News

এবার নেপালে আটকা বিমানের ফ্লাইট, দুর্ভোগে শতাধিক যাত্রী

ইতালির রোমের বিমানবন্দরের পর এবার যান্ত্রিক ত্রুটির কারণে নেপালের কাঠমান্ডুতে গ্রাউন্ডেড হয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট। এতে ১২৭ যাত্রী দীর্ঘ সময় ধরে দুর্ভোগে পড়েন।

বোর্ডিং পাস অনুযায়ী, বাংলাদেশ বিমানের বিজি-৩৭২ ফ্লাইটটি রোববার (১৬ আগস্ট) বিকেল ৪টায় কাঠমান্ডু থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে যাওয়ার কথা ছিল। এর জন্য বিকেল ৩টায় বোর্ডিং শুরু হওয়ার কথা ছিল।

তবে বিমানে যান্ত্রিক ত্রুটি দেখা দেওয়ায় ফ্লাইটটি গ্রাউন্ডেড হয়। এতে ফ্লাইটে থাকা ১২৭ যাত্রী দীর্ঘ সময় কাঠমান্ডু বিমানবন্দরে আটকে থাকেন। রাত ১০টা পর্যন্তও তারা সেখানে অবস্থান করছিলেন।

যাত্রীদের অভিযোগ, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের রক্ষণাবেক্ষণের ঘাটতির কারণেই একের পর এক উড়োজাহাজে যান্ত্রিক ত্রুটি দেখা দিচ্ছে। এর ফলে নির্ধারিত সময়ের ফ্লাইটও ঘণ্টার পর ঘণ্টা বিলম্বিত হচ্ছে এবং যাত্রীরা দুর্ভোগে পড়ছেন।

আরো পড়ুন

বিমান বাংলাদেশ এয়ারলাইন্স সূত্র জানায়, কাঠমান্ডুতে যান্ত্রিক ত্রুটির কারণে বিজি-৩৭২ ফ্লাইটটি গ্রাউন্ডেড হওয়ার পর আটকে পড়া যাত্রীদের দেশে ফিরিয়ে আনতে আরেকটি উড়োজাহাজ পাঠানো হয়। ওই উড়োজাহাজে করে যাত্রীদের ঢাকায় ফিরিয়ে আনার ব্যবস্থা করা হয়েছে।

রোববার মধ্যরাতে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের মহাব্যবস্থাপক (জনসংযোগ) মহিউদ্দিন খান এশিয়া পোস্টকে বলেন, কাঠমান্ডু থেকে ঢাকার উদ্দেশে বিজি-৩৭৪ ফ্লাইটটি ছেড়ে গেছে। ফ্লাইটটি স্থানীয় সময় বেলা ১১টা ১৫ মিনিটের দিকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর কথা রয়েছে।

এর আগে, গত ৭ আগস্ট রিফুয়েলিংয়ের জন্য রোমের দা ভিঞ্চি-ফিউমিচিনো বিমানবন্দরে অবতরণের পর যান্ত্রিক ত্রুটিতে পড়ে বিমান বাংলাদেশের টরন্টো-ঢাকাগামী বিজি-৩০৬ ফ্লাইট। এতে প্রায় আড়াই শতাধিক যাত্রী ভোগান্তিতে পড়েন। তাদের দেশে ফিরিয়ে আনতে আরেকটি উড়োজাহাজ পাঠানো হলেও আটকে পড়া যাত্রীরা দুই দিন পর, ৯ আগস্ট ঢাকায় পৌঁছান।

source: Asia Post

Back to top button