি টাকা বিনিয়োগের সম্ভাবনা এবং ১০ থেকে ১২ বছরে চার কোটি মানুষের কর্মসংস্থানের সুযোগ রয়েছে। এর সঙ্গে স্থানীয় বিনিয়োগ এবং শিল্পের পশ্চাৎ ও সম্মুখ সংযোগ যুক্ত হলে একটি বিস্তৃত উৎপাদন নেটওয়ার্ক গড়ে উঠতে পারে। উপজেলা ও পৌর শিল্প এলাকাগুলোতে কৃষিপণ্য প্রক্রিয়াজাতকরণ, খাদ্য সংরক্ষণ, প্যাকেজিং, হালকা প্রকৌশল, ক্ষুদ্র ও মাঝারি উৎপাদন এবং প্রযুক্তিসেবার মতো শিল্প গড়ে তোলার সুযোগ রয়েছে।
এই শিল্পায়ন শুধু শ্রমিকদের কর্মসংস্থান সৃষ্টি করবে না; কৃষিবিদ, প্রকৌশলী, ব্যবস্থাপক, হিসাববিদ, প্রযুক্তিবিদ ও অন্যান্য পেশাজীবীদের জন্যও কর্মক্ষেত্র তৈরি করতে পারে। ফলে কর্মসংস্থানকে স্থানীয় অর্থনীতির সঙ্গে যুক্ত করা এবং শিক্ষিত তরুণদের নিজ নিজ অঞ্চলে কাজের সুযোগ সৃষ্টি করা সম্ভব হবে। তবে প্রস্তাবিত বিনিয়োগ ও কর্মসংস্থানের লক্ষ্যমাত্রা বাস্তবায়নের জন্য শিল্পভিত্তিক সম্ভাব্যতা সমীক্ষা, বাজার বিশ্লেষণ এবং পর্যায়ক্রমিক পরিকল্পনা প্রয়োজন।

গ্রামীণ অর্থনীতির নতুন সম্ভাবনা
বাংলাদেশের কৃষি অর্থনীতি এখনও বিপুল জনগোষ্ঠীর জীবিকা ও কর্মসংস্থানের ভিত্তি। কিন্তু কৃষিকে শুধু কাঁচামাল উৎপাদনের ক্ষেত্র হিসেবে বিবেচনা করলে এর পূর্ণ অর্থনৈতিক সম্ভাবনা কাজে লাগানো সম্ভব নয়। আধুনিক কৃষিব্যবস্থা গড়ে তোলা, প্রান্তিক কৃষকদের মৌসুমি ফসল উৎপাদনের জন্য কৃষিঋণ নিশ্চিত করা এবং কৃষিপণ্যভিত্তিক শিল্প গড়ে তুলতে হবে।
কৃষিপণ্য প্রক্রিয়াজাতকরণ, খাদ্য প্রযুক্তি, সংরক্ষণ, কোল্ড চেইন, প্যাকেজিং, কৃষি বিপণন এবং ডিজিটাল কৃষিসেবার মাধ্যমে কৃষিকে একটি বিস্তৃত শিল্প ও সেবা অর্থনীতিতে রূপান্তর করা সম্ভব। এতে কৃষির সঙ্গে উৎপাদন, পরিবহন, বাজার ও রপ্তানির সংযোগ তৈরি হবে। কৃষিবিদ, খাদ্যপ্রযুক্তিবিদ, প্রকৌশলী এবং ব্যবসায় প্রশাসনের স্নাতকদের জন্য নতুন কর্মক্ষেত্র তৈরি হতে পারে।
প্রান্তিক কৃষকদের মৌসুমি কৃষিঋণ নিশ্চিত করা হলে কৃষি উৎপাদনের ধারাবাহিকতা বজায় রাখা এবং স্থানীয় শিল্পের কাঁচামাল সরবরাহ স্থিতিশীল করার সুযোগ সৃষ্টি হবে। ফলে কৃষি উন্নয়ন, গ্রামীণ শিল্পায়ন এবং শিক্ষিত তরুণদের কর্মসংস্থানকে একটি সমন্বিত অর্থনৈতিক পরিকল্পনার মধ্যে নিয়ে আসা সম্ভব।

