নিউ ইয়র্কে গুলিতে নোয়াখালীর যুবক নিহত

যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক সিটির ব্রুকলিনে বন্দুকধারীর গুলিতে মো. রাজু নামে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও এক বাংলাদেশি আহত হয়েছেন।
স্থানীয় সময় শনিবার (২২ আগস্ট) রাত সাড়ে ১১টার দিকে রাউনসভিল এলাকার ‘আমেরিকান বেস্ট উইংস অ্যান্ড পিৎজা’ নামের একটি দোকানে এ ঘটনা ঘটে।
নিহত রাজু নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলার আমিশাপাড়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের কংশনগর গ্রামের বাসিন্দা।
প্রত্যক্ষদর্শী ও স্বজনদের বরাত দিয়ে জানা গেছে, শনিবার রাতে এক বন্দুকধারী ওই ফ্রাইড চিকেনের দোকানে ঢুকে গুলি চালায়। এ সময় দোকানে কর্মরত রাজুসহ দুই বাংলাদেশি গুলিবিদ্ধ হন। রাজুর বুকে এবং অপর বাংলাদেশির পায়ে গুলি লাগে। পরে গুরুতর আহত অবস্থায় দুজনকে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাজুর মৃত্যু হয়। আহত অপর বাংলাদেশি চিকিৎসা নেওয়ার পর সুস্থ রয়েছেন।
রাজুর মৃত্যুর খবর দেশে পৌঁছালে তার গ্রামের বাড়িতে শোকের ছায়া নেমে আসে। স্বজন ও স্থানীয় বাসিন্দাদের মধ্যে শোকের আবহ বিরাজ করছে।
নিহতের এক স্বজন বলেন, রাজু পরিবারের জন্য একমাত্র উপার্জনকারী ব্যক্তি ছিলেন। তার এমন আকস্মিক মৃত্যুতে পরিবারের সদস্যরা ভেঙে পড়েছেন। দ্রুত তার মরদেহ দেশে এনে পারিবারিকভাবে দাফনের ব্যবস্থা করার জন্য তারা সহযোগিতা চান।
স্থানীয় বাসিন্দারা আল ইমরান জানান, জীবিকার তাগিদে রাজু কয়েক বছর ধরে যুক্তরাষ্ট্রে ছিলেন। সেখানে কাজ করে পরিবারের জন্য অর্থ পাঠাতেন তিনি। হঠাৎ গুলিতে তার মৃত্যুর খবর স্বজনদের কাছে পৌঁছালে এলাকায় শোক নেমে আসে।
আমিশাপাড়া ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জাহাঙ্গীর আলম বলেন, ‘রাজুর মৃত্যুর বিষয়টি শুনেছি। তার মৃত্যুতে গ্রামের বাড়িতে শোকাবহ পরিস্থিতি বিরাজ করছে।’
তিনি আরও বলেন, নিহতের পরিবারের পক্ষ থেকে রাজুর মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনতে সরকারের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সহযোগিতা চেয়েছেন।
এদিকে নিউ ইয়র্কে বাংলাদেশি কমিউনিটির সদস্য মাহমুদুল হাসান ওরফে রুদ্র মাসুদ বলেন, এখানে সবার মধ্যে এ ঘটনায় উদ্বেগ তৈরি হয়েছে। কী কারণে ওই দোকানে বন্দুকধারী গুলি চালিয়েছে এবং হামলাকারীর পরিচয় কী, তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি। ঘটনার বিষয়ে স্থানীয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তদন্ত করছে বলে জানা গেছে।
তিনি আরও বলেন, নিউ ইয়র্কের পুলিশ যেকোনো ঘটনা উদঘাটনে সক্ষম। আশা করি শিগগিরই খুনিরা ধরা পড়বে।
source: Asia Post







