News

আজ থেকে টানা ৫ দিন বন্ধ ব্যাংক, চালু থাকবে যেসব সেবা

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আজ মঙ্গলবার (২০ অক্টোবর) থেকে টানা পাঁচ দিন বন্ধ থাকছে দেশের ব্যাংক ও শেয়ারবাজার। পূজার ছুটি এবং সাপ্তাহিক ছুটি মিলিয়ে এ বিরতি চলবে শনিবার (২৪ অক্টোবর) পর্যন্ত। আগামী রোববার (২৫ অক্টোবর) থেকে আবারও স্বাভাবিক কার্যক্রম শুরু হবে।

বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অনুযায়ী, ২০ থেকে ২২ অক্টোবর পর্যন্ত দুর্গাপূজা উপলক্ষে ব্যাংক বন্ধ থাকবে। এরপর ২৩ ও ২৪ অক্টোবর যথাক্রমে শুক্র ও শনিবারের সাপ্তাহিক ছুটি থাকায় টানা পাঁচ দিন ব্যাংকিং কার্যক্রম বন্ধ থাকবে। তবে এ সময়ে গ্রাহকদের সুবিধার্থে এটিএম বুথের মাধ্যমে নগদ টাকা উত্তোলনসহ নির্ধারিত সেবা চালু থাকবে।

ব্যাংক বন্ধ থাকায় দেশের দুই প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) এ সময়ে কোনো লেনদেন হবে না। ছুটি শেষে রোববার থেকে দুই বাজারে নিয়মিত লেনদেন শুরু হওয়ার কথা রয়েছে।

এদিকে, দুর্গাপূজার ছুটির মধ্যেও দেশের আমদানি-রপ্তানি কার্যক্রম সচল রাখতে বিশেষ ব্যবস্থা রাখা হয়েছে। সমুদ্র, স্থল ও বিমানবন্দর এলাকায় অবস্থিত ব্যাংকের শাখা ও বুথগুলোতে সীমিত পরিসরে ব্যাংকিং সেবা চালু থাকবে। এ কার্যক্রম পরিচালনায় স্থানীয় প্রশাসন, বন্দর কর্তৃপক্ষ ও কাস্টমসের সঙ্গে সমন্বয় করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট ব্যাংকগুলোকে নির্দেশনা দেওয়া হয়েছে।

source: Asia Post

আরো দেখুন
Close
Back to top button