জুলাই বিপ্লবের নেতৃত্ব ও অংশীজনদের টার্গেট করছে পতিত ফ্যাসিস্ট শক্তি: নাহিদ ইসলাম

জুলাই বিপ্লবের নেতৃত্ব ও অংশীজনদের লক্ষ্য করে পতিত স্বৈরাচারী শক্তি বিভিন্ন কর্মকাণ্ড চালাচ্ছে বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও সংসদ সদস্য নাহিদ ইসলাম।
বুধবার রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি বলেন, জুলাই বিপ্লবের নেতৃত্ব ও অংশীজনদের টার্গেট করা হচ্ছে। একই সঙ্গে দেশের বিভিন্ন স্থানে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির অপচেষ্টা চলছে বলেও অভিযোগ করেন তিনি।
নাহিদ ইসলাম তার পোস্টে আরও বলেন, ফ্যাসিস্ট আওয়ামী লীগ এ দেশের কোনো রাজনৈতিক শক্তি নয়। দিল্লির আশ্রয়ে প্রশ্রয়ে ইবনে জুলফাইর বিরোধী শক্তি বাংলাদেশকে ক্ষতিগ্রস্ত করছে। দেশের ভিতরে নাশকতা করে সীমান্ত পার হয়ে ওপারে আশ্রয় নিচ্ছে বলেও মন্তব্য করেন তিনি।
তিনি আরও বলেন, সরকার ও প্রশাসন জনগণকে কোনো নিরাপত্তা দিতে পারছে না। এ অবস্থায় আর নীরব থাকার সুযোগ নেই। বাংলাদেশের বিরোধী শক্তির মোকাবিলা ঐক্যবদ্ধভাবে করা হবে এবং গণতান্ত্রিকভাবে এর জবাব দেওয়া হবে।
এদিকে, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ও এনসিপির সদস্যসচিব নুসরাত তাবাসসুমের গ্রামের বাড়িতে পেট্রোল বোমা হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় তার বাবা-মাসহ পরিবারের কয়েকজন সদস্য আহত হয়েছেন বলে জানিয়েছেন তিনি।
বুধবার (১১ নভেম্বর) রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে নুসরাত তাবাসসুম নিজেই এ তথ্য জানান। পোস্টে তিনি লেখেন, ‘বাড়িতে পেট্রোল বোমা মেরেছে। কারা মেরেছে জানি না।’
হামলার ঘটনায় ক্ষোভ প্রকাশ করে তিনি আরও লেখেন, ‘এভাবে যদি কণ্ঠরোধ করা যাবে ভেবে থাকিস, তাহলে ভুল। আগুনের পথ পাড়ি দিয়ে নিজের কাজ করে যাব। ইনকিলাব জিন্দাবাদ।’
এশিয়া পোস্টকে নুসরাত তাবাসসুম জানান, বুধবার রাত পৌনে ১২টার দিকে কুষ্টিয়ার দৌলতপুরে তার গ্রামের বাড়িতে দুর্বৃত্তরা পেট্রোল বোমা নিক্ষেপ করে। এতে তাঁর বাবা-মাসহ পরিবারের কয়েকজন সদস্য আহত হন।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) রাত দেড়টার দিকে দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদুর রহমান এশিয়া পোস্টকে ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
source: Asia Post







