News

যাত্রাবাড়ী ও দারুস সালামে ককটেল বিস্ফোরণ

রাজধানীর বিভিন্ন স্থানের পর এবার যাত্রাবাড়ী মালঞ্চ কমিউনিটি সেন্টারের সামনে এবং দারুস সালাম জোনের সহকারী পুলিশ কমিশনারের (ট্রাফিক) অফিসের সামনে ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে দুর্বৃত্তরা।

দুটি ঘটনাই রোববার (৮ নভেম্বর) রাত দশটা থেকে এগারোটার মধ্যে ঘটেছে বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, যাত্রাবাড়ী মালঞ্চ কমিউনিটি সেন্টারের সামনে এদিন রাত ১০টার দিকে হঠাৎ একটি ককটেল বিস্ফোরণ হয়। ককটেলের বিকট শব্দে আশপাশে থাকা মানুষ আতঙ্কিত হয়ে পড়ে।

এ ছাড়া এদিন রাতে দারুস সালাম ট্রাফিক জোন অফিসের সামনে হঠাৎ বিকট শব্দে একটি ককটেল বিস্ফোরিত হয়। তবে পৃথক দুই ককটেল বিস্ফোরণের ঘটনায় এখনো কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

একই সময় রাজধানীর খিলক্ষেত ও উত্তরা পূর্ব থানার সামনে ককটেল বিস্ফোরণ ঘটায় দুর্বৃত্তরা। এ ঘটনায়ও এখনো হতাহতের তথ্য পাওয়া যায়নি।

এর আগে রাজধানীর পান্থপথে ককটেল বিস্ফোরণ ঘটায় দুর্বৃত্তরা। এ এলাকায় দুর্বৃত্তরা ককটেল নিক্ষেপ করলে বিকট শব্দে বিস্ফোরিত হয় সেটি। আর সন্ধ্যা ৬টা থেকে এক ঘণ্টার ব্যবধানে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় অন্তত ৫টি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে ৩ জনকে আটক করেছে পুলিশ।

তবে পৃথক এসব ঘটনায় কেউ হতাহত হওয়ার খবর পাওয়া যায়নি।

source: Asia Post

Back to top button