দেশে-বিদেশে পালিয়েও রক্ষা হলো না আল আমিনের

যৌতুকের দাবিতে স্ত্রী বিউটি বেগমকে কেরোসিন ঢেলে পুড়িয়ে হত্যার মামলায় যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত আসামি মো. আল আমিন সরদার (৩৯) দেশে-বিদেশে ১৪ বছর পালিয়ে ছিলেন। অবশেষে রাজধানীর ভাটারা থেকে তাকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-৩।
রোববার (১১ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে রাজধানীর ভাটারা থানা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
এ বিষয়ে রোববার দিবাগত মধ্যরাতে এসআরবি-৩-এর অতিরিক্ত পুলিশ সুপার ও ইন্টেলিজেন্স অ্যান্ড মিডিয়া অফিসার মো. মেহেদী ইমরান সিদ্দিকী বলেন, খুলনার ডুমুরিয়া থানার উত্তর বেথাগ্রাম এলাকার আল আমিনের সঙ্গে ২০০৭ সালে পারিবারিকভাবে বিয়ে হয় একই এলাকার বিউটি বেগমের। বিয়ের কিছুদিন পর থেকেই যৌতুকের দাবিতে স্ত্রীকে চাপ প্রয়োগ ও শারীরিক নির্যাতন করতে থাকেন আল আমিন।
২০১১ সালের মে মাসে যৌতুকের টাকার জন্য বিউটির শরীরে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেন আল আমিন। পরে দগ্ধ বিউটি মারা যান। মৃত্যুর সময় বিউটির তিন বছর ছয় মাস বয়সী একটি মেয়ে সন্তান ছিল। বর্তমানে শিশুটি তার নানির কাছে রয়েছে বলে জানিয়েছে এসআরবি।
এ ঘটনায় বিউটির মা ফুলমতি বেগম বাদী হয়ে খুলনার সোনাডাঙ্গা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে ২০২৫ সালের ৩ আগস্ট আদালত আল আমিনকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দেন।
এস আরবি কর্মকর্তা ইমরান সিদ্দিকী বলেন, মামলা হওয়ার পর থেকে আল আমিন দেশের বিভিন্ন স্থানে এবং পার্শ্ববর্তী দেশ ভারতে ছদ্মবেশে আত্মগোপনে ছিলেন। এ সময় তিনি নিজের নাম ও বেশভূষা পরিবর্তন করে চলাফেরা করতেন।
তিনি আরও বলেন, সোনাডাঙ্গা থানার অভিযানের ভিত্তিতে আসামির অবস্থান শনাক্তে ছায়া তদন্ত শুরু করা হয়। একপর্যায়ে তার অবস্থান নিশ্চিত হয়ে ভাটারা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার আল আমিনের বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানান ইমরান সিদ্দিকী।
source: Asia Post







