কপ-৩১ সামনে রেখে প্রতিবন্ধীদের জলবায়ু সুরক্ষায় সাত দফা দাবি

জলবায়ু পরিবর্তনজনিত দুর্যোগে প্রতিবন্ধী ব্যক্তিদের সুরক্ষা ও অধিকার নিশ্চিত করতে সাত দফা সুপারিশ তুলে ধরেছে প্রতিবন্ধিতা অন্তর্ভুক্তিমূলক দুর্যোগ ঝুঁকি হ্রাস ও জলবায়ু পরিবর্তন অভিযোজন বিষয়ক জাতীয় প্ল্যাটফর্ম।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব ডিজাস্টার ম্যানেজমেন্ট অ্যান্ড ভালনারেবিলিটি স্টাডিজের সম্মেলনকক্ষে আয়োজিত এক মতবিনিময় সভায় এ সুপারিশমালা প্রকাশ করা হয়।
সুপারিশে আন্তর্জাতিক জলবায়ু তহবিলে প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য সুনির্দিষ্ট বরাদ্দ, শতভাগ প্রবেশগম্য আশ্রয়কেন্দ্র, অন্তর্ভুক্তিমূলক আগাম সতর্কবার্তা এবং নীতিনির্ধারণী পর্যায়ে তাদের প্রতিনিধিত্ব নিশ্চিত করার দাবি জানানো হয়।
এ ছাড়া দুর্যোগ-পরবর্তী চিকিৎসা ও পুনর্বাসন সেবা, সহায়ক প্রযুক্তি সরবরাহ, প্রতিবন্ধী নারীদের জন্য বিশেষ কর্মসূচি এবং জলবায়ু ঝুঁকিসংক্রান্ত প্রতিবন্ধিতা-বিভাজিত তথ্য সংগ্রহের সুপারিশ করা হয়।
সভায় বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনজনিত দুর্যোগে প্রতিবন্ধী ব্যক্তিরা তুলনামূলক বেশি ঝুঁকিতে থাকলেও প্রচলিত উদ্ধার ও আশ্রয় ব্যবস্থায় তাদের প্রয়োজন যথাযথভাবে বিবেচিত হয় না। তাই জলবায়ু অভিযোজন পরিকল্পনায় তাঁদের কার্যকর অংশগ্রহণ নিশ্চিত করা জরুরি।
অনুষ্ঠানে মূল নীতি-প্রস্তাবনা উপস্থাপন করেন অধ্যাপক ড. মাহবুবা নাসরীন ও প্রতিবন্ধী ব্যক্তিদের প্রতিনিধি মো. জাহিদুল ইসলাম। এতে সিডিডির সমন্বয়ক সুবীর কুমার সাহাসহ সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিরা বক্তব্য দেন।
আগামী ৯ থেকে ২০ নভেম্বর তুরস্কের আন্তালিয়ায় অনুষ্ঠেয় কপ-৩১ সম্মেলনে বাংলাদেশের পক্ষ থেকে প্রতিবন্ধী ব্যক্তিদের জলবায়ু সুরক্ষা ও অধিকার প্রতিষ্ঠার বিষয়টি গুরুত্বের সঙ্গে তুলে ধরার আহ্বান জানান বক্তারা।
source: Asia Post







