News

এরদোয়ানের নৈশভোজে ডা. জুবাইদা ও প্রধানমন্ত্রী তারেক রহমান

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান ও তার স্ত্রী ফার্স্ট লেডি এমিনে এরদোয়ানের আমন্ত্রণে আয়োজিত নৈশভোজে অংশ নিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় তার সঙ্গে ছিলেন সহধর্মিণী ডা. জুবাইদা রহমান।

বুধবার (১১ নভেম্বর) স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ৬টায় তুরস্কের আন্তালিয়ায় জাতিসংঘের জলবায়ু পরিবর্তনবিষয়ক সম্মেলন কপ-৩১-এর গ্রিন জোনে এ নৈশভোজ অনুষ্ঠিত হয়।

সম্মেলনে অংশ নিতে আসা বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধান এবং তাদের সহধর্মিণীদের সম্মানে এ আয়োজন করেন তুরস্কের প্রেসিডেন্ট ও ফার্স্ট লেডি।

নৈশভোজে উপস্থিত বিশ্বনেতাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও কুশল বিনিময় করেন প্রধানমন্ত্রী তারেক রহমান ও তার স্ত্রী ডা. জুবাইদা রহমান।

এর আগে বুধবার সকালে কপ-৩১ সম্মেলনের বিভিন্ন কর্মসূচিতে যোগ দেন প্রধানমন্ত্রী। এ সময় তিনি বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধানের সঙ্গে সাক্ষাৎ করেন এবং তাদের সঙ্গে মতবিনিময় করেন।

জাতিসংঘের জলবায়ু পরিবর্তনবিষয়ক সম্মেলনে অংশ নিতে তিন দিনের সরকারি সফরে মঙ্গলবার (১০ নভেম্বর) তুরস্কের আন্তালিয়ায় পৌঁছান প্রধানমন্ত্রী তারেক রহমান। সফরসঙ্গী হিসেবে তার সঙ্গে রয়েছেন স্ত্রী ডা. জুবাইদা রহমান।

source: Asia Post

Back to top button