সাপ্তাহিক ছুটিতে বাড়ি ফেরার পথে বাসচাপায় প্রাণ গেল যুবকের

চট্টগ্রাম নগরী থেকে সাপ্তাহিক ছুটিতে পরিবারের কাছে বাড়ি ফেরার পথে বাসচাপায় মো. রাসেল নামে এক যুবক নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (৬ আগস্ট) রাত আনুমানিক পৌনে ১০টার দিকে রাঙ্গুনিয়া উপজেলার চন্দ্রঘোনা-কাটাখালী মুখ তক্তার পোল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত মো. রাসেল রাঙ্গুনিয়া উপজেলার রাইখালী রিফিউজি পাড়ার বাসিন্দা। তিনি চট্টগ্রাম নগরীর একটি বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত ছিলেন।
শুক্রবার অফিস বন্ধ থাকায় মা-বাবা ও পরিবারের সদস্যদের সঙ্গে সময় কাটাতে মোটরসাইকেলে বাড়ির উদ্দেশ্যে রওনা হন তিনি।
স্থানীয় সূত্রে জানা গেছে, বাড়ি ফেরার পথে চন্দ্রঘোনা-কাটাখালী মুখ এলাকায় বেপরোয়া গতির একটি লাল-সবুজ পরিবহনের বাস তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
রাঙ্গুনিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জহির উদ্দিন জানান, দুর্ঘটনার বিষয়টি পুলিশ পর্যবেক্ষণ করেছে। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।
source: Asia Post







