News

এবার কক্সবাজার থেকে বাইসাইকেল চালিয়ে নেপাল যাচ্ছেন বীর কুমার

বাংলাদেশের লাল-সবুজ পতাকাকে বিশ্বমঞ্চে উড্ডীন করার অদম্য স্বপ্ন নিয়ে এবার বাইসাইকেল চেপে নেপাল যাত্রার প্রস্তুতি নিচ্ছেন কাপ্তাইয়ের সাইক্লিস্ট বীর কুমার তনচংগ্যা।

এবারের অভিযানের নাম দেওয়া হয়েছে ‘সি টু হিমালয়াস’। আগামী ১৪ আগস্ট কক্সবাজার সমুদ্র সৈকত থেকে হিমালয়ের দেশের উদ্দেশ্যে তার এই রোমাঞ্চকর যাত্রা শুরু হবে।

৯০ দিনের সার্ক স্টিকার ভিসা হাতে পাওয়া বীর কুমার কক্সবাজারের শূন্য উচ্চতা থেকে শুরু করে স্থলপথে নেপাল পৌঁছাবেন। সেখানে তিনি বিশ্বের অন্যতম দুর্গম ও কঠিন চারটি ট্রেকিং ট্রেইল মানাসলু সার্কিট, অন্নপূর্ণা সার্কিট, অন্নপূর্ণা বেস ক্যাম্প (এবিসি) এবং এভারেস্ট বেস ক্যাম্প (ইবিসি) সাইকেল নিয়ে অতিক্রম করার অনন্য লক্ষ্য নির্ধারণ করেছেন। পুরো অভিযানের প্রতিটি ধাপে তিনি বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন।

সাধারণত বাংলাদেশি অভিযাত্রীরা বিমানে নেপাল গিয়ে সেখান থেকে সাইক্লিং শুরু করেন। তবে বীর কুমার গড়তে চান ব্যতিক্রমী এক রেকর্ড।

নিজের পরিকল্পনা জানিয়ে তিনি বলেন, ‘কক্সবাজার সমুদ্র সৈকত থেকে যাত্রা শুরু করে ঢাকা হয়ে পঞ্চগড়ের বাংলাবান্ধা দিয়ে ভারতে প্রবেশ করব। এরপর পশ্চিমবঙ্গের শিলিগুড়ি হয়ে নেপাল সীমান্তে পৌঁছাব। বাংলাদেশের কোনো সাইক্লিস্টের আগে সম্পূর্ণ স্থলপথে গিয়ে এই ধরনের অভিযান সম্পন্ন করার নজির নেই।’

রাঙামাটির কাপ্তাই উপজেলার ওয়াগ্‌গা ইউনিয়নের বাসিন্দা বীর কুমার সাইক্লিংয়ের জগতে নতুন নন। ২০২৩ সালের ডিসেম্বরে সাইকেলে ভারতের ১০টি রাজ্য ভ্রমণের উদ্দেশ্যে বের হয়ে ৭১ দিনে ৫,৭০০ কিলোমিটার পথ অতিক্রম করেন তিনি।

এছাড়া টেকনাফ থেকে তেঁতুলিয়া ক্রস-কান্ট্রি রুটসহ দেশের ৬৪টি জেলা ও প্রায় ৫৯০টি উপজেলা সাইকেলে পরিভ্রমণ করেছেন তিনি।

কেবল প্যাডেল ঘোরানোই নয়, সামাজিক কর্মকাণ্ডেও বীর কুমার অনন্য। তিনি ‘কাপ্তাই ব্লাড ব্যাংক’ ও ‘ওয়াগ্‌গা ভলান্টিয়ার’-এর প্রতিষ্ঠাতা। স্বেচ্ছায় রক্তদান, আর্তমানবতার সেবা এবং জলবায়ু পরিবর্তন নিয়ে জনসচেতনতা তৈরিতে দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছেন তিনি।

source: Asia Post

Back to top button