দলীয়রাজনীতি
ট্রেন্ডিং

মুক্তিযুদ্ধের বিরোধিতা দেশপ্রেমের নিদর্শন নয়

বাংলাদেশ জামায়াতে ইসলামিকে পরীক্ষিত দেশপ্রেমিক শক্তি আখ্যায়িত করার প্রতিবাদ জানিয়ে জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডি সভাপতি আ স ম আবদুর রব বলেছেন, মুক্তিযুদ্ধের বিরোধিতা করে নিজ দেশের নাগরিকদের হত্যার সাথে জড়িত থাকা দেশপ্রেমের পরিচয় নয়।

শুক্রবার (৩ জানুয়ারি) দলটির দপ্তর সম্পাদক কামরুল আহসান অপু স্বাক্ষরিত এক বিবৃতিতে এ কথা বলেন তিনি।

আ স ম আবদুর রব বলেন, ১৯৭১ সালের স্বাধীনতা যুদ্ধের বিপক্ষে এবং মানবতাবিরোধী অবস্থান নিয়েও স্বাধীন বাংলাদেশে জামায়াতে ইসলামিকে দেশপ্রেমিক শক্তি হিসেবে আখ্যায়িত করা ইতিহাসের নির্মম রসিকতা ছাড়া কিছুই নয়। এসব বক্তব্য মুক্তিকামী মানুষের জন্য অসম্মানজনক।

গত বছরের ডিসেম্বরে রংপুরে এক জনসভায় জামায়াত আমির ডা. শফিকুর রহমান বলেছিলেন, দেশে পরীক্ষিত দুটি দেশপ্রেমিক শক্তি আছে– একটি সেনাবাহিনী, আরেকটি জামায়াতে ইসলামি। আওয়ামী লীগ সরকার এ দুই শক্তিরই ক্ষতিসাধন করেছে। আগেই সেনাবাহিনীর ক্ষতিসাধন করেছে। পরে জামায়াতকে তছনছ করে দিতে উঠে পড়ে লাগে।

আরো পড়ুন

জেএসডি সভাপতি আ স ম আব্দুর রব বলেন, অন্যদের বীরত্ব লড়াই সংগ্রামকে অস্বীকার করে নিজেদের শ্রেষ্ঠত্ব ঘোষণা করার রাজনীতি গত ১৫ বছর জাতি দেখেছে। এক জাতি এক নেতা এক দেশ— অপ্রতিরোধ্য করার পরিণতিও আমরা দেখেছি।

এবারে ছাত্র-জনতার অভ্যুত্থানের মাধ্যমে যে নজিরবিহীন পরিবর্তন ঘটেছে, তাকে আত্মসাৎ করার প্রবণতা থেকে সকল পক্ষকেই সতর্ক থাকতে হবে বলেও মন্তব্য করেন তিনি।

Back to top button