বৃহত্তর বাজার ও বিনিয়োগ
বাংলাদেশ, নেপাল, ভুটান, ভারতের পূর্বাঞ্চল ও উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যগুলো, মিয়ানমারের দক্ষিণাঞ্চল এবং চীনের কুনমিং অঞ্চল নিয়ে উপ-আঞ্চলিক অর্থনৈতিক জোট গঠন বৃহত্তর বাজার ও বাণিজ্যিক সহযোগিতার সম্ভাবনা তৈরি করবে। বাংলাদেশের শিল্পায়ন যদি শুধু অভ্যন্তরীণ বাজারের সীমাবদ্ধতার মধ্যে আবদ্ধ থাকে, তাহলে বৃহৎ উৎপাদন, বিনিয়োগ এবং প্রযুক্তিগত সম্প্রসারণের সুযোগ সীমিত হতে পারে।
মেগা সি-পোর্ট নির্মাণ, সুপরিকল্পিত সুপার হাইওয়ে নেটওয়ার্ক এবং ঢাকা ও চট্টগ্রামে মেট্রোরেল ও মনোরেল স্থাপন বৃহত্তর বাণিজ্যিক সহযোগিতার অবকাঠামোগত ভিত্তি রচনা করবে। এসব অবকাঠামো শিল্পাঞ্চল, কৃষিভিত্তিক উৎপাদনকেন্দ্র, বন্দর এবং বাজারের মধ্যে সংযোগ প্রতিষ্ঠার মাধ্যম হবে। উন্নত পরিবহন ও সরবরাহ ব্যবস্থা পণ্য পরিবহন, রপ্তানি, শিল্পের কাঁচামাল সরবরাহ এবং আঞ্চলিক বাণিজ্যের ব্যয় কমানোর সুযোগ সৃষ্টি করবে।
এই অর্থনৈতিক জোটের মাধ্যমে বাংলাদেশের তরুণদের জন্য দেশের অভ্যন্তরীণ চাকরির বাজারের পাশাপাশি আঞ্চলিক উৎপাদন, প্রযুক্তি, প্রকৌশল, লজিস্টিকস ও সেবা খাতে কর্মসংস্থানের সম্ভাবনাও তৈরি হতে পারে। তবে জোট বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট রাষ্ট্রগুলোর রাজনৈতিক সম্মতি, বাণিজ্যিক সমঝোতা এবং দীর্ঘমেয়াদি অর্থনৈতিক পরিকল্পনা অপরিহার্য।

সামাজিক ব্যবসা ও উদ্যোক্তা তৈরি
উপজেলা ও পৌর শিল্প এলাকার অবকাঠামো নির্মাণে দেশি ও বিদেশি পুঁজির যৌথ বিনিয়োগের সুযোগ সৃষ্টি এবং বহুজাতিক কর্পোরেশনের সঙ্গে প্রতিযোগিতায় সামাজিক ব্যবসা প্রতিষ্ঠা শিল্পায়নের নতুন ভিত্তি তৈরি করতে পারে। প্রবাসী বিনিয়োগকে স্থানীয় উদ্যোক্তা, উৎপাদন প্রতিষ্ঠান এবং কর্মসংস্থানের সঙ্গে যুক্ত করা গেলে অর্থনৈতিক কর্মকাণ্ডের বিস্তার ঘটবে।
ক্ষুদ্রঋণ কর্মসূচিও এই পরিকল্পনার সঙ্গে সম্পর্কিত। দরিদ্র নারী ও পুরুষের জন্য ক্ষুদ্রঋণ শুধু ঋণ বিতরণের মধ্যে সীমাবদ্ধ না রেখে উৎপাদন, বাজার, প্রশিক্ষণ ও ব্যবসায়িক সহায়তার সঙ্গে যুক্ত করা প্রয়োজন। এতে ক্ষুদ্র উদ্যোক্তা, নারী উদ্যোক্তা এবং স্থানীয় উৎপাদকদের অর্থনৈতিক অংশগ্রহণ বাড়বে পারে। মেধার ভিত্তিতে ব্যাংক ঋণসহ সরকারের বিভিন্ন নীতি বাংলাদেশে উদ্যোক্তা সৃষ্টির চেষ্টাকে আরও গতিশীল করে তুলবে।

