News

ইসরায়েলিরা কোনোভাবেই মালদ্বীপে প্রবেশ করতে পারবে না: প্রেসিডেন্ট মুইজ্জু

ইসরায়েলি পাসপোর্টধারীদের জন্য মালদ্বীপে প্রবেশের ওপর নিঃশর্ত নিষেধাজ্ঞা আরোপের ঘোষণা দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজ্জু। ভবিষ্যতে পরিস্থিতি পরিবর্তন হলেও এ নিষেধাজ্ঞা বহাল থাকবে বলে জানিয়েছেন তিনি।

সোমবার প্রেসিডেন্টের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে মুইজ্জু বলেন, প্রস্তাবিত নতুন অভিবাসন আইনে ইসরায়েলি পাসপোর্টধারীদের মালদ্বীপে প্রবেশ সম্পূর্ণ নিষিদ্ধ করার বিধান রাখা হবে। এ নিষেধাজ্ঞার ক্ষেত্রে কোনো শর্ত বা ব্যতিক্রম থাকবে না।

তিনি জানান, এর আগে প্রস্তাবিত আইনে গাজায় ইসরায়েলের সামরিক অভিযান ও ফিলিস্তিনিদের বিরুদ্ধে গণহত্যা বন্ধ না হওয়া পর্যন্ত ইসরায়েলি নাগরিকদের প্রবেশ নিষিদ্ধ রাখার কথা বিবেচনা করা হয়েছিল। তবে নতুন প্রস্তাবে নিষেধাজ্ঞাটিকে স্থায়ী ও নিঃশর্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে।

মুইজ্জু বলেন, ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলের কর্মকাণ্ড গণহত্যার শামিল। এমন পরিস্থিতিতে ইসরায়েলি পাসপোর্টধারীদের মালদ্বীপে প্রবেশের সুযোগ দেওয়া গ্রহণযোগ্য নয়।

তিনি আরও বলেন, ফিলিস্তিনের স্বাধীনতার প্রশ্নে মালদ্বীপ সরকার বরাবরই সোচ্চার। আন্তর্জাতিক বিভিন্ন ফোরাম এবং আইনি প্রক্রিয়ায় দেশটি ধারাবাহিকভাবে ফিলিস্তিনিদের অধিকারের পক্ষে অবস্থান নিয়ে আসছে। প্রস্তাবিত অভিবাসন আইনও সরকারের এই অবস্থানের প্রতিফলন ঘটাবে।

এর আগে ২০২৫ সালের এপ্রিলে পার্লামেন্টে পাস হওয়া অভিবাসন আইনের সংশোধনীতে অনুমোদন দিয়ে ইসরায়েলি পাসপোর্টধারীদের মালদ্বীপে প্রবেশ নিষিদ্ধ করেন মুইজ্জু। সে সময় গাজায় ইসরায়েলের সামরিক অভিযানের প্রতিবাদ এবং ফিলিস্তিনিদের প্রতি সংহতি প্রকাশের অংশ হিসেবে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছিল।

নতুন প্রস্তাবের মাধ্যমে আগের নিষেধাজ্ঞার শর্ত তুলে দিয়ে তা নিঃশর্ত করার উদ্যোগ নেওয়া হচ্ছে। অর্থাৎ ভবিষ্যতে গাজার পরিস্থিতি বা ইসরায়েলের নীতিতে পরিবর্তন এলেও ইসরায়েলি পাসপোর্টধারীদের জন্য মালদ্বীপের প্রবেশ নিষেধাজ্ঞা বহাল রাখার পরিকল্পনা রয়েছে।

উল্লেখ্য, জাতিসংঘের প্রস্তাব অনুযায়ী, ১৯৬৭ সালের পূর্ববর্তী সীমান্তের ভিত্তিতে পূর্ব জেরুজালেমকে রাজধানী করে একটি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার পক্ষে দীর্ঘদিন ধরে সমর্থন জানিয়ে আসছে মালদ্বীপ।

source: Asia Post

Back to top button