হরমুজে ট্যাংকারে হামলা, বাহরাইনে মার্কিন রাডার লক্ষ্য করে ইরানের ড্রোন

মধ্যপ্রাচ্যে ইরান ও যুক্তরাষ্ট্রের সংঘাত নতুন করে বিস্তারের আশঙ্কা তৈরি হয়েছে। কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালিতে একাধিক তেলবাহী ট্যাংকারে হামলা ও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। একই সময়ে বাহরাইনে মার্কিন সামরিক ঘাঁটির রাডার ব্যবস্থা লক্ষ্য করে ড্রোন হামলা চালিয়েছে ইরান। এসব ঘটনায় মধ্যপ্রাচ্যের জ্বালানি সরবরাহ ও আঞ্চলিক নিরাপত্তা নিয়ে উদ্বেগ আরও বেড়েছে।
মঙ্গলবার (১৭ নভেম্বর) আল-জাজিরা ও রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোরের (আইআরজিসি) নৌবাহিনী হরমুজে নৌ মাইনের আঘাতে ট্যাংকারে আগুন লাগার তথ্য জানিয়েছে। অন্যদিকে যুক্তরাজ্যের সামুদ্রিক নিরাপত্তা সংস্থা ইউকে মেরিটাইম ট্রেড অপারেশনস (ইউকেএমটিও) ট্যাংকারে হামলার খবর দিয়েছে।
আইআরজিসির নৌবাহিনীর দাবি, সোমবার হরমুজ প্রণালির দক্ষিণ অংশ দিয়ে চলাচলের সময় দুটি তেলবাহী ট্যাংকার নৌমাইনে আঘাত পেয়ে আগুন ধরে যায়। তেহরানের নির্ধারিত চলাচলের পথ ব্যবহার না করায় জাহাজ দুটি এ পরিস্থিতির মুখে পড়ে বলে দাবি করেছে ইরান।
দেশটির নিয়মিত নৌবাহিনীও জানিয়েছে, প্রণালির পূর্বাঞ্চলের একটি সীমাবদ্ধ এলাকায় আরেকটি ট্যাংকার মাইনে আঘাত পেয়ে আগুন ধরে অচল হয়ে পড়ে। তবে ইরানের এসব দাবি স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি। জাহাজগুলোর পরিচয়ও প্রকাশ করেনি তেহরান।
অন্যদিকে ইউকেএমটিও সোমবার হরমুজ প্রণালিতে দুটি ট্যাংকারে হামলার খবর জানিয়েছে। এর মধ্যে ওমানের খাসাব উপকূল থেকে প্রায় ১৩ কিলোমিটার উত্তরে একটি ট্যাংকার হামলার শিকার হয়। এতে জাহাজটির ইঞ্জিনকক্ষে আগুন ধরে যায়। আরেকটি জাহাজেও অজ্ঞাত বস্তু আঘাত হানলে আগুন লাগে। এসব ঘটনায় তাৎক্ষণিকভাবে হতাহতের খবর পাওয়া যায়নি।
এদিকে মঙ্গলবার বাহরাইনের শেখ ইসা সামরিক ঘাঁটিতে যুক্তরাষ্ট্রের রাডার ব্যবস্থা লক্ষ্য করে ইরানি ড্রোন হামলার ঘটনা ঘটে। বাহরাইন জানিয়েছে, তাদের প্রতিরক্ষাব্যবস্থা ড্রোনটি প্রতিহত করেছে। এতে হতাহত বা ক্ষয়ক্ষতি হয়নি।
হামলার মধ্যেই ওমান ও কাতারের মধ্যস্থতায় সংঘাত নিরসনের কূটনৈতিক প্রচেষ্টা চলছে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি ওমানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সামুদ্রিক নিরাপত্তা ও সংলাপ পুনরায় শুরুর বিষয়ে আলোচনা করেছেন। দোহায় কাতার ও ইরানের কর্মকর্তাদের বৈঠকেরও কথা রয়েছে।
হরমুজ প্রণালি দিয়ে যুদ্ধের আগে বিশ্বের মোট তেল ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের (এলএনজি) প্রায় এক-পঞ্চমাংশ পরিবাহিত হতো। সংঘাতের কারণে এই নৌপথে চলাচল প্রায় বন্ধ হয়ে যাওয়ায় আন্তর্জাতিক জ্বালানি বাজারেও চাপ তৈরি হয়েছে। রয়টার্সের তথ্য অনুযায়ী, মঙ্গলবার আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ৯২ ডলার ছাড়িয়েছে।
জাতিসংঘের আন্তর্জাতিক সামুদ্রিক সংস্থার হিসাবে, মার্চ থেকে ১১ নভেম্বর পর্যন্ত হরমুজ প্রণালি ও বৃহত্তর মধ্যপ্রাচ্যে জাহাজ চলাচল ঘিরে ১৩৬টি নিরাপত্তা-সংক্রান্ত ঘটনা ঘটেছে। নতুন হামলাগুলো সেই ঝুঁকি আরও বাড়িয়ে দিয়েছে।
source: Rajneete







