মরিয়মের মরদেহ বাড়ি নিতে ধার করতে হলো ১৭ হাজার টাকা

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রী মরিয়ম খাতুনের মরদেহ অ্যাম্বুলেন্সে করে সাতক্ষীরায় নেওয়া হচ্ছে।
মরিয়মের মরদেহ শেষবারের মতো বাড়িতে নিতে গিয়েও আর্থিক সংকটে পড়েছে তার পরিবার। অ্যাম্বুলেন্সের ভাড়া জোগাড় করতে ১৭ হাজার টাকা ধার করতে হয়েছে স্বজনদের।
সোমবার (২১ সেপ্টেম্বর) দুপুরে মরিয়মের ফুফা সিকান্দার এশিয়া পোস্টকে তথ্যটি জানিয়েছেন। পরিবারের অভিযোগ, এমন কঠিন পরিস্থিতিতেও এমপির পরিবারের পক্ষ থেকে কেউ তাদের খোঁজ নেননি।
একদিকে স্বজন হারানোর শোক, অন্যদিকে মরদেহ বাড়িতে নেওয়ার খরচ জোগাড়ের দুশ্চিন্তা সব মিলিয়ে শোকাহত পরিবারটির ওপর নেমে এসেছে এক কঠিন বাস্তবতা।
এদিকে দ্বিতীয় স্ত্রীকে আত্মহত্যায় প্ররোচনার মামলায় সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম ও তার প্রথম স্ত্রী মাকছুদা ইসলামের ৭ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেছে পুলিশ।
শেরেবাংলা নগর থানার উপপরিদর্শক (এসআই) ও মামলার তদন্ত কর্মকর্তা শামসুদ্দোহা সরকার আদালতে এ রিমান্ড আবেদন করেন।
এর আগে, রোববার রাতে রাজধানীর শেরেবাংলা নগর থানাধীন ন্যাম ভবনের ৫ নম্বর বিল্ডিংয়ের তৃতীয়তলায় ২০৩ নম্বর ফ্ল্যাট থেকে মরিয়মের মরদেহ উদ্ধার করা হয়।
খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে। তখন বাসায় থাকা নজরুল ও তার প্রথম স্ত্রীকে থানায় নিয়ে যায় পুলিশ। একই সময়ে নিহত মরিয়মের বাবাও উপস্থিত ছিলেন। তিনি মামলা করার পর এমপি ও তার প্রথম স্ত্রীকে গ্রেপ্তার দেখায় পুলিশ।
source: Asia Post