প্রযুক্তি ও শিক্ষার পুনর্বিন্যাস
আইএমএফ বাংলাদেশের শ্রমবাজারে শিক্ষাগত যোগ্যতা ও চাকরির প্রয়োজনীয় দক্ষতার মধ্যে অসামঞ্জস্যকে গুরুত্বপূর্ণ সমস্যা হিসেবে চিহ্নিত করেছে। কৃত্রিম বুদ্ধিমত্তার বিস্তারও নতুন গ্র্যাজুয়েটদের প্রাথমিক পর্যায়ের চাকরিতে চাপ তৈরি করতে পারে।
এ অবস্থায় বিশ্ববিদ্যালয় ও শিল্পপ্রতিষ্ঠানের যৌথ উদ্যোগে কর্মক্ষেত্রভিত্তিক প্রশিক্ষণ, শিক্ষানবিশি এবং বাস্তব কাজের অভিজ্ঞতা অর্জনের সুযোগ চালু করা জরুরি। তথ্যপ্রযুক্তি, ডেটা অ্যানালিটিক্স, কৃত্রিম বুদ্ধিমত্তা, প্রকৌশল, অটোমেশন, স্বাস্থ্যসেবা, লজিস্টিকস এবং আধুনিক উৎপাদন ব্যবস্থায় দক্ষতা তৈরির ওপর গুরুত্ব দিতে হবে। তবে দক্ষতা উন্নয়ন তখনই কার্যকর হবে, যখন সেই দক্ষতা ব্যবহারের জন্য পর্যাপ্ত উৎপাদনশীল চাকরি তৈরি হবে।

রাষ্ট্রীয় কাঠামোর পরিবর্তন ও জনগণের অর্থনৈতিক অংশীদারিত্ব
এই বৃহৎ অর্থনৈতিক কর্মকাণ্ড বাস্তবায়নের জন্য সংবিধানের আমূল পরিবর্তন করে শ্রম, কর্ম ও পেশার জনগণের প্রতিনিধিত্বমূলক রাষ্ট্রীয় কাঠামো ও শাসনব্যবস্থা গড়ে তুলতে হবে। অর্থনৈতিক পরিকল্পনা ও রাষ্ট্রীয় সিদ্ধান্ত গ্রহণে শ্রমজীবী, কৃষক, পেশাজীবী, উৎপাদক, উদ্যোক্তা এবং কর্মসংস্থানপ্রত্যাশী তরুণদের কার্যকর অংশগ্রহণ নিশ্চিত করতে হবে।
শিল্পায়ন, বিনিয়োগ, কৃষি উন্নয়ন, শিক্ষা ও কর্মসংস্থানের পরিকল্পনা যদি জনগণের বাস্তব অভিজ্ঞতা ও প্রয়োজনের সঙ্গে যুক্ত না হয়, তাহলে এসব কর্মসূচির কার্যকারিতা সীমিত হওয়ার আশঙ্কা থাকে। তাই রাষ্ট্রীয় কাঠামোর পরিবর্তনের প্রশ্নটি শুধু রাজনৈতিক প্রতিনিধিত্বের বিষয় নয়; এটি অর্থনৈতিক পরিকল্পনা, সম্পদ বণ্টন এবং কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির সঙ্গেও সম্পর্কিত।

প্রয়োজন নতুন অর্থনৈতিক বন্দোবস্ত
বাংলাদেশের শিক্ষিত তরুণদের বেকারত্ব কেবল চাকরির সংকট নয়; এটি উৎপাদনশীল অর্থনীতি, শিল্পায়ন, বিনিয়োগ এবং রাষ্ট্রীয় পরিকল্পনার সংকট। এই সংকট মোকাবিলায় উপজেলা ও পৌর শিল্প এলাকা, কৃষিভিত্তিক শিল্প, প্রবাসী বিনিয়োগ, সামাজিক ব্যবসা, উপ-আঞ্চলিক অর্থনৈতিক সহযোগিতা এবং কর্মসংস্থানমুখী শিক্ষা ও দক্ষতা উন্নয়নের সমন্বিত কর্মসূচি প্রয়োজন।
ডিগ্রিধারী তরুণের সংখ্যা বাড়ছে। এখন তাঁদের জ্ঞান, দক্ষতা ও শ্রমকে উৎপাদনশীল অর্থনীতির সঙ্গে যুক্ত করাই বাংলাদেশের বড় পরীক্ষা। শুধু সরকার পরিবর্তন দিয়ে এই সংকটের সমাধান হবে না। প্রয়োজন উৎপাদন, বিনিয়োগ, কর্মসংস্থান ও জনগণের অংশীদারিত্বের ভিত্তিতে নতুন অর্থনৈতিক ও রাষ্ট্রীয় বন্দোবস্ত।

Back to top button