রোহিঙ্গা ক্যাম্পে ঘর থেকে তুলে নিয়ে মারধর, আরএসও সদস্য নিহত

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা আশ্রয়শিবিরে ঘর থেকে তুলে নিয়ে মারধরের ঘটনায় মো. আয়াছ (২২) নামে রোহিঙ্গা সলিডারিটি অর্গানাইজেশনের (আরএসও) এক সদস্য নিহত হয়েছেন। এ ঘটনায় ছৈয়দ মোহাম্মদ (২৪) নামে সংগঠনটির আরেক সদস্য গুরুতর আহত হয়েছেন।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) রাত ১২টার দিকে উখিয়ার ১৫ নম্বর রোহিঙ্গা আশ্রয়শিবিরে এ ঘটনা ঘটে। আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মির (আরসা) সদস্যরা এ ঘটনা ঘটিয়েছেন বলে অভিযোগ উঠেছে।
নিহত আয়াছ ওই আশ্রয়শিবিরের বাসিন্দা করিম উল্লাহর ছেলে। আহত ছৈয়দ মোহাম্মদ একই ক্যাম্পের ফকির আহমেদের ছেলে।
এপিবিএন সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার দিবাগত রাত ১২টার দিকে আরএসও সদস্য আয়াছ ও ছৈয়দ মোহাম্মদকে আরসার সদস্যরা আটক করে নিজেদের হেফাজতে নিয়ে মারধর করেন। এতে ঘটনাস্থলেই আয়াছের মৃত্যু হয়। গুরুতর আহত ছৈয়দ মোহাম্মদকে পরে এমএসএফ হাসপাতালে ভর্তি করা হয়।
৮ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) ভারপ্রাপ্ত অধিনায়ক মোহাম্মদ রিয়াজ উদ্দিন আহমেদ বলেন, প্রাথমিকভাবে এ ঘটনায় আরসার সদস্য মো. সলিম, নজিম উল্লাহ, ফয়সাল, আকরাম ও হানিফসহ কয়েকজনের জড়িত থাকার তথ্য পাওয়া গেছে। নিহত আয়াছের মরদেহ উদ্ধার করে উখিয়া থানা-পুলিশের মাধ্যমে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
source: Asia Post







