News

কারা পেট্রোল বোমা হামলা চালাতে পারে, জানালেন নুসরাত

ব্যক্তিগত শত্রুতার কারণে নয়, বরং রাজনৈতিক কারণেই কুষ্টিয়ায় নিজের গ্রামের বাড়িতে পেট্রোল বোমা হামলা করা হয়েছে বলে মনে করছেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেত্রী নুসরাত তাবাসসুম জ্যোতি।

এশিয়া পোস্টকে তিনি বলেন, এ ঘটনা কারা ঘটিয়েছে, সে বিষয়ে তিনি নিশ্চিত নন। তবে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ বা অন্য কোনো পক্ষ এ ঘটনায় জড়িত থাকতে পারে বলে তার ধারণা।

নুসরাত তাবাসসুম বলেন, বুধবার (১১ নভেম্বর) রাত পৌনে ১২টার দিকে তার গ্রামের বাড়ি কুষ্টিয়ার দৌলতপুরে দুর্বৃত্তরা পেট্রোল বোমা নিক্ষেপ করে। এতে তার বাবা-মাসহ পরিবারের সদস্যরা আহত হয়েছেন।

এনসিপির পক্ষ থেকে পাঠানো একটি ভিডিওতে দেখা যায়, নুসরাতের বাড়িতে আগুন জ্বলছে। এ সময় কয়েকজনকে চিৎকার করে কথা বলতে শোনা যায়।

এনসিপির মিডিয়া সম্পাদক ইয়াসির আরাফাত এশিয়া পোস্টকে জানান, তাদের ধারণা, নিষিদ্ধ আওয়ামী লীগের দুর্বৃত্তরা এ হামলা চালিয়েছে।

এর আগে নিজের গ্রামের বাড়িতে পেট্রোল বোমা হামলার কথা জানিয়ে ফেসবুকে একটি পোস্ট দেন নুসরাত তাবাসসুম। সেখানে তিনি লেখেন, ‘বাড়িতে পেট্রোল বোমা মেরেছে। কারা মেরেছে জানি না।’

হামলার ঘটনায় ক্ষোভ প্রকাশ করে তিনি আরও লেখেন, ‘এভাবে যদি কণ্ঠরোধ করা যাবে ভেবে থাকিস, তাহলে ভুল। আগুনের পথ পাড়ি দিয়ে নিজের কাজ করে যাব। ইনকিলাব জিন্দাবাদ।’

বৃহস্পতিবার রাত দেড়টার দিকে দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদুর রহমান এশিয়া পোস্টকে ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

তিনি বলেন, ‘এটি গরু রাখার স্টোরজাতীয় একটি ঘর। আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি। প্রতিবেশীরা আগুন নিভিয়ে ফেলেছেন। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে আসেন। ওই ঘরের মধ্যে গরু ছিল। সেগুলো নিরাপদে বের করে নেওয়া হয়েছে।’

source: Asia Post

Back to top button