ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চালু হচ্ছে ‘অটো ফাইন সিস্টেম’

মহাসড়কে ট্রাফিক আইন অমান্যকারী যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে প্রযুক্তিনির্ভর ‘অটো ফাইন সিস্টেম’ চালু করতে যাচ্ছে হাইওয়ে পুলিশ। আগামী ১৮ আগস্ট থেকে পরীক্ষামূলকভাবে এ ব্যবস্থা কার্যকর হবে।
শনিবার (১৫ আগস্ট) সন্ধ্যায় হাইওয়ে পুলিশ সদরদপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সড়ক নিরাপত্তা নিশ্চিতকরণ, মহাসড়কে ট্রাফিক শৃঙ্খলা জোরদার এবং ট্রাফিক আইন অমান্যকারী যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অটো ফাইন সিস্টেম চালু করা হচ্ছে।
নতুন এ ব্যবস্থার আওতায় নির্ধারিত গতিসীমা অতিক্রম (ওভারস্পিড), অবৈধ পার্কিং, উল্টোপথে যানবাহন চালানোসহ বিভিন্ন ট্রাফিক আইন লঙ্ঘনের ঘটনায় প্রচলিত আইনে ব্যবস্থা নেওয়া হবে। আধুনিক প্রযুক্তিনির্ভর এআই ক্যামেরার মাধ্যমে আইন অমান্যকারী যানবাহন শনাক্ত করা হবে।
হাইওয়ে পুলিশ জানায়, এআই ক্যামেরায় শনাক্ত হওয়ার পর সংশ্লিষ্ট যানবাহনের নিবন্ধিত মালিকের মোবাইল ফোনে এসএমএসের মাধ্যমে মামলার তথ্য পাঠানো হবে। মামলার তথ্য পাওয়ার পর আইন অমান্যকারী যানবাহনের মালিক নির্ধারিত পদ্ধতিতে মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস—বিকাশ, নগদসহ বিভিন্ন মাধ্যমে জরিমানার টাকা পরিশোধ করতে পারবেন।
প্রযুক্তিনির্ভর এ ব্যবস্থার মাধ্যমে মহাসড়কে সংঘটিত বিভিন্ন ট্রাফিক আইন লঙ্ঘনের ঘটনা দ্রুত শনাক্ত, প্রয়োজনীয় তথ্য সংরক্ষণ এবং বিধি অনুযায়ী জরিমানা আদায়ের কার্যক্রম আরও দ্রুত, স্বচ্ছ, নির্ভুল ও কার্যকর করা সম্ভব হবে বলে মনে করছে হাইওয়ে পুলিশ।
পুলিশের ধারণা, অটো ফাইন সিস্টেম চালুর ফলে মহাসড়কে ট্রাফিক আইন প্রতিপালনে জনসচেতনতা বাড়বে, যান চলাচলে শৃঙ্খলা প্রতিষ্ঠিত হবে এবং সড়ক দুর্ঘটনা কমাতে কার্যকর ভূমিকা রাখা সম্ভব হবে।
এ উদ্যোগ সফলভাবে বাস্তবায়নে যাত্রীসাধারণ, পরিবহন মালিক-শ্রমিক ও সংশ্লিষ্ট সব পক্ষের আন্তরিক সহযোগিতা কামনা করেছে হাইওয়ে পুলিশ।
source: Asia Post







